সপ্তম স্বর্গ আর মর্ত্যে নরক

খেলাধুলার সঙ্গে ‘লজ্জা’ শব্দটি ঠিক যায় না। জয়-হারের ব্যবধান যত বড়ই হোক, দিন শেষে তো এটি খেলাই। কিন্তু কখনো কখনো লজ্জার চেয়ে উপযুক্ত শব্দ খুঁজে পাওয়াও মুশকিল। বিশেষ করে দলটি যদি হয় ব্রাজিল, ফুটবল যেখানে জীবনের প্রতিশব্দ। ফুটবল মাঠে ব্রাজিলের এভাবে বিব্রত বা নাকাল হওয়া লজ্জা নয় তো কী!
ফুটবল ম্যাচের ফল অনেক সময়ই হয়ে যায় টেনিসের স্কোরলাইন। হকির মতো গোলবন্যাও খুব বিরল কিছু নয়। বিশ্বকাপও এমন ম্যাচ কম দেখেনি। ১৯৫৪ বিশ্বকাপে সেই সময়ের পশ্চিম জার্মানিকে ৮-৩ গোল গুঁড়িয়ে হাঙ্গেরির ‘ম্যাজিকাল ম্যাগিয়ার্স’। আবার একই বিশ্বকাপে জার্মানি ৬-১ গোলে উড়িয়েছে অস্ট্রিয়াকে। সেই অস্ট্রিয়া কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারিয়েছে ৭-৫ গোলে। ১৯৭৪ বিশ্বকাপে জায়ারের জালে ৯ বার বল পাঠিয়েছে যুগোস্লাভিয়া, এই তো ২০০২ বিশ্বকাপে জাপানে সৌদি আরবের জালে ৮টি দিয়েছে জার্মানি। তাই বলে, জার্মানি-ব্রাজিল ম্যাচের ফল ৭-১! ‘অবিশ্বাস্য’ বা একই রকম অর্থের যত শব্দ আছে, বিশেষণ হিসেবে যথেষ্ট নয় কোনোটিই। এই ম্যাচের বর্ণনায় প্রয়োজন নতুন কিছু।
সেমিফাইনালের মতো ম্যাচে অঘটন শব্দটিকেও ফিরিয়ে আনল এই ম্যাচ। এমনিতে সেমিফাইনাল-ফাইনাল মানেই কেহ কারে নাহি ছাড়ে সমানে সমান। তা নিকট অতীতে সেমিফাইনালে ক্রোয়েশিয়া-তুরস্ক-বুলগেরিয়ার মতো অপ্রত্যাশিত নাম থাকার পরও। ১৯৮৬ বিশ্বকাপের সেমিফাইনালে বেলজিয়ামের বিপক্ষে ডিয়েগো ম্যারাডোনার দলের ২-০ গোলে জয়ের পর বিশ্বকাপের সেমিফাইনালে এক গোলের বেশি ব্যবধানে জিততে পারেনি কোনো দল। ১৯৫৪ বিশ্বকাপের ফাইনালে অকল্পনীয়ভাবে হাঙ্গেরির ম্যাজিক্যাল ম্যাগিয়ার্সকে হারিয়ে দিয়েছিল পশ্চিম জার্মানি। ২০ বছর পর আরেকটি ফাইনালে ইয়োহান ক্রুইফের টোটাল ফুটবল থমকে গিয়েছিল ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের জার্মান-যন্ত্রে। সেমিফাইনাল-ফাইনালে ‘অঘটন’ বললে চোখের সামনে ভাসে ওই দুটি উদাহরণই। সেই জার্মানির হাত ধরেই অঘটনের পুনর্জাগরণ। পার্থক্য, ওই দুবার জার্মানির জয়টাই ছিল বিস্ময়। এবার বিস্ময় জয়ের ধরনে। ব্রাজিলের জালে ৭ গোল!
সেই ব্রাজিল, পেলে-গারিঞ্চা-জিকোসহ অসংখ্য ফুটবল কিংবদন্তি উপহার দিয়েছে যে দেশ। যে হলুদ-নীল জার্সি যুগের পর যুগ মাতিয়েছে ফুটবলানন্দে। ফুটবল যাদের কাছে গর্বের আরেক নাম। পরশু মনে হচ্ছিল যেন সেই হলুদ জার্সিরই একটি দলকে ছেড়ে দেওয়া হয়েছে উঁচু, খাড়া পাহাড়ের চূড়া থেকে। প্রতিটি মুহূর্তেই গড়িয়ে যাচ্ছে যারা পতনের দিকে!
জার্মানিকে প্রাপ্য কৃতিত্ব দিতেই হবে। প্রতি-আক্রমণে জার্মানরা ছিল ভয়ংকর, অ্যাটাকিং থার্ডে দারুণ ক্ষুরধার। সত্তর-আশির দশকের সেই জার্ড মুলার, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, ওলফগ্যাং ওভার্যাথ, কার্ল হেইঞ্জ রুমেনিগেদের দল যেমন মাঠে গুঁড়িয়ে দিতে চাইত প্রতিপক্ষকে, মুলার-ক্রুসরা পরশু যেন ফিরিয়ে এনেছিলেন জার্মান ফুটবলের সেই দিনগুলোকে। তবে পাশাপাশি এটাও সত্যি, এই লজ্জার মঞ্চ ব্রাজিলিয়ান ফুটবলাররা নিজেরাই তৈরি করে দিয়েছে। সেন্ট্রাল ডিফেন্সে ডেভিড লুইজ আর দান্তে যেন পরস্পরকে চেনেনই না। মাইকন হাঁপাতে শুরু করেছেন ৫ মিনিটের পরই। হাস্যকরভাবে দু-দুটি গোল উপহার দিয়েছেন ফার্নান্দিনহো, যেন পরিকল্পনা করেই এসেছিলেন! স্তাদিও মিনেইরার ৫৮ হাজার দর্শকের হলুদসমুদ্র তাই ক্রমেই হলো নিস্তরঙ্গ। মাঠ থেকে সরাসরি সম্প্রচার করা ১১০টি টিভি চ্যানেলের সৌজন্যে ফুটবল-বিশ্ব জুড়ে টিভি পর্দার সামনে বিস্ফারিত শতকোটি চোখ। শুধু একটি দলের বিব্রতকর হার নয়। একটি জাতির স্বপ্ন ধুলায় লুটানো, বিশ্বকাপ আনন্দ তিক্ততায় রূপ নেওয়া আর গৌরবময় ইতিহাসে অমোচনীয় কালির ছোপ।
৬৪ বছর ধরে ভয়াবহ এক দুঃস্বপ্নকে সঙ্গী করে বেঁচে আছে ব্রাজিলের একটি প্রজন্ম। সেই ইতিহাস ব্রাজিলিয়ানদের তাড়িয়ে বেড়িয়েছে প্রজন্মের পর প্রজন্ম। ১৯৫০ বিশ্বকাপের ফাইনালে রূপ নেওয়া ম্যাচে আলসিদেস ঘিঘিয়ার গোলে ব্রাজিলিয়ানদের হৃদয় ভেঙে উরুগুয়ে জয়। তেমনই এক দুঃস্বপ্নের সাক্ষী হলো এই সময়ের ব্রাজিল। যন্ত্রণার পেরেক হয়ে যা হয়তো খুঁচিয়ে যাবে প্রজন্মের পর প্রজন্ম!