সব আলো তাঁর ওপর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠিকমতো খেতে পারছেন না। ফোন আসছে একের পর এক। জবাব দিতে গিয়ে কখনো ‘থ্যাংক ইউ...থ্যাংক ইউ’ বলছেন, কখনো ফেটে পড়ছেন হাসিতে। সেই হাসির আভা যেন ডাইনিং রুম থেকে ছড়িয়ে পড়ছে গোটা শ্যুটিং রেঞ্জে। শারমিন আক্তার রত্নার তো আজ হাসারই দিন!সোনালি হাসিতে চারদিক এমন ভরিয়ে তোলার উপলক্ষটা হাতের মুঠোয় বন্দী করেছেন কিছুক্ষণ আগে। মাগুরার দুরন্ত মেয়েটি জিতে নিয়েছেন দক্ষিণ এশীয় গেমস শ্যুটিংয়ে বহু আকাঙ্ক্ষিত সোনা। মেয়েদের দশ মিটার এয়ার রাইফেলে ৪০০তে ক্যারিয়ার-সেরা ৩৯৮ স্কোর তাঁর। ফাইনালে সতীর্থ সাদিয়া সুলতানা লড়াইয়ে ফেললেও শেষ পর্যন্ত রত্না নিজের দিকেই ঘুরিয়ে নিয়েছেন সব আলো।দুষ্টুমি, খুনসুটি, চিত্কার-হইহল্লা। কুড়ি বছরের জীবনে এগুলোই তাঁর বড় বৈশিষ্ট্য। কথা বলার সময়ও দুষ্টুমি খেলা করে চোখে-মুখে। ‘আমি তো রেঞ্জে সারাক্ষণ হইচই করি। আমাকে জোর করে থামাতে হয়। তাও আটকাতে পারে না...। মজা করতে খুব ভালোবাসি’—হুট করে খ্যাতির আলোয় উদ্ভাসিত নতুন ক্রীড়া তারকা নয়; রত্না যেন আর দশটা উচ্ছল মেয়ের মতোই। ছোটবেলায় ‘মজা করার’ সাধটা একবার মিটেছিল গাছ থেকে পড়ে গিয়ে। তখন তাঁর বয়স মাত্র ৬ বছর। ‘ভাগ্যিস হাড়গোড় ভাঙেনি’—এই একটা কথার মাঝে তিনবার দুষ্টুমিষ্টি হাসি ঝিলিক দিয়ে গেল চোখে-মুখে।এসএসসি পরীক্ষার আগে মডেল টেস্ট না দেওয়া, অঙ্কে মাত্র ২৫ পাওয়া, ক্লাস-ট্লাস ঠিকমতো না করা—এমন একজন ছাত্রীকে স্যাররা পরীক্ষার প্রবেশপত্রই দিতে চাইছিলেন না। এক স্যার বলেছিলেন, ‘পাস তো করবা না। খামোখা কষ্ট করে কী লাভ।’ কিন্তু সৃষ্টিশীলেরা যে অন্য ধাতুতে গড়া। এসএসসি পরীক্ষায় বেশ ভালো ফল করেছেন। যে অঙ্ক নিয়ে স্যারদের এত দুশ্চিন্তা, তাতে ‘এ’ প্লাস! প্রিয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার কখনো সেঞ্চুরির কাছে পৌঁছালে টিভি একবার বন্ধ করেন একবার অন করেন—টেনশনে অস্থির। তবে অস্থিরতা থাকে না গল্পের বই হাতে নিলে। তখন তিনি নিমগ্ন পাঠক। তন্ময় হয়ে পড়েন হুমায়ূন আহমেদের বই। প্রিয় চরিত্র হিমু। পছন্দ করেন বই কিনতে। কাল তো শ্যুটিং শেষ করে অপেক্ষায় ছিলেন পুরস্কার নিয়েই ছুটবেন বইমেলায়। ১৮ ফেব্রুয়ারি দিল্লিতে কমনওয়েলথ গেমসের শ্যুটিংয়ের প্রস্তুতি শুরুর আগে এক রত্তি ফুরসত। কাজেই দে ছুট বইমেলায়! এইচএসসির পর পড়াশোনায় আপাতত ক্ষান্তি। বিয়ে করেছেন ৪ বছর আগে। স্বামী ঝিনাইদহের ছেলে মোহাইমেনুল কারনাইন ঢাকাতেই বিবিএ পড়েন। স্বামীর সহযোগিতায় নিশ্চিন্তে শ্যুটিং করতে পারছেন বলে সুখীই মনে হলো তাঁকে। সামরিক কর্মকর্তা বাবা রফিকুল ইসলামের চাকরি সূত্রে ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজে নবম শ্রেণীতে পড়ার সময় ঘটনাচক্রে জড়িয়ে পড়া শ্যুটিংয়ে। ‘আন্তক্লাব শ্যুটিংয়ে শ্যুটার চাই’ আবেদনে সাড়া দিয়ে অলিম্পিকে পদকের স্বপ্ন দেখেন রজনী-কংকা-তমাদের বড় বোন! সোনালি হাসিটা দিতে চান আরও ছড়িয়ে!