নামের সঙ্গে লেগে আছে ‘মিস্টার ক্রিকেট’ তকমা। মাইক হাসি অবশ্য এই তকমায় নিজেকে বিশেষায়িত করতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। হাসির দৃষ্টিতে, তিনি নিজে নন, সত্যিকারের মিস্টার ক্রিকেট শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন।মাইক হাসি খেলছেন আইপিএল ফ্র্যাঞ্চাইজ চেন্নাই সুপার কিংসের হয়ে। চেন্নাইয়ের শিরোপা ধরে রাখার অভিযানে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন ৩৬ বছর বয়সী অস্ট্রেলিয়ার উদ্বোধনী এই ব্যাটসম্যান। সেটা স্বীকারও করে নিয়েছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বলেছেন, হাসির উপস্থিতি দলকে মানসিকভাবে এগিয়ে দেয়।ভারতের ক্রিকেট একাডেমিতে অনুশীলন করতে আসা হাসির একটা সাক্ষাত্কার নিয়েছে বার্তা সংস্থা টাইমস নিউজ নেটওয়ার্ক (টিএনএন)। সাক্ষাত্কারের চুম্বক অংশ পাঠকদের জন্য তুলে ধরা হলো—* মিস্টার ক্রিকেট তকমাটা কি আপনার ভালো লাগে?হাসি: সত্যি বলছি, আমি এই কথাটির ভক্ত নই। কারণ আমার মনে হয়, অনেক ক্রিকেটারই আছেন, যাঁরা আমার চেয়ে ভালো খেলেন। আমার মত হলো সত্যিকারের ‘মিস্টার ক্রিকেট’ মুত্তিয়া মুরালিধরন।* হলুদ রঙের জার্সিতে আপনি বরাবরই সফল—প্রথমে অস্ট্রেলিয়ার হয়ে খেলার পর এখন চেন্নাইয়ে... হাসি: আমার মনে হয়, হলুদ রং সৌভাগ্যের প্রতীক। আমি আগে অনেক ব্যাপারেই কুসংস্কারাচ্ছন্ন ছিলাম। কিন্তু এখন আর ওসবে বিশ্বাস করি না। সব দূরে সরিয়ে রেখেছি। শুধু খেলায় মনোনিবেশ করতে চাই।* শচীন টেন্ডুলকারের শততম সেঞ্চুরিতে আপনার অনুভূতি কী?হাসি: আমি আনন্দিত যে অস্ট্রেলিয়ার বিপক্ষে শততম সেঞ্চুরিটি পাননি শচীন! তাঁর তুলনা হয় না। আমি বিশ্বাস করি, শচীনের সবকটা সেঞ্চুরিই ছিল দুর্দান্ত।* আইপিএলে ছোট ভাই ডেভিড হাসির বিপক্ষে খেলতে কেমন লাগবে আপনার?হাসি: ও অসাধারণ ক্রিকেটার। ডেভিড নিশ্চয়ই চাইবে ওর দল পুনে ওয়ারিয়র্সকে জেতাতে। কিন্তু আমি খেলব চেন্নাইয়ের হয়ে। আমিও চেষ্টা করব আমার দলকে জেতাতে। মাঠের বাইরে আমরা হয়তো ভাই কিন্তু ভেতরে একে অপরের প্রতিপক্ষ!