সনি-এমিলি ঝলকে রাসেলেরই হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই একই চিত্রনাট্য। একই ‘শিল্পী’। একই রকম রুদ্ধশ্বাস উত্তেজনা।বাক্যগুলো ঠিক বোঝাতে পারছে না আবহটা। এতটাই আকর্ষণীয় ছিল ম্যাচের প্রতিটি ক্ষণ। তাতে শেখ জামালকে হারিয়ে শেখ রাসেলই ঘরে তুলেছে স্বাধীনতা কাপের শিরোপা।এই শৃঙ্গ জয়ের মিশনে রাসেল লিখেছে অন্য রকম এক কাব্য, যেটি মিলে যাচ্ছে ফেডারেশন কাপ জয়ের মাহেন্দ্রক্ষণের সঙ্গে। এবারের ফেডারেশন কাপের ফাইনালে শেখ জামাল হেরেছিল উজ্জীবিত শেখ রাসেলের কাছে। নির্ধারিত সময় ১-১। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে জয়সূচক গোল করেন রাসেলের হাইতিয়ান প্লেমেকার সনি নর্দে।আরেকটি ফাইনালে সেই নর্দেই ঝলক নিয়ে হাজির। এগিয়ে গিয়েও যখন ২-১ গোলে পিছিয়ে পড়েছে রাসেল, ঠিক তখনই অবিশ্বাস্য গোল করে ২-২ করেন নর্দে। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে মঞ্চে আবির্ভাব এমিলির, যিনি ফেডারেশন কাপের ফাইনালে গোল করেছিলেন। কাল করলেন জয়সূচক গোল। এমিলি যেন ওত পেতে ছিলেন বঙ্গবন্ধু স্টেডিয়ামের এই রাতের আলোটা নিজের দিকে ফেরাতে।মামুনুলের ফ্রি-কিকে এমিলি হেড করে বল জালে জড়াতেই ৩-২। জামাল বাকি সময়ে আর গোল না পাওয়ায় আবারও পরাজয়ের হতাশাই সঙ্গী হয়েছে দলটির।ম্যাচ শেষে আবাহনীর গ্যালারি থেকে ‘আলম ভাই’, ‘আলম ভাই’ স্লোগান দিলেন কয়েক তরুণ। ‘আলম ভাই’ মানে নুরুল আলম চৌধুরী। শেখ রাসেলের সভাপতি। খানিক আগেই প্রেস বক্সে এসে জানালেন, টুর্নামেন্ট জয়ের অর্থ পুরস্কার সবই দেওয়া হবে খেলোয়াড়দের। এমন ফাইনাল জয়ের পর রাসেলের খেলোয়াড়েরা আসলে আরও কিছু দাবি করছেন। তবে হরতাল-পরবর্তী সন্ধ্যাটা খানিক ভয়ই ধরিয়ে দিয়েছিল সবার মনে। ম্যাচ শুরুর ঘণ্টা খানেক আগে তুমুল বৃষ্টি। থেমেছে ঠিক শুরুর বাঁশির আগে। মাঠটা একটু ভারী হয়ে যায়, পিচ্ছিল মাঠ স্বাভাবিক ছন্দে বাদ সাধে। তবু ম্যাচে গতির অভাব ছিল না কখনো। সত্যিকারের উপভোগ্য এক ফাইনালই দেখল দর্শক।প্রথম ৩০ মিনিট জামালের। মাঝমাঠ থেকে প্রচুর আক্রমণ হয়েছে। সানডে, আলফ্রেডের যৌথ প্রযোজনায় বিপজ্জনক অবস্থা তৈরি হতে যাচ্ছিল কখনো কখনো। কিন্তু রাসেলের গোলরক্ষক বিপ্লব চাপের মুখে কোনো ভুল করেননি।এই সময় সনিকে অনেকটা কোমরে হাত দিয়েই দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাঁকে সাধারণত স্ট্রাইকারের পেছনেই ব্যবহার করেন কোচ। এদিন লেফট উইংয়ে দেখা গেল। যে কারণে অন্য দিনের মতো সনিকে ঘিরে শেখ রাসেলের খেলাটা তৈরি হয়নি। বিচ্ছিন্ন দ্বীপের মতো কখনো কখনো বলের জন্য অপেক্ষা করেছেন। তবে যখনই বল পেয়েছেন, ঝলক ঠিকই ছিল পায়ে। নড়েচড়ে বসেছে দর্শক, গোলের কাছাকাছি গিয়ে বার দুয়েক ফিরে এসেছেন বোকা জুনিয়র্সের একাডেমিতে বেড়ে ওঠা তরুণ।প্রথমার্ধের শেষ মিনিটে সনি গোলের খুব কাছে চলে গিয়েছিলেন। অবিশ্বাস্যভাবে গোল বাঁচান জামালের ডিফেন্ডার নাসির। জাহিদের থ্রু ধরে গোলরক্ষককেও কাটিয়েছিলেন। বলটা নাসিরের মাথার ওপর দিয়ে তুলেও দেন। কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ নাসির হেড করে বল পাঠান বাইরে। ৪৭ মিনিটে এমিলির পাসে মিঠুন দারুণ শটে খুললেন গোলের খাতা। কিন্তু চার মিনিট পরই গোল শোধ। বক্সে আব্বাসের হাতে লাগে বল। রেফারি আবদুল হান্নানের দেওয়া পেনাল্টি কাজে লাগিয়ে সানডে করলেন ১-১।এই গোলের পরপরই সনি জামালের তিন খেলোয়াড়কে কাটিয়েও বল তুলে দিয়েছেন বারের ওপর দিয়ে। যতটা দৃষ্টিনন্দন ছিল তাঁর এই চেষ্টা, ততটাই বাজেভাবে শেষ করেছেন।উল্টো গোল খেয়ে পিছিয়ে পড়ল রাসেল। ৭৩ মিনিটে অরূপের থ্রো থেকে আব্বাস ইউনুসা ব্যাকপাস করেন গোললাইনের সামনে দাঁড়িয়ে। বল ধরতে পারেননি বিপ্লব। আত্মঘাতী গোল! তবে রেফারি গোল দিয়েছেন অরূপের নামেই।পরাজয় যখন চোখ রাঙাচ্ছে, রাসেলের উদ্ধারকর্তা হয়ে আবারও সনি-জাদু। ৭৮ মিনিটে বিপজ্জনকভাবে বক্সে ঢুকে দারুণ কোনাকুনি শটে ২-২ করলেন। সেই গোল জীবন দিল রাসেলকে। এরপর মৌসুমে ‘ডাবল’ জয়ের ইতিহাস লিখলেন এমিলি। ‘সনি-এমিলি জিন্দাবাদ’ বলতে তাই ভুললেন না রাসেল-সমর্থকেরা!শেখ রাসেল: বিপ্লব, বোজান, আব্বাস ইউনুসা, লিংকন, নাহিদ (মামুন মিয়া), মামুনুল, তারিক, সনি নর্দে, জাহিদ (আনোয়ার), মিঠুন, এমিলি।শেখ জামাল: শাকিল, নাসির, হাসান আল মামুন, ইয়ামিন, আরিফ, ওকেমিরি, অরূপ (সোহেল/সৈকত), আলমগীর রানা, চিবুকি, সানডে, আলফ্রেড।