সন্তানকে মেসির আগাম উপহার
এই ম্যাচটা তাঁর খেলারই কথা ছিল না। মাত্রই জাতীয় দলের দায়িত্ব পালন করে এসেছেন। দীর্ঘ ভ্রমণক্লান্তি তো ছিলই। অবশ্য ক্লান্তি বড় কথা নয়। এর চেয়েও বড় প্রয়োজন দেখা দিয়েছিল। বান্ধবী হাসপাতালে, তাঁর জীবনের প্রথম সন্তান যে একেবারেই আগমনবার্তা জানানোর অপেক্ষায়! লিওনেল মেসি শেষ পর্যন্ত খেলারই সিদ্ধান্ত নিয়েছেন। একজন ফুটবলার বাবার পক্ষে সন্তানকে পৃথিবীতে স্বাগত জানানোর সেরা উপায় যেটি, হয়তো মেসি সেটাই চেয়েছিলেন। আর সেই চাওয়াও পূরণ হয়েছে দারুণভাবে। দুর্দান্ত এক হ্যাটট্রিকে ‘থিয়াগো মেসি’কে আগাম স্বাগত জানিয়েছেন ‘সিনিয়র’ মেসি। বাবা হওয়ার টেনশন দূরে সরিয়ে রেখে দলকেও জিতিয়েছেন স্নায়ুক্ষরা এক ম্যাচে। পরশু দেপোর্তিভো লা করুনিয়ার বিপক্ষে জিতেই মেসি ছুটেছেন হাসপাতালে। বান্ধবী আন্তোনেল্লা রোকুজ্জোর পাশে গিয়ে দাঁড়িয়েছেন। এর আগেও বেশ কয়েকবার মেসির বাবা হওয়ার ভুল খবর এসেছিল। ‘মেসির সন্তান’ পরিচয়ে একটি ভুয়া ছবিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। কাল সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবশ্য থিয়াগো মেসির পৃথিবীতে আগমনের নিশ্চিত খবর পাওয়া যায়নি। গতকাল এটুকুই নিশ্চিত হওয়া গিয়েছিল, ‘৭২ ঘণ্টা’র মধ্যে যেকোনো সময় আর্তচিৎকার করে নিজের আগমনবার্তা জানিয়ে দেবে জুনিয়র মেসি!পরশু ম্যাচ শেষে বার্সেলোনার ক্রীড়া পরিচালক আন্দোনি জুবিজারেতার কাছে এটুুকু জানা গেছে, ‘এই মুহূর্তে মেসি হাতপাতালে যাচ্ছে। কিন্তু সেটা ভালো কারণেই। নিজের ছেলের সঙ্গে সাক্ষাৎ করা সব সময়ই অসাধারণ ব্যাপার।’ ছেলের ভূমিষ্ঠ হওয়া দেরি হলে আগামীকাল চ্যাম্পিয়নস লিগে মেসি নাও খেলতে পারেন বলে গুঞ্জন ছিল। মেসি অবশ্য আবারও মাঠে নেমেই ছেলেকে আরেকটি উপহার দিতে ব্যাকুল ছিলেন, ‘আমি সেল্টিকের বিপক্ষে খেলব। কিছুই আমাকে প্রভাবিত করতে পারবে না। আমার স্বপ্ন মাঠে থেকেই ছেলেকে গোল উৎসর্গ করা। ছেলের জন্ম উপলক্ষে আর্জেন্টিনা থেকে আমার পরিবারের সবাই এখানে (স্পেনে) চলে এসেছে। এতে আমি খুশি। এখন ও সুস্থভাবে জন্ম নিক, এটাই আমার চাওয়া।’ ওয়েবসাইট।