সনি নর্দে কোথায়?

সনি নর্দে কি শেষমেশ বাংলাদেশ ছাড়ছেন? দেশের ঘরোয়া ফুটবলের সেরা বিদেশি হাইতিয়ান এই প্লে-মেকার এই মুহূর্তে নিজেকে জড়িয়েছেন রহস্যের জালে। তিনি তাঁর ক্লাব শেখ জামালের কাছ থেকে ছুটি নিয়েছেন, ঢাকা ছেড়েছেন, কিন্তু তাঁর গন্তব্য কোথায়, কেউ জানে না।
নর্দেকে নিয়ে রহস্যের সৃষ্টি হয় তাঁর ফেসবুক পেজ থেকে। তিনি ঢাকা ছাড়ার সময় বিমান-বন্দরে দাঁড়িয়ে যে স্ট্যাটাসটি দিয়েছেন, সেটাই আসলে তৈরি করে গুঞ্জনটা। জল্পনা-কল্পনা শুরু হয় তাঁর ঢাকায় থাকা না-থাকা নিয়ে। গুঞ্জন আরও ঘনীভূত হয় তাঁর স্ট্যাটাসে ভারতীয় ফুটবলপ্রেমীদের শুভেচ্ছা-বার্তাকে ঘিরে। তবে কি ভারতের কোনো ক্লাবে পাড়ি জমালেন নর্দে।
গত ফেব্রুয়ারিতে শেখ জামালের কলকাতা আইএফএ শিল্ডে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শনের সময় থেকেই নর্দের ওপর চোখ পড়ে ভারতীয় ফুটবল ক্লাবগুলোর। বিশেষ করে মোহনবাগান তাঁকে ওই সময়ই বড় অঙ্কের পারিশ্রমিক প্রস্তাব করে। নর্দেও সেই প্রস্তাবের ব্যাপারে নিজের ইতিবাচক মনোভাব প্রকাশ করেন তখনই।
তবে কি নর্দে ঢাকা ছেড়ে কলকাতাতেই পাড়ি জমাচ্ছেন? খবরে প্রকাশ, ভিয়েতনামে ছুটি কাটাতে যাওয়ার কথা বলে তিনি সম্প্রতি শেখ জামাল ক্লাবের কাছ থেকে ছুটি মঞ্জুর করিয়েছেন। শেখ জামালও তাঁকে ছুটি দিয়েছে ১৫ তারিখের মধ্যে তিনি ঢাকায় ফিরবেন, এই ভরসায়।
মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে ক্লাবের কাছ থেকে ছুটি চাওয়াতে অবাকই হয়েছেন শেখ জামালের কর্তারা। এটা আসলে জল্পনারও জন্ম দিয়েছে। তবে একটি সূত্রের খবর, তিনি ছুটি নিলেও কলকাতায় নাকি যাননি। বেলজিয়ামের একটি ক্লাবে ট্রায়াল দিতেই তাঁর এই যাত্রা। নর্দে নাকি মনেপ্রাণেই চান ইউরোপে খেলতে। এখন ট্রায়ালে যদি তিনি টিকে যান, তাহলে তাঁকে আটকে রাখার সাধ্যি যে বাংলাদেশের ফুটবলের নেই—এ কথা আসলে না বললেও চলে।