সত্যিই মৃত্যুকূপ!
ম্যানচেস্টার সিটি ২: ২ আয়াক্সরিয়াল মাদ্রিদ ২: ২ বরুসিয়া ডর্টমুন্ড‘ডি’ ফর ডেথ! কাকতালীয়ই বলতে পারেন, এবারের ‘ডি’ গ্রুপটা হয়ে গেছে ‘গ্রুপ অব ডেথ’। স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি, জার্মান চ্যাম্পিয়ন বরুসিয়া ডর্টমুন্ড আর ডাচ চ্যাম্পিয়ন আয়াক্স—সবাই এক গ্রুপে! এটা এমনই মৃত্যুকূপ হয়ে উঠেছে যে ৮ পয়েন্ট নিয়েও দ্বিতীয় রাউন্ড নিশ্চিত বলতে পারছে না ডর্টমুন্ড, ২ পয়েন্ট নিয়েও এখনো ছিটকে যায়নি সিটি!তবে এসব কাগুজে হিসাব। নিজেদের মাঠে পরশু আয়াক্সের সঙ্গে ড্র করে সিটি টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকেই গেছে। তাদের সঙ্গী কে হবে, সেটি অবশ্য নিশ্চিত নয়। নিজেদের মাঠে ২-২ ড্র করেছে রিয়াল মাদ্রিদও। সিটির সঙ্গে তাদের মিল—পিছিয়ে থেকে ড্র করেছে। অমিল—এই ১ পয়েন্ট রিয়ালকে অনেকটাই এগিয়ে দিল দ্বিতীয় রাউন্ডের পথে। যদিও রিয়ালের খেলা মনে ধরেনি সমর্থকদের। প্রথমার্ধে তো ন্যু ক্যাম্পে বিদ্রূপের সিটিও বেজেছে। ২৮ মিনিটে মার্কো রিউস এগিয়ে দেন জার্মান চ্যাম্পিয়নদের। ৫ মিনিট পরই পেপের গোলে সমতা ফিরলেও প্রথমার্ধের শেষে রিয়াল আবার পিছিয়ে পড়ে আলভেরো আরবেলোয়া নিজেদের জালেই বল ঠেললে। হারতে হারতে রিয়াল শেষ পর্যন্ত একটি পয়েন্ট পেয়ে যায় ৮৯ মিনিটে বক্সের সামান্য বাইরে থেকে নেওয়া মেসুত ওজিলের দুর্দান্ত ফ্রি-কিকে। আগের ম্যাচে একই প্রতিপক্ষের কাছে হেরে যাওয়ার পর ড্র। রিয়াল শিবির উদ্বিগ্ন হতেই পারে। বিশেষ করে গতবারের ধারটা যেন নেই রিয়ালের খেলায়। গতবার গ্রুপ পর্বে ৬ ম্যাচের প্রতিটিতে জয়ই শুধু নয়, রিয়াল প্রতিপক্ষকে দুমড়ে-মুচড়ে দিয়েই গিয়েছিল নকআউট পর্বে। এবার ৪ ম্যাচে তাদের প্রাপ্তি মাত্র ৭ পয়েন্ট। হোসে মরিনহোর দাবি, এসব নিয়ে তিনি ভাবছেন না। এটা যে ‘গ্রুপ অব ডেথ’, সেটি সবাইকে মনে করিয়ে দিয়েছেন আবার। রিয়াল যদি গ্রুপ চ্যাম্পিয়ন না-ও হতে পারে, তাতেও কোনো সমস্যা দেখছেন না। বরং তাতে নাকি সমস্যা হবে অন্যদেরই। সে ক্ষেত্রে দ্বিতীয় রাউন্ডে রিয়ালের মুখোমুখি হবে এমন এক দল, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যারা পেতে পারত তুলনামূলক সহজ প্রতিপক্ষ। মরিনহো আরও একটি তথ্য মনে করিয়ে দিয়েছেন, ‘যে দুটি দলকে নিয়ে আমি চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়ন হয়েছিলাম, সেবার ওই দুটি দলই গ্রুপ রানার্সআপ হয়েছিল।’১৭ মিনিটেই ০-২ গোলে পিছিয়ে পড়ার পরও ড্র করলে কোনো দলের খুশি হওয়ারই কথা। রবার্তো মানচিনি খুশি নন। সিটি কোচের সব রাগ অবশ্য রেফারি পিটার রাসমুসেনের ওপর। দুটি পেনাল্টির দাবি তো বটেই, সিটির একটি ‘ন্যায্য’ গোলও বাতিল হয়েছে বলে দাবি তাঁর। ২২ মিনিটে ইয়া তোরের পর ৭৪ মিনিটে সমতা ফেরানো সার্জিও আগুয়েরোই করেছিলেন আরেক গোল। কিন্তু লাইন্সম্যান তোলেন অফসাইডের পতাকা। ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মাঠে ঢুকে রেফারির ওপর ক্ষোভ উগরে দিয়েছেন মানচিনি। ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে বলেছেন, ‘আমাদের জন্য চ্যাম্পিয়নস লিগ একরকম শেষ। আমরা ভালোই খেলেছি। দ্বিতীয়ার্ধে দুর্দান্ত ছিলাম। অনেক সুযোগ তৈরি করেছি। কিন্তু রেফারি আর লাইন্সম্যান আজ সত্যিই জঘন্য ছিল।’ ওয়েবসাইট। এক নজরে ডায়নামো কিয়েভ ০ : ০ পোর্তো পিএসজি ৪ : ০ ডায়নামো জাগরেব শালকে জিরো ফোর ২ : ২ আর্সেনাল অলিম্পিয়াকোস ৩ : ১ মঁপেলিয়ে আন্ডারলেখট ১ : ০ জেনিত সেন্ট পিটার্সবার্গ এসি মিলান ১ : ১ মালাগা* বাঁয়ে স্বাগতিক