সন্ধিক্ষণে টিকি-টাকা সভ্যতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিমর্ষ দেল বস্ক, বিষণ্ন ক্যাসিয়াস। হল্যান্ডের কাছে সেই হার স্পেনকে কতটা নাড়িয়ে দিয়েছে, অনুশীলনের এই ছবিটাই তার প্রমাণ l এএফপি
বিমর্ষ দেল বস্ক, বিষণ্ন ক্যাসিয়াস। হল্যান্ডের কাছে সেই হার স্পেনকে কতটা নাড়িয়ে দিয়েছে, অনুশীলনের এই ছবিটাই তার প্রমাণ l এএফপি

যাঁরা বলবেন আজ মারাকানায় স্পেন-চিলি ম্যাচ, তাঁরা শুধু ফুটবল বোঝেন। ফুটবলের গভীর মর্মবাণী বোঝেন না।
স্পেন-চিলি ম্যাচ তো বটেই। তবে তা এই বিশ্বকাপের আর দশটি ম্যাচের মতো নয়। সেটির কারণ এই নয় যে হারলেই বিদায় নেবে স্পেন। চ্যাম্পিয়নদের প্রথম রাউন্ড থেকে বিদায় কি দেখেনি বিশ্বকাপ? দেখেছে। এই ম্যাচ আলাদা, কারণ আজ মারাকানার ৯০ মিনিট ফুটবল ইতিহাসের সন্ধিক্ষণ। যাতে ঠিক হবে, ২০০৮ সালে পত্তন হওয়া টিকি-টাকা সভ্যতা টিকে থাকবে না বিলুপ্ত হয়ে যাবে। না, সাম্প্রতিক অতীতে আর কোনো ম্যাচ এমন গভীর তাৎপর্য নিয়ে হাজির হয়নি।
হল্যান্ডের বিপক্ষে ৫-১ এমনই বিস্ময়কর এক ফল যে, সেটি শুধু স্পেনকে নয়, কাঁপিয়ে দিয়েছে পুরো বিশ্বকাপকেই। দুঁদে কোচ বোরা মিলুটিনোভিচের যেমন বিস্ময়ের ঘোরই কাটছে না, ‘আমি এবারও স্পেনকেই ফেবারিট ধরেছিলাম। যা হলো, দেখেও বিশ্বাস হচ্ছে না।’
ভিসেন্তে দেল বস্কেরই কি বিশ্বাস হচ্ছে নাকি? হল্যান্ড ম্যাচের আগে দেল বস্কের স্পেন ৮৫ ম্যাচের মাত্র ৮টিতে হেরেছে। ফুটবলের প্রতিষ্ঠিত শক্তি হল্যান্ড, গতবারের রানার্সআপও। এই দলের বিপক্ষে নবম পরাজয়টা অভাবনীয় কিছু নয়। অভাবনীয় হলো স্কোর লাইনটা। ১৯৬৩ সালের পর এই প্রথম স্পেনের জালে পাঁচ গোল! দেল বস্কের আর ধ্যানমগ্ন ঋষি থাকা হচ্ছে না, ‘এই পরাজয় মেনে নেওয়া খুব কঠিন।’ আচার-আচরণে, কথাবার্তায় এমনই সংযমী যে, দেল বস্কের মুখে এই সাধারণ কথাটারই অনেক বড় অর্থ হয়ে যাচ্ছে। এটি তো অন্য অনেক কোচের মুখে ‘আমার সব জ্বালিয়ে-পুড়িয়ে দিতে ইচ্ছা করছে’র সমতুল্য!
ঝামেলাটা করছে ওই পাঁচ গোলই। নইলে সমীকরণটা এমন কোনো কঠিন ছিল না। পরের দুই ম্যাচে চিলি আর অস্ট্রেলিয়াকে হারালেই দ্বিতীয় রাউন্ড। গত বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে হারার পরও তো এমনই ছিল পরিস্থিতিটা। গ্রুপের শেষ দুই ম্যাচের আগেই ‘হারলেই বিদায়’ কথাটার চোখ রাঙানি। কাকতালীয়ভাবে, গতবারের শেষ গ্রুপ প্রতিপক্ষই আজ স্পেনের সামনে। কিন্তু এবার শুধু জিতলেই চলছে না, জিততে হবে বড় ব্যবধানে। গত ছয় বছরের স্প্যানিশ রাজত্বে একমাত্র দুর্বলতার জায়গাটাও যে আবার ওটাই। ২০১২ ইউরো ফাইনালে ৪-০ ব্যতিক্রম, এই স্পেনের সিগনেচার স্কোর লাইন তো ১-০।
দেল বস্কের মাথায় সামান্য যা চুল আছে, সেসবও পড়ে যাওয়ার মতো অবস্থা। কী করবেন তিনি? সামনে প্রশ্নের পাহাড়। ক্যাসিয়াসকে নিয়ে প্রশ্ন। জাভি-ইনিয়েস্তাকে নিয়ে প্রশ্ন। দুটি ইউরো ও একটি বিশ্বকাপ জয়ের পথে যে দল ১৯ ম্যাচে মাত্র ৬ গোল খেয়েছে, সেই দলের জালে এক ম্যাচেই পাঁচবার বল ঢুকে যাওয়ার পর ডিফেন্স নিয়ে প্রশ্ন তো অবধারিতই। কী করবেন দেল বস্ক? এত বছর যাঁরা এত কিছু দিয়ে গেছে, এক ম্যাচের ব্যর্থতাতেই তাঁদের বসিয়ে দেবেন?
বিকল্পই বা কোথায়? ২০০২ বিশ্বকাপের ঠিক আগে ভুতুড়ে এক দুর্ঘটনায় ক্যাসিয়াসের বিশ্বকাপ অভিষেক। পায়ে আফটার শেভ লোশনের বোতল পড়ে আহত হলেন কানিজারেস। শুরু হলো ‘ইকার, দ্য সেইন্ট’-এর যুগ। ১৫৫ ম্যাচের ক্যারিয়ারে হল্যান্ডের বিপক্ষে পারফরম্যান্সকে ‘সবচেয়ে বাজে’ বলে রায় দিয়ে দিয়েছেন নিজেই। কিন্তু ক্যাসিয়াস তো শুধু গোলরক্ষকই নন, অধিনায়কও। অধিনায়ককে বসিয়ে দিলে দল মনস্তাত্ত্বিক একটা ধাক্কাও খাবে। এদিকে ম্যানচেস্টার ইউনাইটেড গোলরক্ষক ডেভিড ডি গিয়া আবার চোট পেয়ে বসেছেন। দেল বস্কের হাতে বিকল্প বলতে লিভারপুলের পেপে রেইনা। সেই রেইনা হয়তো খেলবেন না বুঝতে পেরেই সাংবাদিকদের দাবড়ানি দেওয়ার দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিয়েছেন। এপির সাংবাদিকের ‘টিকি-টাকার যুগ শেষ কি না’ প্রশ্নে রেগেমেগে বলেছেন, ‘এই প্রশ্নটা শুনতে শুনতে আমি ক্লান্ত তো বটেই, বিরক্তির চূড়ান্ত সীমানায়ও পৌঁছে গেছি।’
হল্যান্ডের বিপক্ষে ম্যাচ নিয়ে কি কাটাছেঁড়া হয়েছে? রেইনার উত্তরটা এবার আরও চমকপ্রদ, ‘আমরা এ নিয়ে কথা বলেছি। আবার খেলাটা দেখিনি। আমরা মর্ষকামী নই।’ শেষ করেছেন একটা ঘোষণা দিয়ে, ‘এই দল এখনো মৃত নয়। এই দল শেষ হয়ে যায়নি।’
সেটির প্রমাণ পেতেই আজ অধীর অপেক্ষায় ফুটবল বিশ্ব। প্রমাণের সবচেয়ে বেশি দায় জাভি-ইনিয়েস্তার। এই টিকি-টাকা গাড়ির ইঞ্জিন এঁরা দুজন। প্রশ্ন উঠছে, সেই ইঞ্জিন এখন লরঝরে হয়ে গেছে কি না। ইনিয়েস্তা যদি স্পেনের মাঝমাঠের শিল্পী হন, জাভি হলেন হৃৎপিণ্ড। পাসের পর পাস খেলে স্পেনের শরীরে রক্ত সঞ্চালনের কাজটা করে আসছেন তিনিই। গত কিছুদিনের জাভিকে দেখে মনে হতেই পারে, সেই হৎপিণ্ডে ‘ব্লক’ ধরা পড়েছে। বিশ্বকাপের আগেই তো আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপজয়ী কোচ সিজার লুইস মেনোত্তি বলে রেখেছেন, ‘স্পেনের দিকে তাকালে আমার চোখে শুধু নিঃসীম ক্লান্তি ধরা পড়ে। বিশ্বকাপে ওরা শারীরিক ও আবেগগতভাবে ক্লান্ত থাকবে।’ তবে তিনিই আবার শেষ করেছেন এই বলে, ‘সামর্থ্যের ৮০ ভাগ ছুঁতে পারলেই ওরা শিরোপার দাবিদার হয়ে যাবে।’
শিরোপার চিন্তা পরে, আগে তো দ্বিতীয় রাউন্ডে উঠতে হবে। জাবি আলনসো চিলির বিপক্ষে ম্যাচটিকে ‘ফাইনাল’ বলে ঘোষণা করে দিয়েছেন। সার্জিও রামোসও তা-ই। ফ্যাব্রিগাসের কণ্ঠে কি একটু ভয়ই ধরা পড়ছে, ‘না জিতলে আমাদের দেশে ফিরে যেতে হবে। পরিণতি হবে ভয়াবহ।’
চিলির সাম্প্রতিক ফর্ম দুর্দান্ত। কোণঠাসা স্প্যানিশদের ওপর চাপ আরও বাড়িয়ে দেওয়ার সুযোগটা তারা ছাড়বে কেন? মিডফিল্ডার আতুর্রো ভিদাল ঝাঁঝালো কণ্ঠে বলে দিয়েছেন, ‘সবাই স্পেনের বিদায় নিয়ে কথা বলছে। একটা কথা জানিয়ে দিতে চাই, স্পেনকে বিদায় করে দেওয়াটা আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য বিশ্বকাপ জেতা।’
ইতিহাসের অন্য সব বড় দলগুলোর মতো এই স্পেনের খেলায় কখনোই ঔদ্ধত্য ছিল না। এই স্পেনের সবকিছুই নরম, সবকিছুই সুন্দর। সেই কমনীয়তার আড়ালে লুকিয়ে থাকা ইস্পাতকঠিন দৃঢ়তাকে আজ ডেকে পাঠানোর দিন। স্প্যানিশ ফুটবলের যুগসন্ধিক্ষণের এই ম্যাচটিও কি না আবার মারাকানাতে! যে মাঠে বিশ্বকাপে স্পেনের সবচেয়ে বড় পরাজয় (১৯৫০ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে ৬-১), যে মাঠে কনফেডারেশনস কাপের ফাইনালে ব্রাজিলের বিপক্ষে ৩-০ গোলে পরাজয় প্রথম শুনিয়েছিল টিকি-টাকার বেলাশেষের গান। সেই মারাকানাতেই কি সব প্রশ্ন, সব সংশয় উড়িয়ে দিয়ে নবযাত্রা শুরু হবে স্পেনের? নাকি সবকিছুই যেমন একদিন শেষ হয়, টিকি-টাকা সভ্যতারও শেষ লিখে দেবে তা?
আহ্, কখন শুরু হবে এই ম্যাচ!