সফরে টিকে থাকা খুব কঠিন ছিল: আফ্রিদি
বিতর্কে মোড়ানো এক সফর শেষে আজ শুক্রবার দেশে ফিরে এসেছে পাকিস্তান দল। একের পর এক ফিক্সিং-বিতর্ক ওঠায় নির্ধারিত সময়ের আগেই পাকিস্তানের দেশে ফিরে আসার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। কিন্তু সব আশঙ্কা কাটিয়ে ইংল্যান্ডে পুরো সফরই শেষ করে এসেছেন পাকিস্তানের ক্রিকেটাররা। কেমন ছিল বিতর্কে মোড়ানো এই সফরের অভিজ্ঞতা? অধিনায়ক শহীদ আফ্রিদি কোনো রাখঢাক না করে সরাসরিই বললেন, ‘সফরে টিকে থাকা খুব কঠিন ছিল।’করাচি বিমানবন্দরে পৌঁছেই আফ্রিদি বলেন, ‘নানা বিতর্কের কারণে কঠিন সময় কেটেছে আমাদের। সফরে টিকে থাকা আমাদের জন্য খুব কঠিন ছিল। হোটেলের বাইরে গেলেই লোকজনের বাজে মন্তব্য শুনতে হয়েছে আমাদের।’ কঠিন সফরটা শেষ করার পেছনে আফ্রিদি কৃতিত্ব দিয়েছেন ক্রিকেটারদের, ‘পুরো সফরের সবচেয়ে একটি বড় অংশ হলো, কঠিন সময়ের মধ্যে আমাদের ক্রিকেটাররা সংঘবদ্ধ থাকতে পেরেছে এবং ওয়ানডে সিরিজে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পেরেছে।’ইংল্যান্ড সফরে টেস্ট ও ওয়ানডে দুটি সিরিজেই হেরেছে পাকিস্তান দল। মাঝে অনুষ্ঠিত টি-টোয়েন্টি ম্যাচের দুটিতেই হার। তবে ক্রিকেটারদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে কোচ ওয়াকার ইউনুস বলেন, ‘গত অস্ট্রেলিয়া সফরে আমাদের পারফরম্যান্স সন্তোষজনক ছিল। কিন্তু নানা বিতর্কের কারণে ইংল্যান্ড সফরটা কঠিন ছিল। প্রতিদিনই যখন পত্রিকায় নেতিবাচক সংবাদ প্রকাশিত হয়, তখন ক্রিকেটারদের প্রতি বাড়তি সহযোগিতা অপরিহার্য হয়ে পড়ে।’—ক্রিকইনফো