সন্ত্রাসী হামলার কালো ছায়ার নিচে বাংলাদেশ-অস্ট্রেলিয়া
স্টিভ স্মিথকে কোনো প্রশ্ন করতে হলো না। সংবাদ সম্মেলন শুরুর আগেই বিবৃতির মতো করে কিছু কথা বলে গেলেন। যেটির সারমর্ম হলো—আগের রাতের সন্ত্রাসী হামলার ঘটনায় অস্ট্রেলিয়া দলের সবাই খুব মর্মাহত। এটির নিন্দা করার ভাষা তাঁদের জানা নেই। ওই ঘটনায় আহত-নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা। শেষ করলেন আইসিসির নিরাপত্তাব্যবস্থার ওপর পূর্ণ আস্থা এবং টুর্নামেন্টে খেলে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে।
স্মিথের সংবাদ সম্মেলন শেষে বাংলাদেশের এক ফটোসাংবাদিক কৌতূহলভরে স্বদেশি আরেক সাংবাদিককে জিজ্ঞেস করলেন, ‘স্মিথ এত ভালো বলল! মাশরাফি এমন কিছু বলবে তো?’
একটু বোধ হয় বেশিই আশা করে ফেলেছিলেন ওই ফটোসাংবাদিক। মাশরাফির সংবাদ সম্মেলন শুরু হলো একদম প্রথাগতভাবে। লন্ডনে সন্ত্রাসী হামলার প্রসঙ্গ এল। তবে সেটি সাংবাদিকেরা প্রশ্ন করায়। অধিনায়কের মাথায় না-ই আসতে পারে, কিন্তু দলের সঙ্গে থাকা লোকজন, লন্ডনে ভিড় করা ক্রিকেট বোর্ডের কর্তাদের কেউও তো তাঁকে শিখিয়ে দিতে পারতেন। তাঁরা নিশ্চয়ই অনেক জরুরি কাজে ব্যস্ত।
পরদিন একটা ক্রিকেট ম্যাচ। স্টিভ স্মিথের সংবাদ সম্মেলনের বেশির ভাগ সময় তা বোঝারই উপায় থাকল না। ক্রিকেট এল অনেক পরে। এর আগে ঘুরেফিরে আগের রাতের সন্ত্রাসী হামলা। স্মিথরা তখন কী করছিলেন, দলের মানসিক অবস্থা কী ইত্যাদি ইত্যাদি।
শহরের প্রাণকেন্দ্রে এত বড় একটা ঘটনা ঘটে গেছে। সেটিও এমন কিছু ঘটতে পারে, তা অনুমান করে পূর্ণ প্রস্তুতি থাকার পরও। আতঙ্ক তো একটা ছড়াবেই। আজ ওভালে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচটা তাই হঠাৎই ভিন্নমাত্রা পেয়ে যাচ্ছে। যেটি শুধুই আরেকটা ক্রিকেট ম্যাচ নয়। খেলার সীমানা ছাড়িয়ে সন্ত্রাসের ছায়ার নিচে বহমান জীবনের জয়গান গাইবার প্রতিজ্ঞা।
যদি শুধুই ক্রিকেটের সীমানায় থাকেন, দুই দলের জন্যই এটি জীবন-মরণ ম্যাচ। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া সন্ত্রাসের লেলিহান শিখার সর্বশেষ ঝাপটায় এতগুলো প্রাণ ঝরে পড়ার পর খেলার সঙ্গে ‘জীবন-মরণ’ কথাটার ব্যবহার বড় খেলো মনে হয়। তবে প্রতীকী অর্থে ম্যাচটা কিন্তু আসলেই তা-ই। বাংলাদেশ প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরেছে। বৃষ্টির কারণে নিউজিল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে অস্ট্রেলিয়াকে। আজকের ম্যাচে পরাজয় বাংলাদেশের সেমিফাইনাল খেলার সম্ভাবনা নিশ্চিতভাবেই শেষ করে দেবে। অস্ট্রেলিয়া হেরে গেলে তাদের আশাও ঝুলতে থাকবে অনেক ‘যদি’র সুতোয়।
বাংলাদেশকে নিয়ে ইদানীং প্রতিপক্ষ অধিনায়কেরা যা যা বলেন, তার সবই বললেন স্মিথ। ব্যতিক্রম বলতে আলাদাভাবে নির্দিষ্ট তিনটি নাম। তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের বিপক্ষে খেলা আর প্রতিপক্ষ অধিনায়ক সাকিব আল হাসানের নাম ভুলে যাচ্ছেন! সাকিবের সাম্প্রতিক ফর্মও কি তা কিছুটা বুঝিয়ে দিচ্ছে! যা নিয়ে ওয়ানডের এক নম্বর অলরাউন্ডার অবশ্য একটুও চিন্তিত নন।
কাল সকালে হোটেলে তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট সেরে বোলারদের মিটিংয়ে যাচ্ছিলেন। নিজের ফর্ম নিয়ে চিন্তিত কি না, প্রশ্নে হাসি দিয়ে বললেন, ‘এত বছর খেলার পর এসব নিয়ে চিন্তা করলে চলে!’ অনেকে যে বলছেন, ‘সাকিব আর আগের সাকিব নেই!’ এবার হাসিটা আরও বিস্তৃত হলো, ‘একটা ফিফটি মারলে বা দুই উইকেট নিলেই সবাই অন্য কথা বলবে।’
মাশরাফিকেও সাকিবের ফর্ম নিয়ে বলতে হলো।‘সবারই ভালো-খারাপ সময় আসে। সাকিব এই টুর্নামেন্টে ভালো খেলতে না পারলে আমাদের টিমের জন্য সেটি খারাপ হবে। তবে সাকিব আবার ফিরে আসতে পারবে কি না, এই জাতীয় আলোচনা করার কোনো কারণ নেই’—বলে জানিয়ে দিলেন সাকিবের ওপর অসীম আস্থার কথা।
মাশরাফির একই রকম আস্থা তাঁর দলের বোলিংয়ের ওপর। বাংলাদেশের বোলিং এই টুর্নামেন্টে বাকি সব দলের চেয়ে পিছিয়ে তো নয়ই, বরং তাদের চেয়ে ভালো বলেও দাবি করে ফেললেন একবার। তাহলে ৩০৫ করার পরও কেন ইংল্যান্ডের কাছে হারতে হলো? মাশরাফির জবাব তৈরিই ছিল, ‘ইংল্যান্ড-অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা যখন নিজেদের মধ্যে খেলে, তখনো দেখবেন ৩৪০-৫০ রান হয়। অন্য দলও কখনো তা চেজও করে ফেলে। এখানে অনেক অনেক রান চাই।’
ইংল্যান্ডের বিপক্ষে চার বোলার খেলানোর সিদ্ধান্ত সন্দেহাতীতভাবে ভুল বলে প্রমাণিত। আজ কি তা শোধরানো হবে? মাশরাফি সরাসরি কিছু না বললেও কথাবার্তায় যতটুকু আভাস পাওয়া গেল, তাতে বোলার একজন বাড়ছে। তা মেহেদী হাসান মিরাজ না আরেকজন পেসার, এ নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব নাকি আছে।
মিরাজের সম্ভাবনাই হয়তো বেশি। দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা ম্যাচটা যে উইকেটে হয়েছে, আজ সেই উইকেটেই খেলা। তিন দিনের মধ্যে আরেকটি ম্যাচ, স্পিন একটু ধরতেই পারে। এমনিতেও এই উইকেটটা বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের মতো নির্ভেজাল ব্যাটিং-স্বর্গ ছিল না।
মাশরাফির সংবাদ সম্মেলন শুরুই হলো কার্ডিফ দিয়ে। অন্য সব দলের বিপক্ষেই একাধিক জয় আছে, এক অস্ট্রেলিয়ার বিপক্ষেই শুধু এক কার্ডিফই সম্বল। সেই ম্যাচের বাংলাদেশ দলের একমাত্র মাশরাফিই আছেন এবার। কী মনে পড়ে ওই ম্যাচের? ‘বারো বছর আগের কথা...সব কী মনে আছে! শুধু এটা মনে আছে, আমি গিলক্রিস্টের উইকেট নিয়েছিলাম আর ম্যাচের রাতে আমরা লিমোজিনে চড়েছিলাম।’
দুই দলের দ্বৈরথে বাংলাদেশের একমাত্র জয়টা বারো বছর আগে। দুদল সর্বশেষ ওয়ানডে খেলেছে, সেটিও কম দিন আগের কথা নয়। সেই ২০১১ বিশ্বকাপের পরপর বাংলাদেশে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া। সেই শেষ। ২০১৫ বিশ্বকাপে দুই দলের খেলা ছিল। ব্রিসবেনের সেই ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে।