প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাতটা শুরু হয়েছে অস্থির পায়চারি দিয়ে। সন্তানসম্ভবা স্ত্রী ভর্তি হাসপাতালে, যেকোনো সময় সুখবর আসতে পারে। রাসেল মার্টিন সেই কাঙ্ক্ষিত খবরটা পেলেন শেষ রাতে। কিন্তু নবজাতক পুত্রকে একনজর দেখেই চলে আসতে হলো। বিকেলেই লিভারপুলের সঙ্গে ম্যাচ। নরউইচ ডিফেন্ডার তাই সকালে বিমানে রওনা দিয়ে পৌঁছেছেন লিভারপুলে। দলের সঙ্গে ঠিকমতো অনুশীলন করারও সুযোগ হয়নি, কোচও তাঁকে প্রথম একাদশে রাখবেন কি না, সেটা নিয়ে দ্বিধায় ছিলেন। কিন্তু সেই অবস্থাতে নিজেই নেমে পড়েছেন মাঠে। ভাগ্যিস নেমেছেন, নইলে নবজাতককে এমন একটা ‘উপহার’ কি দিতে পারতেন! মার্টিনের গোলেই শেষ পর্যন্ত লিভারপুলের সঙ্গে ড্র করতে পেরেছে ‘ক্যানারিরা’। নতুন অতিথিকে পয়া বললেও কম বলা হয়! এএফপি।