সব আইসিসির হাতে ছেড়ে দিচ্ছেন কামাল
পাকিস্তান সফর নিয়ে তিন রকম কথা বাতাসে ভাসছে।কেউ বলছেন, বিসিবি সভাপতি সরকারের সবুজ সংকেত পেয়েই সফরের ব্যাপারে সম্মতি দিয়েছেন। কারও কারও ধারণা, তারিখ ঘোষণা হয়ে যাওয়া মানেই এই নয় যে বাংলাদেশ দল পাকিস্তানে যাবে। পাকিস্তানে যা ঘটছে, আইসিসি নির্ঘাত নিরপেক্ষ আম্পায়ার পাঠাবে না। বিসিবিকে বাঁচিয়ে দেবে সেটাই। অনেকে আবার বাংলাদেশ পাকিস্তানে যাচ্ছেই ধরে নিয়ে মুণ্ডপাত শুরু করেছে বোর্ড সভাপতির।এই তিন সম্ভাবনার মধ্যে শেষ পর্যন্ত কোনটা ঘটতে যাচ্ছে? দুবাইয়ে অবস্থানরত বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামালের সঙ্গে কাল টেলিফোনে কথা বলেও ধোঁয়াশাটা কাটেনি। তিনি এখন সবকিছু ছেড়ে দিতে চাইছেন আইসিসির ওপর।এর আগে বিসিবি সভাপতি বলেছিলেন, আইসিসি নিরপেক্ষ আম্পায়ার দিলেই কেবল বাংলাদেশ দল পাকিস্তানে যাবে। পাকিস্তান সফরের ব্যাপারে সম্মতিজ্ঞাপন সেই শর্তেই কি না, জানতে চাইলে সভাপতির নৈর্ব্যক্তিক উত্তর, ‘আইসিসি কী করে সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এটা আইসিসির ইভেন্ট। তারাই যা করার করবে।’ আইসিসি নিরপেক্ষ আম্পায়ার না দিলেও কি বাংলাদেশ দল পাকিস্তানে যাবে? মুস্তফা কামাল বললেন, ‘আগেও বলেছি, আইসিসির এতে সম্পৃক্ত হতে হবে। তবে আইসিসির সভায় এ নিয়ে ৩০ মিনিটের ওপর আলোচনা হয়েছে। সবাই বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেছে।’ পাকিস্তানে যাওয়ার সিদ্ধান্তে সরকার বা বোর্ডের সবুজ সংকেত থাকা না-থাকার ব্যাপারটিও এড়িয়ে গেছেন সভাপতি, ‘এখানে সরকার কোনো বাধা নয়। বাংলাদেশের ক্রিকেটে সরকার কখনোই বাধা হয়নি।’২০১২ সালের জুন থেকে দুই বছরের জন্য আইসিসির সহসভাপতি হিসেবে বিসিবি ও পিসিবি যৌথভাবে মুস্তফা কামালের নাম প্রস্তাব করেছে। কাল এই প্রস্তাব অনুমোদন হওয়ার কথা থাকলেও স্থগিত হয়ে গেছে সেটি। তবে তাতে বাংলাদেশের সহসভাপতি না হওয়ার আশঙ্কা জাগছে না বলে মনে করেন মুস্তফা কামাল, ‘আইসিসির গঠনতন্ত্রে কিছু সংশোধনী আনা হয়েছে। এই গঠনতন্ত্র জুনে অনুষ্ঠেয় বার্ষিক সভায় পাস হতে হবে। সেজন্যই আপাতত এটি স্থগিত করা হয়েছে। আমার মনে হয় না এতে আমাদের সম্ভাবনা কমছে। যে নিয়মই হোক, ভোটাভুটিতে পাস করলে আমি আইসিসির পরবর্তী সহসভাপতি হব।’জাতীয় দলের কোচ স্টুয়ার্ট ল-র পদত্যাগ ঘোষণার সংবাদ সম্মেলনেও কাল ঘুরেফিরে এসেছে পাকিস্তান সফর প্রসঙ্গ। বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান এনায়েত হোসেন সফরের ব্যাপারে আগের সিদ্ধান্তে অটল থাকার কথাই জানিয়েছেন, ‘নিরাপত্তা পরিকল্পনা আইসিসির মনঃপূত হওয়া না-হওয়ার ওপরই নির্ভর করছে আমাদের যাওয়া না-যাওয়া। আশা করি, আইসিসি পাকিস্তানে নিরাপত্তাদল পাঠাবে। যতক্ষণ পর্যন্ত আইসিসির ক্লিয়ারেন্স না-পাব, আমার মনে হয় না বিসিবি কোনো সিদ্ধান্ত নিতে পারবে।’২০০৯ সালের মার্চে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর হামলার পর গত তিন বছরে কোনো আন্তর্জাতিক ক্রিকেট দল পাকিস্তানে যায়নি। বাংলাদেশ দলের কোচ-ক্রিকেটারদের বেশির ভাগও না যাওয়ার পক্ষে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটার তো কাল এমনও বললেন, ‘অস্ট্রেলিয়া-ইংল্যান্ড কেউ পাকিস্তানে যায় না। তাহলে কি তাদের জীবনের চেয়ে আমাদের জীবনের মূল্য কম হয়ে গেল! গাড়ির কাচ বুলেটপ্রুফ হয়, আমাদের গায়ের চামড়া তো তা নয়!’তবে এনায়েত হোসেনের কথা ঠিক হলে আশ্বস্ত হতে পারেন ক্রিকেটাররা, ‘আমার মনে হয় না বিসিবি এমন কোনো সিদ্ধান্ত নেবে যেখানে খেলোয়াড়েরা যেতে চাইবে না।’ আর যদি বিসিবি যাওয়ার সিদ্ধান্ত নেয়ও, কেউ চাইলে নাকি সফর এড়াতেও পারবেন, ‘না যাওয়ার স্বাধীনতা অবশ্যই থাকবে। এটা তো স্বাধীন দেশ।’