সপ্তম স্বর্গের সন্ধানে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিট সাম্প্রাসের রেকর্ড এবার ছুঁতে পারবেন রজার ফেদেরার? নাকি, গত দুবারের মতো নতমস্তকেই বিদায় জানাবেন প্রিয় গ্র্যান্ড স্লামকে? উইম্বলডনের রাজাকে সিংহাসন ফিরে পেতে হলে জীবনের সেরা লড়াইয়ে লড়তে হবে। ত্রিমুখী লড়াইয়ে যে পেছনে ফেলতে হবে প্রবল দুই প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচকে।গত দুবার কোয়ার্টার ফাইনালেই বিদায় নেওয়া ফেদেরার উইম্বলডন জিতেছেন ছয়বার। মার্কিন কিংবদন্তি পিট সাম্প্রাসের চেয়ে একটি কম। ২০১০ সালের অস্ট্রেলিয়ান ওপেনটাই শেষ গ্র্যান্ড স্লাম হয়ে আছে সর্বোচ্চ ১৬টি গ্র্যান্ড স্লামজয়ী তারকার। তবে সুইস তারকা এবার আত্মবিশ্বাসী, পুরুষ টেনিসে জোকোভিচ-নাদালের আধিপত্য ভেঙে দিতে পারবেন। কাজটা যে সহজ হবে না সেটা জানেন আগামী আগস্টে ৩১-এ পা দিতে যাওয়া বিশ্বের তিন নম্বর খেলোয়াড়। উইম্বলডনের প্রস্তুতি টুর্নামেন্ট হ্যালের ফাইনালে তিরিশোর্ধ্ব টমি হাসের কাছে হেরেছেন। তবে প্রথম রাউন্ডে স্পেনের আলবার্ট রামোসের মুখোমুখি হতে যাওয়া ফেদেরার মনে করেন শুধু বোকারাই তাঁর কোনো সম্ভাবনা দেখে না, ‘বছরের এই সময়টা আমার। এখানে যেমন আমার সুযোগ আছে তেমনি আছে ইউএস ওপেনেও। রোমাঞ্চকর সময়ই অপেক্ষা করছে সামনে।’চ্যাম্পিয়ন হলে আবারও এক নম্বর হওয়ার সুযোগ ফেদেরারের সামনে, তবে সে জন্য সম্ভবত সেমিফাইনালেই হারাতে হবে জোকোভিচকে। নাদালও উঠতে পারেন র‌্যাঙ্কিংয়ের শীর্ষে, যদি সেমিফাইনালের আগেই বিদায় হয় জোকোভিচের। টেনিসের এই ত্রিপক্ষীয় প্রতিদ্বন্দ্বিতা বেশ উপভোগ করছেন মাত্রই সপ্তমবারের মতো ওপেন জেতা রাফায়েল নাদাল। ১১টি গ্র্যান্ড স্লামজয়ী স্প্যানিশ তারকার কথা, ‘এটা এমন একটি বিষয় যা আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করে। আর এটাই এগিয়ে নিচ্ছে আমার টেনিসকে।’ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে নাদালের কাছে হেরে ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম বঞ্চিত হওয়া বিশ্বের এক নম্বর সেই স্মৃতিকে ভুলে এগোতে চান সামনের দিকে। মহিলা এককে ফেবারিট নিজেকে নতুন করে ফিরে পাওয়া মারিয়া শারাপোভা। তবে তাঁকে চ্যালেঞ্জ ছুড়ে দেবেন বর্তমান চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভা, ভিক্টোরিয়া আজারেঙ্কা ও সেরেনা উইলিয়ামসরা। তবে আজ শুরু উইম্বলডনে যা-ই হোক, বেশির ভাগ তারকাই পাখির চোখ করেছেন অলিম্পিককে। আগামী মাসে একই ভেন্যুতে হবে অলিম্পিকের টেনিস। এএফপি, রয়টার্স।