সত্যিকারের ম্যানচেস্টার ডার্বি!
স্পেনে রিয়াল-বার্সা এল ক্লাসিকো, ইতালিতে মিলান ডার্বি। মানুষের মুখে মুখে ফেরে এসব লড়াইয়ের কথা। ইংল্যান্ডের ম্যানচেস্টার ডার্বি? বছর দুই আগেও ফুটবল-বিশ্বে কে খবর রাখত! এই ম্যানচেস্টার ডার্বিই এখন ফুটবল-বিশ্বের অনিঃশেষ আলোচনার খোরাক। বছর দুই আগেও ম্যানচেস্টার ইউনাইটেড আর ম্যানচেস্টার সিটির যে লড়াই হয়ে যেত নীরবে, আজ সেই লড়াইয়ের আগে সরগরম ফুটবল দুনিয়া। ফুটবল রোমান্টিকেরা অপেক্ষায় আছে ম্যানইউ-ম্যান সিটি ম্যাচের রোমাঞ্চ উপভোগ করতে।অপেক্ষা করে আছেন ম্যান সিটির ইতালিয়ান স্ট্রাইকার মারিও বালোতেল্লিও। এর আগে মিলান ডার্বি খেলে এসেছেন। তবে ম্যানচেস্টার ডার্বিকেই মনে করছেন বেশি উত্তেজনাময়। রিয়াল-বার্সার ধ্রুপদি লড়াইয়ের কথা মনে রেখেই বালোতেল্লি বলেছেন, ‘রিয়াল-বার্সা লড়াই ইতিহাসের সেরা। তবে শিগগিরই ইউনাইটেড-সিটি ডার্বি হবে সবচেয়ে বড়।’ম্যানইউ-সিটি ডার্বি নিয়ে অনেকেই এ কথা বলছেন। সিটির খেলোয়াড় তালিকা আর সাম্প্রতিক পারফরম্যান্সের কারণেই আলোচনা। তবে ম্যানইউ কোচ অ্যালেক্স ফার্গুসন এ ম্যাচকে এত বেশি গুরুত্ব দিতে রাজি নন। সিটিকে ‘উচ্চকণ্ঠ’ প্রতিবেশী উল্লেখ করে ফার্গুসন বলেছেন—চেলসিই এখনো তাঁর ক্লাবের জন্য বড় হুমকি। তাহলে সিটির সাম্প্রতিক পারফরম্যান্স ফার্গুসনের কাছে কোনো বিষয়ই নয়? এবারই যে প্রথম সিটি ওল্ড ট্রাফোর্ডে আসছে বিখ্যাত প্রতিবেশীদের চেয়ে পয়েন্ট তালিকায় ওপরে থেকে। ৮ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে ম্যান সিটি, ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানইউ। ম্যানচেস্টার ডার্বির অতীত পরিসংখ্যানে নিরঙ্কুশভাবেই ম্যানইউ এগিয়ে। তবে এফএ কাপে ম্যানইউর বিপক্ষে সিটির জয় নতুন কিছুরই কি ইঙ্গিত দেয় না?ম্যানইউ কোচ প্রশ্নটি এড়িয়ে গেছেন কূটনৈতিক উত্তর দিয়ে—ব্যবধানটা হয়তো কমাচ্ছে সিটি। তবে মানচিনি শুধু ব্যবধান কমিয়েই থামতে চাইছেন না। আসল লক্ষ্য তাঁর শিরোপা জয়, ‘শিরোপা জয়ই আমাদের লক্ষ্য। আমরা ইউরোপের সেরা দলগুলোর একটি হতে চাই।’আর এই লক্ষ্য এ মৌসুম থেকেই অর্জন করতে চায় ম্যান সিটি। ইউরোপের সেরাদের মধ্যে আসতে হলে বড় এই দলগুলোকে হারাতে হবে। অভ্যাসটা আজ থেকে শুরু করতে চায় সিটি। তবে ‘নতুন’ এই শুরুতে কার্লোস তেভেজের খুব সম্ভবত সঙ্গী হচ্ছেন না। মিউনিখ-কাণ্ডের পর দুই সপ্তাহের ক্লাব-নিষেধাজ্ঞা কাটিয়েছেন সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার। সিটি তেভেজের ভবিষ্যৎ সম্পর্কে পরিষ্কার করে বলছে না। প্রায় ‘একঘরে’ হয়ে যদিও অনুশীলন চালিয়ে যাচ্ছেন তেভেজ। এএফপি, ওয়েবসাইট।