সপ্তম স্থান নিশ্চিত বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হকি ফেডারেশনের লোগো।
হকি ফেডারেশনের লোগো।

জুনিয়র এশিয়া কাপ হকিতে খেলতে মালয়েশিয়া যাওয়ার আগে সম্মানজনক ফল নিয়েই শঙ্কিত ছিলেন বাংলাদেশ কোচ মাহবুব হারুন। মাঠের লড়াইয়ে নিজেদের সামর্থ্যের পরিচয় দিয়ে প্রতিযোগিতায় সপ্তম স্থান নিশ্চিত করে এখন আরও বড় লক্ষ্যে বাংলাদেশের যুব হকি দল।
শনিবার পেনাল্টি শ্যুট আউটে ওমানকে ৩-২ গোলে হারিয়ে সপ্তম স্থান নিশ্চিত করে মাহবুব হারুনের ছেলেরা। বাংলাদেশ এখন প্রতিযোগিতার পঞ্চম স্থানের জন্য লড়বে।
প্রাণান্তকর এক লড়াই শেষেই আজ ওমানের বিপক্ষে শেষ হাসি বাংলাদেশের। ম্যাচের ৩১ মিনিটে রোমান সরকারের পেনাল্টি কর্নারের গোলে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকেই গোলটি শোধ করে দেন ওমানের আল নোফালি সালমিন। ৬৭ মিনিটে আল শাতারি শফির ফিল্ড গোলে ওমানকে ২-১ গোলে এগিয়ে দিলে সপ্তম স্থানের স্বপ্নটা দূরেরই মনে হচ্ছিল বাংলাদেশের।
তবে ম্যাচের শেষ তিন মিনিটে পুরো দলের চোয়ালবদ্ধ লড়াইয়ের ফল আসে ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে। খেলা যখন শেষ বাঁশির অপেক্ষায় ঠিক তখনই মিলন হোসেনের ফিল্ড গোলে ম্যাচ শ্যুট আউটে নিয়ে যায় বাংলাদেশ।
শ্যুট আউটে পাঁচটি সুযোগের তিনটি কাজে লাগায় বাংলাদেশ। ওমান প্রথম ও শেষটি কাজে লাগালেও দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সুযোগে গোল করতে ব্যর্থ হয়।