সন্দেহের তির ছিল বাংলাদেশের জয়েও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপাতদৃষ্টিতে সামান্য একটা ফোনকল। সেটাই ওলট-পালট করে দিল সব। দক্ষিণ আফ্রিকার তখনকার অধিনায়ক হানসি ক্রনিয়ের ফোনে আড়ি পেতেছিল দিল্লি পুলিশ। আর তাতেই ধরা পড়ল সন্দেহভাজন জুয়াড়ি সঞ্জয় চাওলার সঙ্গে তাঁর কথোপকথন। যে কথোপকথনের সূত্র ধরে উঠে এল বিশ্বক্রিকেটের বিরাট এক অন্ধকার জগতের ছবি। বিশ্বক্রিকেটের ভিতই নাড়িয়ে দিয়েছিল ২০০০ সালের ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারি। অনেক প্রতিষেধকের পরও যে ‘রোগ’ নির্মূল হয়নি বলেই বোঝা যাচ্ছে। ফিক্সিংয়ের ঘটনাবলির আদ্যন্ত নিয়ে তিন পর্বের ধারাবাহিকের আজ দ্বিতীয় পর্ব:
১২ জুন, ২০০০: বাখারের অভিযোগ
হানসি ক্রনিয়ের চলমান বিচারপ্রক্রিয়ার মধ্যেই আরেকটি বোমা ফাটান দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক আলী বাখার। সাবেক এই প্রোটিয়া ক্রিকেটার জানান, ১৯৯৯ সালের বিশ্বকাপে দুটি ম্যাচ পাতিয়েছিল পাকিস্তান। এই তথ্য নাকি তাঁকে দিয়েছিলেন পাকিস্তান ক্রিকেটের সাবেক প্রধান নির্বাহী মাজিদ খান। বাখারের দাবি অনুযায়ী, সেই বিশ্বকাপে ভারত ও বাংলাদেশের বিপক্ষে দুটি ম্যাচ পাতিয়েছিল পাকিস্তান। অবশ্য পরে সব কয়টি দেশের ক্রিকেট বোর্ডই নাকচ করে দিয়েছিল এই অভিযোগ। সে সময় বাখার আরেকটি গুরুতর অভিযোগ করেন পাকিস্তানি আম্পায়ার জাভেদ আখতারের বিরুদ্ধে। বলেন, ১৯৯৮ সালে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যকার হেডিংলি টেস্টে বিতর্কিত ভূমিকায় দেখা গিয়েছিল জাভেদ আখতারকে। তিনি নাকি সেই টেস্টে আটটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছিলেন পয়সা খেয়ে।
১৩ জুন, ২০০০: ক্যালিসের ‘পাকা খবর’
জ্যাক ক্যালিস নিশ্চিত করেন, হানসি ক্রনিয়ের বিরুদ্ধে মার্ক বাউচার ও ল্যান্স ক্লুজনারের দেওয়া তথ্যপ্রমাণ সঠিক। ২০০০ সালের মার্চে ভারতের বিপক্ষে বেঙ্গালুরু টেস্ট শুরুর আগে ক্রনিয়ে তাঁদের ‘প্রস্তাব’ দিয়েছিলেন।
১৫ জুন, ২০০০: ক্রনিয়ের পদত্যাগ, কাঠগড়ায় আজহার
ম্যাচ পাতানোর কেলেঙ্কারি মাথায় নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন থেকে সরে দাঁড়ান ক্রনিয়ে। কিং কমিশনের কাছে স্বীকার করেন, ১৯৯৬ সাল থেকে তিনি প্রায় এক লাখ ডলার জুয়াড়িদের কাছ থেকে নিয়েছেন ঘুষ হিসেবে। তবে এই টাকার বিনিময়ে কখনোই কোনো ম্যাচ পাতাননি বলেও দাবি করেন দক্ষিণ আফ্রিকার অন্যতম সফল এই অধিনায়ক। শেষপর্যায়ে ভারতীয় অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের দিকে তির ছুড়ে দেন ক্রনিয়ে। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী, ১৯৯৬ সালে আজহারই এক জুয়াড়ির সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দিয়েছিলেন। যদিও সে সময় এই অভিযোগকে ‘ফালতু’ বলে উড়িয়ে দেন আজহার।
১৭ জুন, ২০০০: তদন্তের আওতায় লারাও!
অভিযোগের তির ছুটে গিয়েছিল ক্যারিবীয় ক্রিকেটের বরপুত্র ব্রায়ান লারার দিকেও। ১৯৯৩ সালে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ত্রিদেশীয় সিরিজ চলার সময় ম্যাচ গড়াপেটার সঙ্গে লারার কোনো সম্পৃক্ততা ছিল কি না, তা খতিয়ে দেখতে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। অবশ্য এক সপ্তাহ পরেই নিরপরাধ ঘোষণা করা হয় লারাকে।
২৩ জুন, ২০০০: অশ্রুসিক্ত ক্রনিয়ে
ম্যাচ পাতানোর সঙ্গে সম্পৃক্ততা ও জুয়াড়িদের কাছ থেকে অর্থপ্রাপ্তির কথা আগেই স্বীকার করেছিলেন। কৃতকর্মের জন্য অনুশোচনা করে কিং কমিশনে শেষ দিনে কান্নায় ভেঙে পড়েন ক্রনিয়ে। পরে স্যার পল কনডন আইসিসির দুর্নীতিবিরোধী সংস্থার সভাপতি পদে নিযুক্ত হওয়ার পর ক্ষমাও চেয়েছিলেন ক্রনিয়ে।
২০ জুলাই, ২০০০: ভারতীয় ক্রিকেটারদের বাড়িতে হানা
ম্যাচ গড়াপেটার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠায় তখনকার কোচ কপিল দেব; ক্রিকেটার আজহার উদ্দিন, অজয় জাদেজা, নয়ন মোঙ্গিয়া ও নিখিল চোপড়াসহ বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটারের বাড়িতে হানা দেন দেশটির আয়কর বিভাগের কর্মকর্তারা। পরে সেপ্টেম্বর মাসে কোচের পদ থেকে পদত্যাগ করেন কপিল।
২৮ আগস্ট, ২০০০: গিবস, উইলিয়ামসের নিষেধাজ্ঞা
ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে ২০০০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করা হয় হার্শেল গিবস ও হেনরি উইলিয়ামসকে। অন্য দিকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয় পিটার স্ট্রাইডমকে।
১১ অক্টোবর, ২০০০: আজীবন নিষিদ্ধ ক্রনিয়ে
সবকিছু স্বীকার করে ক্ষমাপ্রার্থনা করেন। কিন্তু কোনো লাভ হয়নি। ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকায় ক্রনিয়েকে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। নিশ্চিত হয়ে যায়, খেলোয়াড় হিসেবে তো নয়ই, অন্য কোনো ভূমিকাতেও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের সঙ্গে কোনো সম্পর্কই আর রাখতে পারবেন না এককালের দাপুটে এই অধিনায়ক।
৩১ অক্টোবর, ২০০০: জড়িয়ে পড়লেন আজহার
শুরুতে ক্রনিয়ের আনা অভিযোগ ‘ফালতু’ বলে উড়িয়ে দিয়েছিলেন। তবে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা—সিবিআইয়ের প্রতিবেদনে জানা যায়, ভারতের তখনকার অধিনায়ক আজহার তাঁর দুই সতীর্থ অজয় জাদেজা ও নয়ন মোঙ্গিয়ার সহায়তায় ম্যাচ পাতিয়েছিলেন। তবে এই প্রতিবেদনে কোচ কপিল দেবের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ হয়নি।
৬ নভেম্বর, ২০০০: লঙ্কান সংযোগ
ম্যাচ পাতানোর সঙ্গে শ্রীলঙ্কার ক্রিকেটারদের সম্পৃক্ততার কথা বের হয়ে আসে ভারতীয় জুয়াড়ি এম কে গুপ্তার স্বীকারোক্তি থেকে। সে সময় ব্রায়ান লারা, ডিন জোন্স, অ্যালেক স্টুয়ার্ট, মার্টিন ক্রো, সেলিম মালিকের পাশাপাশি দুই লঙ্কান ক্রিকেটার অর্জুনা রানাতুঙ্গা ও অরবিন্দ ডি সিলভার দিকেও আঙুল তুলেছিলেন এম কে গুপ্তা। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে রানাতুঙ্গা ও ডি সিলভার বিরুদ্ধে তদন্তের জন্য এক সদস্যের তদন্ত কমিশন গঠন করে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। কিন্তু পর্যাপ্ত তথ্যপ্রমাণ না পাওয়ায় ২০০১ সালের জুলাইয়ে অভিযোগ থেকে অব্যাহতি পান রানাতুঙ্গা ও ডি সিলভা।শ্রীলঙ্কার মতো নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ডও তদন্ত শুরু করে মার্টিন ক্রোর বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে। এখানেও কোনো তথ্যপ্রমাণ জোগাড় করতে পারেননি তদন্ত কর্মকর্তারা। ২০০১ সালের জুলাইয়ে তাঁকেও নির্দোষ বলে ঘোষণা করা হয়।(তৃতীয় ও শেষ পর্ব আগামীকাল)