সন্ত্রাসী হামলার আশঙ্কায় সতর্ক লন্ডন
এগিয়ে আসছে ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় আসর অলিম্পিক। লন্ডনে আর এক সপ্তাহ পরই মাঠে গড়াবে আসর। কিন্তু যতই সময় ঘনিয়ে আসছে, ততই জোর আলোচনা চলছে অলিম্পিকে নিরাপত্তা-শঙ্কা নিয়ে। খোদ আয়োজক কর্তৃপক্ষ আসন্ন অলিম্পিকে সন্ত্রাসী হামলার আশঙ্কা করছে। তবে ব্রিটিশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাবেক প্রধান ক্রেইগ রিডি জানিয়েছেন, নিরাপত্তার ব্যাপারে সজাগ রয়েছে আয়োজক কর্তৃপক্ষ।‘এখানে শেষ কোন খেলার আয়োজনে নিরাপত্তাবিষয়ক সতর্কতা জারি করা হয়েছিল, তা মনে করার মতো খুব কম লোকই আছে। তাই অন্য যেকোনো অলিম্পিকের চেয়ে এবার সন্ত্রাসী হামলার আশঙ্কা বেশি। তবে এ ব্যাপারে আমরা সতর্ক রয়েছি।’ বলেছেন ক্রেইগ রিডি।আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নির্বাহী বোর্ডের সদস্য রিডি বলেন, ‘কয়েক মাস আগেই সরকার সিদ্ধান্ত নিয়েছে, অলিম্পিকে বাড়তি নিরাপত্তা সদস্য মোতায়েন করা হবে। আমি মনে করি, এটা ভালো সিদ্ধান্ত। কারণ, এতে অলিম্পিক নিরাপদ থাকবে।’২৭ জুলাই পর্দা উঠবে অলিম্পিকের। পর্দা নামবে আগামী ১২ আগস্ট। সূত্র: ওয়েবসাইট।