সন্ধ্যায় আসছে মিসবাহর পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার সঙ্গে সিরিজটা শেষ হলো মাত্র গত রাতে। আর আজই ঢাকায় আসছে পাকিস্তান দল। আজ সন্ধ্যা ৭-৩০ মিনিটে আবুধাবি থেকে সরাসরি ঢাকায় আসছে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ জেতা দলটি। ১৬ সদস্যের দলের নেতৃত্বে আছেন যথারীতি মিসবাহ-উল-হক। ২৫ দিনের বাংলাদেশ সফরে একটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে পাকিস্তান। ২০০২ সালের পর পাকিস্তান দলের এটাই প্রথম পূর্ণাঙ্গ বাংলাদেশ সফর।হাজারো বিতর্কের ভিড়েও এ বছর বিস্ময়কর রকম ধারাবাহিক খেলছে মিসবাহর দল। বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে। মাত্রই শ্রীলঙ্কার সঙ্গে জিতেছে টেস্ট (১-০) ও ওয়ানডে (৪-১) সিরিজ। এ বছর এখনো পর্যন্ত কোনো দ্বিপক্ষীয় টেস্ট বা ওয়ানডে সিরিজ হারেনি দলটি। ওয়ানডেতে অস্ট্রেলিয়ার সঙ্গে যৌথভাবে এখনো পর্যন্ত বছরের সফলতম দল তারাই, জিতেছে ২৯ ওয়ানডের ২১টি। কালকের আগ পর্যন্ত সব ধরনের ক্রিকেটে খেলা ৪১ ম্যাচের মধ্যে ২৮টিতেই জিতেছে তারা। হেরেছে মাত্র নয়টিতে। বাংলাদেশের জন্য কঠিন এক চ্যালেঞ্জ নিয়েই আসছে পাকিস্তান।