সত্যিই বাবা হচ্ছেন মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণমাধ্যমে জোর গুঞ্জন ছিল—বাবা হচ্ছেন লিওনেল মেসি! তবে মেসি এ নিয়ে এত দিন নীরব ছিলেন। গুঞ্জনটা সত্যি নাকি মিথ্যা, এ নিয়েও কথা বলেননি তিনি। অবশেষে মুখ খুললেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। স্বীকার করে নিলেন, গুঞ্জনটা মিথ্যা নয়। সত্যিই বাবা হতে চলেছেন তিনি।গোল ডটকমে প্রকাশিত খবরে বলা হয়েছে, কেবল বাবা হওয়ার খবর প্রকাশ নয়, সন্তান ছেলে নাকি মেয়ে হবে, সেটাও প্রকাশ করেছেন ২৪ বছর বয়সী মেসি।ওলে সাময়িকীকে দেওয়া এক সাক্ষাত্কারে মেসি বলেছেন, ‘আমার মনে হয়, সন্তানটা ছেলে হবে। এ নিয়ে আমরা কথা বলতে চাইনি। কারণ আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই কথা বলিনি আমরা। কিন্তু বারবার আমাদের এ নিয়ে প্রশ্ন করা হয়েছে। আর এ কারণেই নিজেদের আনন্দটা সবার সঙ্গে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’২০০৯ সাল থেকে একসঙ্গে আছেন মেসি ও তাঁর বান্ধবী আন্তনেলা রোকুজ্জো। একবার খবর ছড়িয়েছিল, ভ্যালেন্সিয়ার কাছে ইবিজা দ্বীপে গোপনে বিয়েটা সেরে ফেলেছেন। পরে দুই পরিবারই সেটা উড়িয়ে দিয়েছিল। গত এপ্রিলের মাঝামাঝিতে আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যম খবর প্রকাশ করে, মেসির দীর্ঘদিনের বান্ধবী রোকুজ্জো অন্তঃসত্ত্বা। খবরটি ছড়ায় মেসি-রোকুজ্জোর শহর রোজারিও থেকেই। একটি রেডিও স্টেশন থেকে প্রথম খবরটা শোনা যায়। বিভিন্ন গণমাধ্যম পরে খবরটি নিশ্চিত করে। মেসি বা রোকুজ্জো কেউ অবশ্য তখন মুখ খোলেননি। তবে দুজনের পরিবারের কাছে ইঙ্গিত পেয়েই নাকি নিশ্চিত হয় সংবাদমাধ্যম। এর আগে বাবা হওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন মেসি নিজেই। অনেকে তাই দুইয়ে-দুইয়ে চার মিলিয়ে নেয়। শেষ পর্যন্ত সত্যি হলো খবরটা। ক্রিস্টিয়ানো রোনালদোর মতো ফুটবলের ‘ফাদার্স ক্লাবের’ সদস্য হচ্ছেন মেসিও।