
বিশ্বকাপে বেলজিয়ামের দল ঘোষণার পরেই ভুরু কুঁচকে গিয়েছিল মারুয়ানে ফেলাইনির, ‘এই ডিভক অরিগিটা কে?’ বিস্মিত বেলজিয়ান ডিফেন্ডার টবি অল্ডারভেইরেল্ড পরে স্বীকার করেছেন, অনুশীলন শুরু হওয়ার আগে অরিগিকে কখনো চোখেই দেখেননি। ১৯ বছর বয়সী স্ট্রাইকারকে না চেনাটাই স্বাভাবিক। জাতীয় দলে আগে কখনো খেলেননি, ক্লাবের হয়েও মনে রাখার মতো কিছু করতে পারেননি। সতীর্থরাই যেখানে ঠিকঠাক চিনতেন না, সেখানে সমর্থকদের তো চেনার প্রশ্নই আসে না। এখন অবশ্য সবাই-ই চিনে ফেলেছেন। রাশিয়ার সঙ্গে মহা গুরুত্বপূর্ণ গোলের পর ‘অরিগি-বন্দনা’য় বেলজিয়াম যে বুঁদ, তাতে আর বিচিত্র কী!
এক বছর আগেও যদি কেউ তাঁকে বলতেন ব্রাজিলে গোল করবেন, অরিগি নিজেই হেসে উড়িয়ে দিতেন। ক্লাব দল লিলের হয়ে নিয়মিত সুযোগ হয় না, সেখানে জাতীয় দলে খেলার কথা ভাবাই তো রীতিমতো স্পর্ধা। তার ওপর লুকাকু, বেনটেকের মতো স্ট্রাইকার আছেন বেলজিয়ামে। নিয়তিই লিখে রেখেছিল এমন আলোয় উদ্ভাসিত হওয়ার এক অধ্যায়। বেনটেকের চোটেই ভাগ্য খুলে গেছে তাঁর। নিজেই জানিয়েছেন, ‘আমার মনে হচ্ছিল বিশ্বকাপের এক মাস বা দুই মাস আগে আমাকে ডাকা হবে। নিশ্চিত ছিলাম না, তবে কেন যেন এটা মনে হচ্ছিল।’
এখন তো রীতিমতো স্বপ্নরাজ্যেই আছেন। আলজেরিয়ার সঙ্গে প্রথম ম্যাচেও বদলি হিসেবে নেমেছিলেন। তবে গোল পাননি। পরশু সেই সুযোগটা নিয়েছেন দুই হাত ভরে। অরিগি আপ্লুত, ‘প্রথম বিশ্বকাপ খেলছি, নিজের দ্বিতীয় ম্যাচে গোল করতে পেরেছি। সবকিছুই দ্রুত ঘটে যাচ্ছে। ব্রাজিলে যাব, সব সময় এমন বিশ্বাস ছিল। আর ফুটবলে কী হয় সেটা আপনি কখনোই বলতে পারবেন না।’
অবিশ্বাস্য শোনাতে পারে, পেশাদার ক্লাব ক্যারিয়ারে এখন পর্যন্ত মাত্র একটা গোল করেছেন! বেলজিয়াম ক্লাব গেঙ্কের যুব একাডেিমতে নাম লিখিয়েছিলেন। ২০১২ সালে চোখে পড়েন ফ্রেঞ্চ ক্লাব লিলের। তবে মূল দলে সুযোগ পেতে অপেক্ষা করতে হয় গত বছর পর্যন্ত। সেখানেও খুব আহামরি কিছু করতে পারেননি। গত মৌসুমে সুযোগ পেয়েছেন ২০টি ম্যাচ খেলার।
মজার ব্যাপার, চাইলে কিন্তু কেনিয়ার হয়েও খেলতে পারতেন অরিগি। ফুটবলও তাঁর রক্তেই মিশে আছে। তাঁর চাচা খেলেছিলেন কেনিয়ার ঘরোয়া লিগে। বাবা মাইক আফ্রিকার দেশটি থেকে পাড়ি জমিয়েছিলেন বেলজিয়ামে, সেখানে গেঙ্কের হয়ে জিতেছেন লিগ শিরোপাও। পরশু মাইক ছেলের ব্রাজিল-জয় দেখেছেন গ্যালারিতে বসেই। পরে অরিগি বলেছেন, ‘তিনি স্টেডিয়ামে ছিলেন। আমার জীবনে তিনি খুবই গুরুত্বপূর্ণ। তিনিই আমার অভিভাবক, তাঁর সামনে গোল করাটা আসলেই বিশেষ কিছু।’
এখন অরিগি বেলজিয়ামের এই প্রতিভাবান দলের অন্যতম অংশই। সতীর্থ অল্ডারভেইরেল্ডের উচ্ছ্বাস, ‘তার সবকিছুই আছে। সে দ্রুত, শক্তিশালী, টেকনিক্যালি ভালো। ওর বয়স কম। বেশি চাপ দেওয়া উচিত হচ্ছে না। কিন্তু ওকে দলে পেয়ে আমরা খুবই খুশি।’ দলের মূল স্ট্রাইকার রোমেলু লুকাকু প্রথম দুই ম্যাচে একেবারেই নিষ্প্রভ। পরের ম্যাচে অরিগি তাঁর জায়গা নিতে পারেন, এমনও ফিসফাস শোনা যাচ্ছে। আপাতত অল্ডারভেইরেল্ডের প্রশংসাপত্র পাচ্ছেন, ‘এটা কোচের ব্যাপার। উনিই ঠিক করবেন। তবে অরিগি দেখিয়েছে সে ব্যবধান গড়ে দিতে পারে।’ রয়টার্স, গোলডটকম৷