সফর তাঁদের বিশ্বকাপ প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৫ অক্টোবর থেকে বাংলাদেশের বিপক্ষে পাঁচ ওয়ানডের সিরিজ। এরপর নভেম্বরে ভারত সফর। ২০১১ বিশ্বকাপের আগে এই দুটি সফরকে দারুণ সুযোগ বলেই মনে করছেন নিউজিল্যান্ড অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি।আইসিসির সাপ্তাহিক অডিও শোতে ভেট্টোরি বলেছেন, বিশ্বকাপের আগে বিশ্বকাপের আয়োজক দেশগুলোয় সিরিজ খেলার সুবাদে অন্য দলগুলোর চেয়ে একটু বেশিই সুবিধা পাবে তার দল, ‘আমার মনে হয়, নিউজিল্যান্ড দল বেশ ভাগ্যবান। বিশ্বকাপের আগে আমরা শ্রীলঙ্কা, বাংলাদেশ ও ভারত সফরের সুযোগ পাচ্ছি।’ গত মাসে শ্রীলঙ্কায় তিনজাতি ওয়ানডে সিরিজ খেলার পর এ মাসের ২৮ তারিখে নিউজিল্যান্ড দল আসবে বাংলাদেশে। এরপর আগামী ৪ নভেম্বর থেকে ভারতে দুই টেস্ট ও পাঁচ ওয়ানডের সিরিজ খেলবে তারা।উপমহাদেশের এই তিন সফরকে বিশ্বকাপের আদর্শ প্রস্তুতি বলেই মনে করেন নিউজিল্যান্ডের অধিনায়ক, ‘উপমহাদেশে আমরা সম্ভাব্য সেরা প্রস্তুতি আর ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি। বিশ্বকাপে আমাদের সম্ভাবনা অনেক বাড়িয়ে দেবে এটা।’ কথাটা যে তিনি বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়েই বলছেন, সেটা খুলে না বললেও চলত। ভেট্টোরি তার পরও বলছেন, ‘নিউজিল্যান্ড দলের জন্য বিশ্বকাপ জেতাটা হবে সবচেয়ে বড় অর্জন। আমাদের প্রস্তুতি খুব ভালো চলছে। শ্রীলঙ্কা সফর করেছি, বাংলাদেশেও যাব শিগগিরই। এরপর ভারত সফর আছে। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে এই সফরগুলো আমাদের সেরা প্রস্তুতির সুযোগ করে দেবে। আমার মনে হয়, বিশ্বের সব ক্রিকেটারেরই স্বপ্ন থাকে বিশ্বকাপে খেলার। উপমহাদেশ তো সেটার সবচেয়ে বড় মঞ্চই।’বাংলাদেশ ও ভারত সফরে ভালো করার ব্যাপারে ভেট্টোরিকে আশাবাদী করে তুলছে দলের সমন্বয়, ‘আমাদের টপ-অর্ডারে ব্রেন্ডন ম্যাককালাম, জেসি রাইডার ও রস টেলরের মতো বিশ্বমানের ক্রিকেটার আছে। কাইল মিলস ও আমাকে নিয়ে বোলিং আক্রমণটাও কিছুটা অভিজ্ঞতাসম্পন্ন। এ ছাড়া দলে প্রতিভাবান ক্রিকেটারও আছে বেশ কয়েকজন।’আত্মবিশ্বাস আছে, আছে ভারসাম্যপূর্ণ একটা দল। তার পরও প্রত্যাশিত সাফল্য অর্জনের জন্য একটা জিনিসকেই বড় করে দেখছেন ভেট্টোরি—কঠোর পরিশ্রম। তথ্যসূত্র: আইসিসির সংবাদ বিজ্ঞপ্তি।