
দুয়ারে বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে আলো ছড়াতে পারেন এমন ৩০ জন তারকাকে নিয়ে আমাদের নতুন ধারাবাহিক। দ্বিতীয় পর্বে থাকছে ইতালির আন্দ্রেয়া পিরলোকে নিয়ে বিশেষ রচনা—
তাঁর কাছে বল দেওয়া মানে যেন নিরাপদে কোনো জিনিস লুকিয়ে রাখা। খেলার কৌশল, বল নিয়ন্ত্রণ, অসাধারণ ড্রিবলিং, বিধ্বংসী সব ক্রস, ৩০ গজ দূর থেকে কামানের গোলার মতো শট, অবিশ্বাস্য দৃষ্টিকোণ, সৃজনশীলতা, ট্রেডমার্ক ফ্রি কিক, পেনাল্টি স্পেশালিস্ট এবং নির্ভুল নিখুঁত পাসিং দক্ষতার জন্য তিনি ফুটবল ইতিহাসেরই অন্যতম বর্ণিল অধ্যায়। দলের খেলোয়াড়েরা তাঁকে ভালোবেসে ডাকেন মাঝমাঠের আর্কিটেক্ট, এই গোলসর্বস্ব ফুটবলের যুগেও তাঁর খেলার শৈল্পিক সৌন্দর্য মন্ত্রমুগ্ধ করে রাখে দর্শকদের। মজার ব্যাপার হচ্ছে, যাঁকে নিয়ে লিখতে গিয়ে বিশেষণের ভান্ডারই ফুরিয়ে যাচ্ছে, তাঁর বয়সেই কিন্তু অবসর নিয়ে ফেলেন অনেক ফুটবলারই! হ্যাঁ, ৩৪ বছর বয়সের একজন বুড়োর গল্পই শোনাব আপনাদের। আজ্জুরিদের মধ্যমণি, আন্দ্রেয়া পিরলো।
ইতালির ফ্লেরোতে ১৯৭৯ সালের ১৯ মে জন্ম পিরলোর। ১৬ বছর বয়সেই পেশাদার ক্যারিয়ার শুরু ব্রেসিয়ার হয়ে। দ্রুতই চোখ পড়ে বড় ক্লাবগুলোর। মাত্র ১৮ বছর বয়সেই ইন্টার মিলানে যোগ দেন পিরলো। কিন্তু এরপর থেকেই শুরু হয় বঞ্চনা-উপেক্ষার আক্ষেপ। ইন্টারের হয়ে ৩ বছরে মাত্র চারবারই সুযোগ পেয়েছেন প্রথম একাদশে। বেশির ভাগ সময়ই কাটিয়েছেন বিভিন্ন ক্লাবে ধারে খেলে। শেষ পর্যন্ত শহর প্রতিদ্বন্দ্বী এসি মিলানের কাছে পিরলোকে বিক্রিই করে দেয় ইন্টার।
সে সময়ের কথা মনে পড়লে এখনো অনুতাপে ভোগেন ইন্টারের তত্কালীন প্রেসিডেন্ট মাসিমো মোরাত্তি। গণমাধ্যমে একবার বলেছিলেন, ‘আমার জীবনের সবচেয়ে বড় অনুতাপ ইন্টার প্রেসিডেন্ট থাকার সময় পিরলোকে এসি মিলানে বিক্রি করে দেওয়া। এটা আমারই সিদ্ধান্ত ছিল এবং নিঃসন্দেহে তা ছিল খুবই জঘন্য।’
২০০১ সালে মিলানের জার্সি গায়ে অভিষেক হয় পিরলোর। ধীরে ধীরে হয়ে ওঠেন বিশ্বের সেরা মিডফিল্ডারদের একজন। খেলেছেন রিভালদো, রুই কস্তা ও কাকার মতো বিশ্বমানের মিডফিল্ডারদের সঙ্গে। ২০০২-০৩ মৌসুমে ইতালিয়ান লিগে অনবদ্য পারফরম্যান্স এখনো ফুটবলবোদ্ধাদের চোখে লেগে আছে। সবচেয়ে বেশি পাস, বল পজেশন, সফল ক্রস এবং সফল পাস—এসবের মাঝেই ছিল পিরলোর মাঝমাঠের জেনারেল হয়ে ওঠার পূর্বাভাস। গাত্তুসো, সির্ডোফ, অ্যামব্রোসিনির সঙ্গে জুটি বেঁধে খেলা পিরলো ছিলেন প্রতিপক্ষের জন্য আতঙ্কের নাম। ২০০৩ ও ২০০৭ সালে চ্যাম্পিয়নস লিগের শিরোপা হাতে ওঠে পিরলোর। ২০০৫ সালেও চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলেছিল মিলান। তবে পিরলোর ক্লাব ক্যারিয়ারের সবচেয়ে কষ্টের মুহূর্তটা আসে এই ফাইনালেই; পেনাল্টি শুটআউটে গোল মিস করেন লিভারপুলের বিপক্ষে।
মিলানের হয়ে বেশ কয়েকটি শিরোপা জেতা পিরলো তার ক্লাব ক্যারিয়ার শেষ করতে চেয়েছিলেন এখানেই। কিন্তু শেষ পর্যন্ত মিলান প্রেসিডেন্টের সঙ্গে বনিবনা হয়নি। ২০১০-১১ মৌসুমের পরই ক্লাব ছেড়ে পাড়ি দেন আরেক সফল ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে। তুরিনের ওল্ড লেডির হয়ে ‘ওল্ড বয়’ পিরলো যেন আরও শাণিত, আরও দৃষ্টিনন্দন। ইতালিয়ান লিগের ২০১২-১৩ মৌসুমের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। ২০১২ ইউরোতেও দুর্দান্ত খেলেছেন। পিরলোর ‘পানেনকা’ পেনাল্টি নতুন করে আলোচনার ঝড় তোলে ফুটবল বিশ্বে।
খেলোয়াড় হিসেবে যত বড় মাপের, মানুষ পিরলো যেন আরও বড়। ২০১২ সালের ১৮ মার্চ ফিওরেন্টিনার বিপক্ষে গোল করার পর সেটি পিরলো উত্সর্গ করেছিলেন এর কয়েক দিন আগে খেলার মাঠেই অসুস্থ হয়ে যাওয়া বোল্টন ওয়ান্ডার্সের প্লেয়ার মুয়াম্বাকে।
জুভেন্টাসের হয়ে টানা তৃতীয়বার লিগ শিরোপা জিতলেন। বুড়ো পিরলোর ভেলকিতে মজে ২০১৬ পর্যন্ত চুক্তি বাড়িয়েছে জুভেন্টাস। আপাদমস্তক দেশপ্রেমিক এই খেলোয়াড় বিভিন্ন সময় ডাক পেয়েছেন রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার মতো দলের কাছ থেকে। কিন্তু ইতালি ছেড়ে কখনোই যাননি। কাঁড়ি কাঁড়ি টাকাও কিনতে পারেনি তাঁর দেশপ্রেম।
২০০২ সালে জাতীয় দলে অভিষেক। গত এক যুগ ইতালিকে ‘সেবা’ করে যাচ্ছেন। বয়সভিত্তিক জাতীয় দলে করেছেন অধিনায়কত্ব। ২০০০ সালে উয়েফা ইউরোপিয়ান অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপে গোল্ডেন বুট জিতেছিলেন। ২০০৪ অলিম্পিক গেমসে জেতেন ব্রোঞ্জ। তবে ২০০৬ সালটি ছিল পিরলোর জীবনের সেরা বছর।
তার দুর্দান্ত পারফরম্যান্সেই ইতালি চতুর্থবারের মতো বিশ্বকাপ জেতে। সেমিফাইনালে ১১৭ মিনিটের সময় তাঁর অসাধারণ এক পাসেই গোল করে স্বাগতিক জার্মানির কান্নাভেজা বিদায় নিশ্চিত করেন দেল পিয়েরো। ফাইনালেও তাঁর দারুণ কর্নার থেকেই মার্কো মাতেরাজ্জি সমতায় ফিরিয়েছিলেন দলকে। ২০০৬ বিশ্বকাপের ফাইনাল ম্যাচসহ তিনটি ম্যাচে হয়েছিলেন সেরা খেলোয়াড়। ছিলেন ওই আসরে সবচেয়ে বেশি গোলের জোগানদাতাও।
অনেকের হিসাব পাল্টে দিয়ে ২০১২ ইউরোর ফাইনালে উঠেছিল ইতালি। আসল কারিগর ছিলেন পিরলোই। ওই আসরে আন্দ্রেস ইনিয়েস্তার পাশাপাশি তিনিও জিতেছেন সর্বোচ্চ তিনবার ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। ২০১৩ সালের কনফেডারেশনস কাপে নিজের শততম ম্যাচে মেক্সিকোর সঙ্গে গোল করে দলকে জিতিয়েছেন। পিরলোর নৈপুণ্যে সেদিন মুগ্ধ হয়েছিল ঐতিহাসিক মারাকানা।
বহু যুদ্ধের পরীক্ষিত এই সেনানীর জন্য শেষবারের মতো প্রস্তুত বিশ্বকাপের মঞ্চ। ‘দ্য আর্কিটেক্ট’ নিশ্চিতভাবেই শেষটা করতে চাইবেন তুলির নিখুঁত আঁচড় দিয়ে। প্রতিপক্ষ অবশ্যই বোতলবন্দী করে রাখতে চাইবে পিরলোকে, ইতালির সাফল্যের মূলমন্ত্রই যে পিরলোই! পিরলোকে নিয়ে মার্সেলো লিপ্পির একটি মন্তব্যের কথা না বললেই নয়, ‘সে তার পা দিয়ে কথা বলে।’
পিরলোর পা নিশ্চয়ই এই বিশ্বকাপেও কথার খই ফোটাবে!