সনি নর্দে কলকাতায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সনি নর্দে । ছবি শামসুল হক
সনি নর্দে । ছবি শামসুল হক

এই তো কিছুদিন আগেই প্রথম আলোর খেলার পাতায় ছাপা হয়েছে সনি নর্দের একান্ত সাক্ষাত্কার। ঢাকার মাঠে খেলা অন্যতম সেরা বিদেশি এই হাইতিয়ান ফুটবলার বলেছিলেন, আসছে মৌসুমে তিনি বেলজিয়ামের একটি ক্লাবের সঙ্গে চুক্তি চূড়ান্ত করেছেন। ইউরোপে খেলা তাঁর স্বপ্ন, বেলজিয়ামে খেলা তাঁর স্বপ্নপূরণের মতো ব্যাপার ইত্যাদি নানা মন্তব্যও করেছিলেন। কিন্তু কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকার খবর বিশ্বাস করলে নর্দে মিথ্যাবাদী হিসেবেই অভিহিত হন। কলকাতার দৈনিকটি আজ এক খবরে জানিয়েছে, নর্দে বেলজিয়াম নয়, আসছে মৌসুমে খেলছেন ভারতের ঐতিহ্যবাহী ক্লাব মোহনবাগানে!

গত ফেব্রুয়ারিতে কলকাতায় অনুষ্ঠিত আইএফএ শিল্ড প্রতিযোগিতায় কলকাতা মাতিয়ে এসেছিল বাংলাদেশের শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মোহনবাগান, ইস্ট বেঙ্গলকে উড়িয়ে দিয়ে কলকাতার মাঠে বাংলাদেশি ক্লাব হিসেবে নতুন ইতিহাসই তৈরি করেছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। ফাইনালে কলকাতা মোহামেডানের কাছে টাইব্রেকারে হেরে শতবর্ষের প্রাচীন এই প্রতিযোগিতাটা জিতে ফেরা না গেলেও শেখ জামালের পারফরম্যান্স দিয়েই জয় করেছিল সবার হূদয়।

আইএফএ শিল্ডে শেখ জামালের পারফরম্যান্সের মূল চালিকাশক্তি ছিলেন ওই নর্দেই। অসাধারণ বল প্লে আর অন্য উচ্চতার ফুটবল খেলে নর্দেই শেখ জামালকে ফাইনালে তুলতে রেখেছিলেন অগ্রগণ্য ভূমিকা। কিন্তু নর্দের সেই পারফরম্যান্সই কাল হয়ে দাঁড়ায় শেখ জামালের জন্য। কলকাতার ক্লাবগুলো টাকার থলে নিয়ে পিছু নেয় এই হাইতিয়ান ফুটবলারের। ইস্ট বেঙ্গল, মোহনবাগানের মতো ক্লাবগুলো উঠেপড়ে লাগে নর্দেকে দলে ভেড়াতে। ব্যাপারটা এমন দাঁড়ায় যে টাকার অঙ্ক বাড়িয়েও দলের এই সেরা ফুটবলারটিকে ধরে রাখতে গলদঘর্ম অবস্থা হয় শেখ জামালের কর্মকর্তাদের।

মাঝখানে কিছুদিন বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলায় ব্যাপারটা চাপা পড়েই ছিল। নর্দেও ইঙ্গিত দিয়েছিলেন তিনি যদি ঢাকা ছাড়েন তাহলে যাবেন ওই ইউরোপেই। কিন্তু তলে তলে তিনি যে মোহনবাগানের কর্তাদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন সেটা বোধ হয় অজানাই ছিল জামালের কর্তা-ব্যক্তিদের। আনন্দবাজার বলছে, মাঝখানে খুব গোপনেই মোহনবাগানের কয়েকজন কর্মকর্তা ঢাকায় এসে নর্দের সঙ্গে সবকিছু ‘পাকা’ করেন। পত্রিকাটি এও লিখেছে, মোহনবাগানের ওই কর্মকর্তাদের সঙ্গে ‘ব্যক্তিগত সম্পর্কে’র জের ধরেই নাকি ইউরোপের ‘স্বপ্ন’ পায়ে ঠেলেছেন নর্দে।

মোহনবাগানে খেলতে ‘রাজি’ হলেও এখনো কাগজে-কলমে চুক্তি হয়নি দলটির সঙ্গে। তবে আনন্দবাজারের প্রতিবেদনে কোথাও নেই চুক্তি করতে নর্দে কবে কলকাতা যাচ্ছেন।
নর্দের সঙ্গে চুক্তি কবে হবে সেটা জানার জন্য বোধ হয় আরও কিছু দিন অপেক্ষা করতে হবে সবাইকে।