সফর বাতিল, পিসিবির প্রতিক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের নিষেধাজ্ঞার কারণে আপাতত পাকিস্তান সফরে যাচ্ছে না বাংলাদেশ। একেবারে শেষ মুহূর্তে সফর আটকে যাওয়ার এ ঘটনায় পাকিস্তানের ক্রিকেট অঙ্গনে ভর করেছে রাজ্যের হতাশা। সেই সঙ্গে হতাশা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড—পিসিবি।পাকিস্তানের টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচারিত বক্তব্যে পিসিবির প্রধান জাকা আশরাফ বলেন, ‘আমরা বিস্মিত। সম্পূর্ণ ক্রিকেটীয় একটা বিষয়কে আদালতে টেনে নেওয়া হয়েছে। পাকিস্তান ক্রিকেট ও সমর্থকদের জন্য এটি বড় হতাশার খবর।’পিসিবির মুখপাত্র নাদিম সরওয়ারের অভিযোগ, দুই দেশের সম্পর্ক নষ্ট করার লক্ষ্যেই বাংলাদেশ দলের পাকিস্তান সফরের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে। একই মত প্রকাশ করে পিসিবির চিফ অপারেটিং অফিসার সুবহান আহমেদ বলেছেন, এ ঘটনা পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনার প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করবে।সফরের বৈধতা চ্যালেঞ্জ করে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ দলকে পাকিস্তানে পাঠানোর ওপর চার সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। আদালতের নিষেধাজ্ঞার পরপরই বিষয়টি পিসিবি ও আইসিসিকে জানিয়ে দেয় বিসিবি। বাংলাদেশ দলের পক্ষে সম্প্রতি নির্ধারিত সূচি (২৮ এপ্রিল থেকে ১ মে) মেনে পাকিস্তানে যাওয়া সম্ভব নয়, জানানো হয়েছে সেটাও।এর আগে ১৫ এপ্রিল আইসিসির সভা শেষে বিসিবি ও পিসিবি এক যৌথ বিবৃতিতে জানিয়েছিল, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তান দল ২৯ এপ্রিল একটি ওয়ানডে এবং ৩০ এপ্রিল একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। নিরাপত্তার দিক বিবেচনা না করে বাংলাদেশ জাতীয় দলকে পাকিস্তানে পাঠানো কেন জনস্বার্থ বিরোধী হিসেবে বেআইনি ঘোষণা করা হবে না, এই মর্মে রুল আবেদন জানিয়ে গতকাল সকালে রিটটি করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী কামাল হোসেন মিয়াজী ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষক খন্দকার দিদার-উস সালাম।পাকিস্তানের সব কটি সংবাদপত্র বাংলাদেশ দলের সফরে না যাওয়ার খবরটি বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। সব সংবাদেই প্রকাশ পেয়েছে পাকিস্তানের হতাশা। সূত্র: ওয়েবসাইট।