সত্যের জয় দেখছেন হাম্মাম
ফিফার সভাপতি পদে নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগে নিষিদ্ধ হয়েছিলেন আজীবন। গত বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএসের)। আন্তর্জাতিক ক্রীড়া আদালতের রায়ে বলা হয়েছে হাম্মামের বিরুদ্ধে ভোট দুর্নীতির যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি। এই রায় জেনে হাম্মাম বলছেন, ‘এটি সত্যের জয়, অনেক দীর্ঘ প্রক্রিয়ার পর অবশেষে সত্যটা প্রতিষ্ঠিত হয়েছে। আমি বিবেকের কাছে পরিষ্কার। এটা ফিফার বিরুদ্ধে আমার কোনো প্রতিশোধ নয়; বরং এক ধরনের মানসিক প্রশান্তি। আমি সব সময়ই বলে এসেছি আমি নির্দোষ। স্বাধীন তদন্ত যখন শুরু হলো তখনই আমি বুঝেছিলাম, সত্যটা বেরিয়ে আসবে, সেটাই হলো এবার। আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা প্রমাণ করতে পেরে আমি দারুণ খুশি নিজের সম্মান পুনরুদ্ধার করতে পেরেও।’গত বছর ফিফা সভাপতি পদে ছিলেন সেপ ব্ল্যাটারের একমাত্র প্রতিদ্বন্দ্বী। দুর্নীতির অভিযোগ ওঠায় হাম্মাম সরে দাঁড়ানোর পর চতুর্থবারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সেপ ব্ল্যাটার। তবে লুসার্নভিত্তিক ক্রীড়া আদালতের রায়ে সম্মান ফিরে পাওয়ার পর হাম্মাম বলছেন, আবারও ফিফা সভাপতি পদে নির্বাচনের ইচ্ছে তাঁর নেই, ‘আমার একটাই লক্ষ্য, একটাই ব্রত তা হলো, নিজেকে নিষ্কলুষ প্রমাণ করা। আর তারপরই বলব বিদায়।’ আদালতের রায় হাম্মামের পক্ষে যাওয়াটা ফিফার জন্য খুবই বিব্রতকর ব্যাপার। আবারও হাম্মামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ফিফার পুনর্গঠিত নৈতিকতা কমিটি এখন নিশ্চয়ই নতুন কোনো সাক্ষ্য-প্রমাণ খুঁজবে। এএফপি।