সব ছাপিয়ে আবার ক্রিকেট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিসবেনে প্রথম টেস্টে হারতে হয়েছে শোচনীয়ভাবে। সেই দুঃস্বপ্ন ভুলে ঘুরে দাঁড়ানোর প্রতিজ্ঞা ইংল্যান্ড শিবিরে। গতকাল অ্যাডিলেড ওভালে অনুশীলনে জেমস অ্যান্ডারসন, জো রুট ও বেন স্ট্রোকস  এএফপি
ব্রিসবেনে প্রথম টেস্টে হারতে হয়েছে শোচনীয়ভাবে। সেই দুঃস্বপ্ন ভুলে ঘুরে দাঁড়ানোর প্রতিজ্ঞা ইংল্যান্ড শিবিরে। গতকাল অ্যাডিলেড ওভালে অনুশীলনে জেমস অ্যান্ডারসন, জো রুট ও বেন স্ট্রোকস এএফপি

উড়তে থাকা ইংল্যান্ডকে মাটিয়ে নামিয়ে এনেছিলেন মিচেল জনসন। হারতে থাকা অস্ট্রেলিয়াও ঘুরে দাঁড়িয়ে পেয়েছিল দারুণ জয়। সঙ্গে ওয়ার্নার-ক্লার্কের সেঞ্চুরি, স্টুয়ার্ট ব্রডের ৮ উইকেট—ব্রিসবেন সাক্ষী টেস্ট ক্রিকেটের এমন ধ্রুপদি রূপের। অথচ সব ছাপিয়ে কি না আলোচনার বিষয় হয়ে গেল মাঠের স্লেজিং আর মাঠের বাইরে কথার লড়াই!
ব্রিসবেন থেকে অ্যাডিলেড, মাঝের এই দিনগুলোয় ক্রিকেট নিয়ে আলোচনা যত হয়েছে তার চেয়ে বেশি কথা হয়েছে মানসিক অবসাদে আক্রান্ত ট্রট, তাঁকে নিয়ে রূঢ় মন্তব্য করা ওয়ার্নার, অ্যান্ডারসনকে স্লেজিং করে মাইকেল ক্লার্কের জরিমানা নিয়ে। এই কদিন বাকি সব ছিল ক্রিকেটকে ছাপিয়ে। অ্যাডিলেডে আজ থেকে কি আবার ক্রিকেটই মুখ্য হয়ে উঠবে সব ছাপিয়ে?
মনোযোগটা ক্রিকেট থেকে অন্যদিকে সরিয়ে দেওয়ার দায়টা অবশ্য দুই দলের ওপরই চাপিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক, ‘আমার মনে হয় দুই দলের জন্যই এটা বোঝা গুরুত্বপূর্ণ যে শেষ টেস্টের কিছু কিছু ব্যাপার ক্রিকেটের জন্য ভালো ছিল না। হয়তো আমরা আবেগটা বেশি দেখিয়েছি, ফলে কিছু বিশ্রী ব্যাপার ঘটে গেছে।’ এই টেস্টে তাই একই জিনিসের পুনরাবৃত্তি না করার আশাবাদ ইংল্যান্ড অধিনায়কের কণ্ঠে, ‘ঠিকভাবে খেলাটাই গুরুত্বপূর্ণ। মানুষ কঠিন ক্রিকেট দেখতে চায়, ওরা সেটাই উপভোগ করে, বিশেষ করে যখন ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার খেলা হয়। কিন্তু আমাদের সীমা লঙ্ঘন করা উচিত হবে না।’ এর জন্য দুই অধিনায়ককেই কিছু বাড়তি দায়িত্ব পালন করতে হবে বলে মনে করেন কুক, ‘অবশ্যই মাইকেল (ক্লার্ক) ও আমাকে দায়িত্ব নিতে হবে যাতে এ রকম আর না হয়।’
একে তো গ্যাবায় বিশাল ব্যবধানে হার, তার ওপর অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম আর স্বাগতিক সমর্থকদের চাপে মাঠের বাইরে মনস্তাত্ত্বিক লড়াইয়েও যেন কিছুটা পিছিয়ে ইংল্যান্ড। তবে অ্যাডিলেডে ঘুরে দাঁড়িয়েই সবকিছুর জবাব দিতে চান কুক, ‘ক্রিকেট দিয়েই আমরা জবাব দিতে চাই। আগেরবারও যখন আমরা এ মাঠে খেলতে এসেছিলাম, পরিস্থিতি খুব প্রতিকূল ছিল আমাদের জন্য। কিন্তু সিরিজ শেষ হতে হতে সেটা বদলে গিয়েছিল, কারণ আমরা দারুণ ক্রিকেট খেলেছিলাম। সর্বশেষ টেস্টে আমরা নিজেদের প্রতি সুবিচার করতে পারিনি এবং ওরা ভালো অবস্থায় চলে গেছে। আর দল ভালো অবস্থায় থাকলে স্বাগতিক দর্শকেরা এ রকম করবেই।’
বছর খানেক পরে একটা টেস্ট জয় যেন একঝটকায় চাঙা করে দিয়েছে অস্ট্রেলিয়াকে। মাঠের বাইরেও ওদের কথাবার্তা বলে দিচ্ছে আত্মবিশ্বাসে টগবগ করছে মাইকেল ক্লার্কের দল। যদিও অতিরিক্ত আত্মবিশ্বাস যাতে আবার সব গড়বড় না করে দেয়, সে বিষয়ে সতর্ক অস্ট্রেলিয়ান অধিনায়কও, ‘ভালো দল হয়ে ওঠার জন্য আমাদের আরও অনেক পরিশ্রম করতে হবে, শুধু একটা টেস্ট ম্যাচ জিতে সেটা হয় না। আমি নিশ্চয়তা দিতে পারি আমাদের সব খেলোয়াড়ের পা মাটিতেই আছে।’ এএফপি, রয়টার্স।