সন্দেহ হচ্ছে পন্টিংয়েরও
গুঞ্জন থাকলেও এত দিন পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্টের জয়কে ‘বিশুদ্ধতার’ মোড়কেই মুড়িয়ে রেখেছিলেন অস্ট্রেলিয়ানরা। কিন্তু পন্টিং নিজেই এখন সন্দিহান, তাঁদের জয়টি সত্যিই যোগ্যতার ফসল, নাকি বাজিকরদের কারসাজি! ‘সিডনি টেস্টের কিছু গুরুত্বপূর্ণ সময়ে কিছু ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে সম্ভবত এখন আমি নিজেও কিছুটা সন্দিহান’—বলেছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক।আগের দিন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক সভাপতি তৌকির জিয়া আভাস দিয়েছেন, ঘটনা সত্যি। তিনি দাবি করেন, সিডনি টেস্ট চলাকালে বাজিকরদের সঙ্গে পাকিস্তানের ছয় ক্রিকেটারের মুঠোফোনে খুদে বার্তা (এসএমএস) আদান-প্রদানের তথ্য পেয়েছিল আইসিসি। পরে সন্দেহভাজন ওই ক্রিকেটারদের ওপর নজর রাখতে পিসিবিকে পরামর্শ দিয়েছিল আইসিসি।তবে তৌকির জিয়ার কথা নয়, পন্টিংয়ের মনে সন্দেহের বিষ ঢেলে দিয়েছে নতুন কিছু তথ্যপ্রমাণ। এই তথ্যপ্রমাণ অনুযায়ী অস্ট্রেলিয়া সফরে পাকিস্তানি ক্রিকেটারদের হোটেলে ঘোরাঘুরি করা সন্দেহভাজন ব্যক্তিটিই যে লন্ডনের বাজিকর মাজহার মাহমুদ, সেটা আইসিসির জানা।সিডনি টেস্টের চতুর্থ ইনিংসে মোহাম্মদ ইউসুফের দলের ব্যাটিং নিয়ে খোদ পাকিস্তানিদের মনেই সন্দেহ আছে। জয়ের জন্য চতুর্থ ইনিংসে প্রয়োজন ছিল ১৭৬ রান। পাকিস্তানিরা ১৩৯ রানেই অলআউট। ওই ইনিংসে পাকিস্তানি ব্যাটসম্যানদের আউট হওয়ার ধরনেই পুঁতে দেয় সন্দেহের বীজ।এদিকে ব্যাপারটা আনুষ্ঠানিকভাবে জানলেও সিডনি টেস্ট নিয়ে কোনো তদন্ত করেনি আইসিসি। কেন করেনি? আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত বলেছেন, তদন্তের জন্য পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণই নাকি তাঁদের হাতে ছিল না। ওয়েবসাইট।