সপ্তম স্বর্গে পৌঁছাতে চান ফেদেরার
মিখাইল কুকুশকিন বড় সৌভাগ্যবান!কাজাখস্তানের অখ্যাত এই টেনিস খেলোয়াড়ের নাম কিছুদিন ধরে বিশ্বের সব আন্তর্জাতিক সংবাদমাধ্যমে পৌঁছে গেছে। এবং এতে কুকুশকিনের কোনো কৃতিত্বই নেই। স্রেফ ‘সৌভাগ্য’ক্রমে উইম্বলডনের ড্রয়ে প্রথম রাউন্ডে তাঁর ম্যাচ পড়েছে টেনিস ইতিহাসের সফলতম খেলোয়াড়টির সঙ্গে। কুকুশকিনের সৌভাগ্য, রজার ফেদেরারের প্রতিযোগী হওয়ায় সবাই চিনছে তাঁকে। কুকুশকিনের দুর্ভাগ্য, এক ম্যাচ খেলেই উইম্বলডন থেকে বিদায় নিশ্চিত। শুধু নামই তো নয়, উইম্বলডনের সাফল্যের বিচারেও রজার ফেদেরারের মুখোমুখি হওয়া মানেই পরাজয়কে আলিঙ্গন করা। এখানে ছয়টি শিরোপা জেতা সুইস মাস্টারের বিপক্ষে র্যাঙ্কিংয়ের ষাটে থাকা কুকুশকিন কোনো প্রতিদ্বন্দ্বী? ফেদেরার ২০০৩ থেকে ২০০৭ পর্যন্ত টানা পাঁচবার জিতেছেন উইম্বলডন। ক্যারিয়ারের রেকর্ড ১৬টি গ্র্যান্ড স্লাম শিরোপার প্রথমটিও এখান থেকেই পাওয়া। ফেদেরারের সামনে এখন পিট সাম্প্রাসের সাতটি উইম্বলডন জেতার রেকর্ড ছোঁয়ার উপলক্ষ।চোখ বুজলেই নাকি ৩ জুলাইয়ের ফাইনালে নিজের হাতে ট্রফিটা দেখতে পাচ্ছেন। কিন্তু ফেদেরার এও ভালো করে জানেন, এখানে তাঁর চ্যালেঞ্জটা কত কঠিন। এখন আর উইম্বলডনের নিরঙ্কুশ ফেবারিট তিনি নন। ২০১০ অস্ট্রেলিয়ান ওপেনের পর গত পাঁচটি গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টেই খালি হাতে ফিরতে হয়েছে তাঁকে। এখন শুরু হয়েছে রাফায়েল নাদালের আধিপত্য। ‘ক্লে কোর্টের রাজা’ নাদাল ২০০৮ আর ২০১০ সালে ঘাসের কোর্টও মাতিয়েছেন। গত আট বছরে এই দুজন ছাড়া আর কেউ এখান থেকে শিরোপা নিয়ে যেতে পারেননি বটে, কিন্তু নোভাক জোকোভিচ আছেন। আছেন ব্রিটিশদের সবেধন নীলমণি অ্যান্ডি মারে, কুইন্সের শিরোপা জিতে ব্রিটিশদের আশার পালে আবারও হাওয়া লাগিয়েছেন।ফেদেরারকে তাই সপ্তম স্বর্গে পৌঁছাতে চাইলে পাড়ি দিতে হবে কঠিন পথ। তার পরও ফেদেরার প্রস্তুত। টেনিসের সবচেয়ে ঐতিহ্যবাহী এই টুর্নামেন্ট জেতার জন্য যে প্রতিবারই ব্যাকুল হয়ে থাকেন, ‘জানি, এখানে সাম্প্রাসের রেকর্ড ছুঁয়ে ফেলার সুযোগ এসেছে। এটা তো অবশ্যই খুবই স্পেশাল, খুবই গুরুত্বপূর্ণ এক অর্জন হবে। তা ছাড়া আমি চোখ বন্ধ করে যখন উইম্বলডনের কথা ভাবি, আমার চোখে উইম্বলডন ট্রফি জেতার ছবিটাই ভেসে ওঠে। এই ছবিটাই আমি সবচেয়ে উজ্জ্বলভাবে দেখি।’ পুরুষদের কোর্টে লড়াইটা তাই জম্পেশই হবে। কিন্তু মেয়েদের কোর্টে? কিম ক্লাইস্টার্স সরে যাওয়ায় হয়তো রং হারিয়েছিল উইম্বলডন কিন্তু আবারও রং ফিরে এসেছে উইলিয়ামস বোনেরা ফেরায়। নিজের ফর্মে ফিরেছেন মারিয়া শারাপোভাও। শীর্ষ বাছাই ক্যারোলিন ওজনিয়াকি আবারও আশায় বুক বাঁধছেন ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লামটি জিতবেন বলে। ওদিকে ফ্রেঞ্চ ওপেন জিতে ইতিহাস গড়া লি নাও বলছেন, ‘আমি প্রস্তুত।’ কিন্তু এবার তো তাঁর কাঁধে শতকোটি চীনার প্রত্যাশাপাথরও চেপে বসবে। লি বলছেন, ‘হ্যাঁ, কিছুটা চাপ আছে। তবে আমি এটা পছন্দই করছি। এই চাপ তো আপনাকে আরও ভালো করার জন্য প্রেরণাও হতে পারে।’ এএফপি, রয়টার্স।