সব ছাপিয়ে ফ্লাডলাইট কেলেঙ্কারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শঙ্কাটা সকালেই দূর করে দিতে চেষ্টা করলেন শেরেবাংলা স্টেডিয়ামের কিউরেটর। আশ্বস্ত করলেন, ফ্লাডলাইট নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। সব ঠিকঠাক। সকালে এক দফা অনুশীলন করা বাংলাদেশ দল তাই সন্ধ্যায় আবার এল স্টেডিয়ামে। প্রতিপক্ষ যদিও এই জিম্বাবুয়েই ছিল, এ মাঠে কৃত্রিম আলোয় সর্বশেষ ম্যাচটা তো বাংলাদেশ খেলেছে এক বছরেরও বেশি আগে! হঠাৎ করে আজ খেলতে না নেমে ফ্লাডলাইটের নিচে একটু অভ্যস্ত হতে চাইলেন কোচ জেমি সিডন্স।অপ্রস্তুত ফ্লাডলাইটের আলো-আঁধারির মধ্যে ফুটবল নিয়ে বাংলাদেশ দলের খেলোয়াড়দের ঘণ্টা খানেক গা-গরম শেষ পর্যন্ত বৃথাই গেল। ফ্লাডলাইটের আলো পর্যাপ্ত না হওয়ায় আজকের দিবারাত্রির ম্যাচটি হবে দিনের আলোতেই!জিম্বাবুয়ের বিপক্ষে আজ সিরিজের তৃতীয় ম্যাচ এবং এখন পর্যন্ত তিনটি ম্যাচই বাংলাদেশের সামনে হাজির হলো তিন রকমের বিশেষত্ব নিয়ে। জিম্বাবুয়ের সঙ্গে যেহেতু সিরিজের প্রথম ম্যাচে হারাটা নিয়মের পর্যায়ে চলে গেছে, ওই ম্যাচ নিয়ে শঙ্কা ছিল। প্রথা মেনে প্রথম ম্যাচটা হেরে যাওয়ায় এবং ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান ‘বোমা বিস্ফোরণ’ ঘটানোয় দ্বিতীয় ম্যাচের আগের পরিস্থিতিটাও ছিল চাঞ্চল্য জাগানো। আর সিরিজে এগিয়ে যাওয়ার উপলক্ষ হয়ে আসা আজকের ম্যাচে তো ফ্লাডলাইট কেলেঙ্কারিতেই পড়ে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)!আজকের ম্যাচটি ফ্লাডলাইটে হচ্ছে না বলে খুশি হতে পারেন সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে কাল রাতেই জরুরি ভিত্তিতে অস্ট্রেলিয়া চলে যাওয়া জেমি সিডন্স। এই সিরিজে দিবারাত্রির ম্যাচ খেলার পক্ষে ছিলেন না তিনি। কোচের ভয়ের কারণ ছিল কৃত্রিম আলোয় খেলায় বাংলাদেশ দলের দীর্ঘ অনভ্যস্ততা।তবে বাংলাদেশের ব্যাটসম্যান রকিবুল হাসান কাল এ ব্যাপারে লাইট জ্বলে ওঠার আগেই আশ্বস্ত করেছিলেন সবাইকে। দুপুরে প্রথম দফা অনুশীলনের পর মিডিয়ার সামনে দাঁড়িয়ে রকিবুল বললেন, ‘এই মাঠে দিবারাত্রির ম্যাচ আগেও খেলেছি। আশা করি সমস্যা হবে না।’ তাঁর এই আশ্বাস ছিল কৃত্রিম আলোর ঝুঁকিটুকু মাথায় রেখেই, ‘পরে বল করলে শিশিরের কারণে স্পিনারদের গ্রিপিংয়ে সমস্যা হবে। কিন্তু এর ওপর তো কারও হাত নেই। আমরা তাই এসব নিয়ে চিন্তা করছি না। তা ছাড়া আজ (গতকাল) সন্ধ্যায় ফ্লাডলাইটে প্র্যাকটিস হবে। আমার মনে হয় সবাই মানিয়ে নেবে।’শীতের সময় কৃত্রিম আলোয় খেলাটা নানা কারণেই ঝামেলার। শিশিরভেজা বল গ্রিপিংয়ে তো সমস্যা হয়ই, আলোর কারণে উঁচুতে ওঠা ক্যাচ নেওয়াও অনেক সময় কঠিন। উইকেটের আর্দ্রতা বিপদের কারণ হয় ব্যাটসম্যানদের জন্য। কিন্তু এসব ঝামেলাই মিটে গেল ফ্লাডলাইট পুরোপুরি প্রস্তুত না হওয়ায়।মাঠের পারফরম্যান্স নিয়ে বহির্বিশ্বের সমালোচনার মুখ যখন আস্তে আস্তে থামিয়ে দিচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা, তখন ফ্লাডলাইট কেলেঙ্কারিতে বাংলাদেশের ক্রিকেটের সাংগঠনিক অদক্ষতা সবার সামনে উন্মোচিত হয়ে পড়ল। ফ্লাডলাইট প্রস্তুত কি প্রস্তুত না, সেটা বিসিবি জানল ম্যাচের আগের দিন রাতে এবং জানল সেটি আসলে অপ্রস্তুত। এর নিচে খেলার উপায় নেই! এর চেয়ে বড় লজ্জা, বড় অপমান সম্ভবত মালদ্বীপের কাছে ১০ উইকেটে হারলেও হতে হবে না বাংলাদেশকে! ক্রিকেটীয় ব্যর্থতার তবু ব্যাখ্যা থাকে, কাল যা হলো তার কী ব্যাখ্যা দেবে বিসিবি?কেউ হঠাৎ অসুস্থ বা ইনজুরিতে না পড়লে আজ আগের ম্যাচের দলটিই খেলানোর কথা বাংলাদেশের। ফ্লাডলাইটে খেলা হলে তার নিচে এক দিন অনুশীলন করেই মানিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছিলেন রকিবুল। কিন্তু বিসিবি খেলার জন্য আলো দিতে পারলে তো! ২০১১ বিশ্বকাপ সামনে রেখে চলতি জিম্বাবুয়ে সিরিজ গোটা বাংলাদেশের ক্রিকেটের জন্যই ফাঁকফোকর ভরাট করার উপলক্ষ হয়ে এসেছিল। মাঠের ক্রিকেটে সেই ফাঁকফোকর কতটুকু ভরল, সেটা বোঝা যাবে সিরিজ শেষে। কিন্তু মাঠের বাইরে যে বিশ্বকাপের জন্য অপ্রস্তুত অবকাঠামো নিয়েই অপেক্ষা করছে বিসিবি, সেটা কাল দেখলেন ম্যাচ রেফারি ক্রিস ব্রডও।