সন্ধ্যায় জানা যাবে সাকিবের সর্বশেষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তীব্র জ্বর নিয়ে কাল হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাকিব আল হাসান। শারীরিক অসুস্থতা আজ মাঠে নামতে দেয়নি দেশ সেরা তারকাকে। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তাই সাকিবকে বড্ড মিস করছে দল। সাকিব পরবর্তী ম্যাচ মাঠে নামতে পারবেন কিনা, নাকি এই সিরিজ তাঁকে দর্শক হয়েই কাটিয়ে দিতে হবে, সেটা জানা যাবে আজ সন্ধ্যায়।
জাতীয় দলের অন্যতম নির্বাচক হাবিবুল বাশার প্রথম আলো ডটকমকে জানিয়েছেন, সন্ধ্যার সময় সাকিবের শারীরিক অবস্থা সম্পর্কে ডাক্তারি রিপোর্ট আমাদের হাতে আসবে। এরপরই ওর সম্পর্কে জানাতে পারব। সাকিবকে কাল হাসপাতালে ভর্তি করা হয়েছে এটা জানি।’
কাল থেকেই জ্বরে ভুগছিলেন সাকিব। কোনো ওষুধেই কাজ হচ্ছিল না। সন্ধ্যায় থার্মোমিটারের পারদ উঠে যায় ১০৩ ডিগ্রি। হাসপাতালে ভর্তি হওয়া ছাড়া আর বিকল্প ছিল না বিশ্ব সেরা এই অলরাউন্ডারের।