সন্তান কোলে খেলতে এলেন মা

খেলা শেষ হতেই অন্যরা উদ্যাপনে ব্যস্ত। খালেদা আক্তার ছুটে গেলেন কোর্টের পাশে। বোন শিউলির কাছ থেকে পরম মমতায় কোলে তুলে নিলেন মেয়ে তোহাকে। দুই মাসের শিশুসন্তানকে অন্যের কোলে দিয়ে কাল ২৭তম জাতীয় মহিলা হ্যান্ডবলে খেলেছেন বিজেএমসির খেলোয়াড় খালেদা।
যশোরের বাঘারপাড়ায় স্বামী মাসুদ রানার কাছে রেখে এসেছেন বড় মেয়ে নেহাকে। তোহাকে নিয়ে ঢাকায় আসতেও অনেক বেগ পেতে হয়েছে খালেদাকে। এবারের প্রতিযোগিতায় সেরা দল গড়তে হিমশিম খাচ্ছিলেন বিজেএমসির কোচ নাসির উল্লাহ লাভলু। উপায় না দেখেই কোচ ফোন দেন দলের অন্যতম নির্ভরশীল খেলোয়াড় খালেদাকে। কাল পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে দাঁড়িয়ে খালেদা বলছিলেন, ‘কোচ আমাকে ফোন করে বললেন, তুমি না এলে আমার বেস্ট সেভেন হচ্ছে না। উনি আমার কাছে শুধু কোচই নন, উনি আমার বাবার মতো। ভাবলাম কোচ নিশ্চয় নিরুপায় হয়েই বলছেন। এরপরই ঢাকায় আসার সিদ্ধান্ত নিই।’ খালেদা পরশু ভোর ছয়টায় রওনা দেন যশোর থেকে। কিন্তু দৌলতদিয়া ঘাটে এসে আটকা পড়েন ভয়াবহ যানজটে। প্রায় চার-পাঁচ কিলোমিটার যানজট পেরিয়ে ঢাকায় আসতে হয়তো রাতই গড়িয়ে যেত। ফেরিতে ওঠা বাসের অপেক্ষায় থাকলে হয়তো নাম নিবন্ধনও করতে পারতেন না। এরপরই দ্রুত সিদ্ধান্ত নেন ফেরির গাড়ি বদলে লঞ্চে করে ঘাট পার হবেন। যেই ভাবা সেই কাজ। অন্য মালপত্রসহ ছোট বোনকে গাড়িতে বসিয়ে মেয়েকে শীতের কাপড়চোপড় পেঁচিয়ে হাঁটা শুরু করেন খালেদা। দুধের শিশুকে কোলে নিয়ে প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা হেঁটে অবশেষে লঞ্চে ওঠেন। পরে ঘাট পার হয়ে যখন বিআরটিসির বাসের টিকিট কাটলেন, তখন বেলা পৌনে তিনটা। যানজট এড়িয়ে শেষ পর্যন্ত স্টেডিয়ামে পৌঁছাতে সন্ধ্যা সাতটা বেজে যায় খালেদার।
মাত্র এক দিনের অনুশীলন। তবু জয় পেয়েছে খালেদার দল। বিজেএমসি দ্বিতীয় রাউন্ডে কাল ৩২-১৫ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশকে। জয়ের পর উচ্ছ্বসিত খালেদা বলছিলেন, ‘আমার কষ্ট সার্থক হয়েছে। তবে দলকে চ্যাম্পিয়ন করতে পারলে আরও ভালো লাগবে।’
এ যেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দামোদর পাড়ি দেওয়ার মতো গল্প! সেদিন মায়ের ডাক উপেক্ষা করতে পারেননি বিদ্যাসাগর। কলকাতা থেকে বাড়িতে পৌঁছেছিলেন উত্তাল দামোদর নদ সাঁতরে। আর কোচের ডাক উপেক্ষা করতে পারেননি খালেদা, দুধের শিশুকে কোলে নিয়ে চলে এসেছেন হ্যান্ডবল খেলতে।
সেই ২০০৫ সাল থেকে এখন পর্যন্ত টানা জাতীয় দলে খেলছেন খালেদা। ভারতে অনুষ্ঠিত গত এসএ গেমসে রুপাজয়ী বাংলাদেশ দলেও ছিলেন। ক্যারিয়ারের শুরুর দিকে খেলাধুলার জন্য পড়শিদের কাছ থেকে অনেক আজেবাজে কথা শুনেছেন। শাশুড়িও অনেক সময় বাধা দিতেন। তবে এখন আর কেউ তাঁকে কিছু বলেন না।
কোচ নাসির উল্লাহ লাভলুর মুখে শুধুই খালেদার প্রশংসা, ‘আমি ওকে পেয়েছি সাত-আট বছর আগে। খেলোয়াড় হিসেবে খুব ভালো সে। ও যেভাবে খেলছে সেটা প্রশংসা করার মতোই। এভাবে লড়াই করে কয়টা মেয়ে খেলতে পারে!’