সব ছাপিয়ে পেনাল্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেনাল্টি নিয়ে ইতালিয়ান ফুটবলে তোলপাড়। তবে হট্টগোলটা হচ্ছে না-দেওয়া পেনাল্টি নিয়ে। সবচেয়ে সরব জুভেন্টাস। সিরি ‘আ’তে এবার পুরো মৌসুমে মাত্র একটি পেনাল্টি পেয়েছে জুভরা, এই পরিসংখ্যান নিয়েই মাঠ গরম করছে তুরিনের ক্লাবটি। বুধবার পার্মার সঙ্গে গোলশূন্য ড্র করে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করার পরই কোচ আন্তোনিও কন্তে অভিযোগ করেন জুভেন্টাস বৈষম্যের শিকার এবং রেফারিরা তাদের পক্ষে বাঁশি বাজাতে ভয় পাচ্ছেন। ক্লাব কর্তৃপক্ষও সমর্থন করছে কোচকে। কন্তের অভিযোগের জবাবে পাল্টা অভিযোগ করেছেন ইন্টার মিলানের কোচ রানিয়েরি। বলেছেন রেফারির সিদ্ধান্তের সবচেয়ে বেশি ভুক্তভোগী তারাই, জুভেন্টাস নয়। পরিসংখ্যানও অবশ্য কন্তের পক্ষে কথা বলে না। সবচেয়ে কম একটি পেনাল্টি পেলেও তাদের বিপক্ষে পেনাল্টি হয়েছে তিনটি। ২০ দলের সিরি ‘আ’তে ১৫টি দলেরই বিপক্ষেই এর চেয়ে বেশি পেনাল্টি হয়েছে। এ ছাড়া পেনাল্টি পাওয়াটাই যে সবকিছু নয়, সেটির প্রমাণ লিগে সবচেয়ে বেশি সাতটি পেনাল্টি পাওয়া কাতানিয়া। পয়েন্ট টেবিলের ১৪ নম্বরে আছে দলটি। বুধবার পার্মার বিপক্ষে ম্যাচের পর কন্তে কাঠগড়ায় দাঁড় করান রেফারিদের, ‘তাঁরা আমাদের বিপক্ষে বাঁশি বাজালে সেটা কোনো ভুল না। কিন্তু যদি কেউ আমাদের পক্ষে বাঁশি বাজান তাহলে সঙ্গে সঙ্গে বুকে ক্রস আঁকেন যাতে পরদিন তিনি খুন হয়ে না যান।’ এএফপি।