সব ছাপিয়ে লাল কার্ড
এমন এক ম্যাচের এমন সমাপ্তি! ব্রাজিল প্রমাণ করল কেন তারা ফেবারিট, গোল-খরা কাটালেন লুইস ফ্যাবিয়ানো, নিজেকে ফিরে পেলেন কাকা, গোল পেলেন দ্রগবাও অথচ সবকিছু ছাপিয়ে আলোচনায় একটি লাল কার্ড ও পুরো ম্যাচে দুর্বল রেফারিং। দলের দুর্দান্ত পারফরম্যান্সের চেয়ে কোচ কার্লোস দুঙ্গাকে বেশি কথা বলতে হচ্ছে রেফারিং নিয়েই। আইভরিকোস্ট কোচ সভেন গোরান এরিকসনও আবার দলের পরাজয়ে দেখছেন রেফারির ভূমিকা!প্রথম মিনিটেই দূর থেকে নেওয়া রবিনহোর শট গোলবারের ওপর দিয়ে চলে যাওয়া দিয়ে শুরু। এরপর প্রায় পুরো ম্যাচই নিয়ন্ত্রণ করেছে ব্রাজিল। কিন্তু ঘটনাবহুল শেষ ১৫ মিনিট ছাপিয়ে গেছে সবকিছু। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আইভরিকোস্টের ফুটবলারদের শারীরিক শক্তি ব্যবহারের প্রবণতা একটু যেন বেড়ে যায়। ৬৮ মিনিটে সলোমন কালুর বদলে আবদেলকাদের কেইতা মাঠে নামার পর থেকেই বাড়তে থাকে সেটা।৭৫ মিনিটে ব্রাজিল লেফটব্যাক মিশেল বাস্তোসকে মারাত্মক ফাউল করেন কেইতা, দু দলের খেলোয়াড়দের মধ্যে একচোট বচসাও হয়ে যায়। রেশ চলতে থাকে পরের সময়টুকুতেও। কাকার পাওয়া হলুদ কার্ডকে বলা যায় খামখেয়ালির মাশুল, ৮৫ মিনিটে অযথাই ইয়াইয়া তোরেকে ধাক্কা মারেন তিনি। তিন মিনিট পর একটি থ্রো ইনের বল ধরার জন্য এগিয়ে যাচ্ছিলেন কাকা, পেছন থেকে কেইতা দৌড়ে এসে প্রায় কাকার গায়ের ওপর পড়েন। এই সুযোগে কেইতার বুকে কনুই দিয়ে মৃদু আঘাত করে বসেন কাকা। সঙ্গে সঙ্গে নাটকীয়ভাবে মুখে হাত দিয়ে কেইতা এমনভাবে মাটিতে লুটিয়ে পড়েন যেন, কাকার কনুইয়ের আঘাতটা তাঁর বুকে প্রচণ্ড লেগেছে! দ্বিতীয় হলুদ কার্ড দেখে সঙ্গে সঙ্গে মাঠ থেকে কাকার প্রস্থান।অথচ অনেক দিন পর কাকা খেলছিলেন কাকার মতো। ব্রাজিলের তিন গোলের দুটিই হয়েছে তাঁর বুদ্ধিদীপ্ত পাসে, গোল পেতে পারতেন তিনি নিজেও। ২৫ মিনিটে ফ্যাবিয়ানোর সঙ্গে ওয়ান-টু খেলে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে দারুণ এক পাস দেন ফ্যাবিয়ানোকে, বক্সের ডান কোণ থেকে বিদ্যুৎগতিতে বল জালে জড়িয়ে ৬ ম্যাচের গোল-খরা কাটান ফ্যাবিয়ানো। ৬০ মিনিটে ব্রাজিলের তৃতীয় গোলও হয়েছে কাকার পাসে। বাঁ দিক থেকে এক আইভরিকোস্ট ডিফেন্ডারের দুই পায়ের ফাঁক দিয়ে বল বানিয়ে দেন এলানোকে, টানা দ্বিতীয় ম্যাচে বল জালে জড়াতে ভুল করেননি এলানো। মিনিটখানেক পরই অবশ্য ইসমাইল তিওতের মারাত্মক এক ফাউলের শিকার হয়ে এলানোকে মাঠ ছাড়তে হয় স্ট্রেচারে করে। তবে ইনজুরি খুব মারাত্মক নয়, খেলবেন পরের ম্যাচেই।বিতর্ক ছড়িয়েছে ব্রাজিল ও ফ্যাবিয়ানোর দ্বিতীয় গোলও। প্রাথমিকভাবে মনে হয়েছিল বুক দিয়ে বল নামিয়ে বা পায়ের জোরালো কিকে বল জালে জড়ান এই স্ট্রাইকার। কিন্তু রিপ্লেতে দেখা যায়, বল নামিয়েছিলেন হাত দিয়ে। শুধু তা-ই নয়, বল রিসিভের সময়ও বল লেগেছিল হাতে। তবে ফিনিশিংটা যে দুর্দান্ত ছিল, এত কোনো সন্দেহ নেই। পরে রিপ্লেতে দেখা যায়, গোলের বাঁশি বাজিয়ে সেন্টারের দিকে ফেরার সময় রেফারিকে ফ্যাবিয়ানো ইশারা করছেন, হাতে নয়, বল লেগেছিল বুকে! তবে সবচেয়ে বেশি আলোচনায় কাকার লাল কার্ডই। দুঙ্গার চোখে এটা রীতিমতো অন্যায়, ‘টিভিতে সবাই দেখেছেন আসলে কী হয়েছে। কাকার প্রতি এটা ভয়াবহ অন্যায় করা হয়েছে। যাকে ফাউল করা হলো, হলুদ কার্ড দেখানো হলো তাকেই। আর যে খেলোয়াড় ফাউল করল, তাকে কোনো কার্ডই দেখানো হলো না! আমার তো মনে হয়, ওই আইভরিকোস্ট ফুটবলারকে অভিনন্দন জানানো উচিত। আমি নিজেও হয়তো এ ধরনের ফাউল করে কার্ড না দেখে পার পেতাম না।’আইভরিকোস্ট কোচ এরিকসন আবার মনে করেন, অন্যায় সুবিধা পাওয়ার পর এমন দাবি করাই অন্যায়, ‘শুনলাম ব্রাজিল রেফারিং নিয়ে অনেক অভিযোগ করছে, কিন্তু আমার তো মনে হয় এটা উচিত নয়। এমনিতেই ফ্যাবিয়ানোকে আটকানো মুশকিল, হাত ব্যবহার করা শুরু করলে তো সেটা আরও কঠিন হয়ে দাঁড়ায়। তাও আবার একবার নয়, দুবার।’ আর ব্রাজিল তারকা রবিনহোর যত ক্ষোভ এরিকসনের দলের খেলার ধরন নিয়ে, ‘আমরা ফুটবল খেলছিলাম, আর ওরা শুরু থেকেই আমাদের মেরে খেলছিল।’ এত কিছুর পরও একটা স্বস্তি দুঙ্গা অন্তত পাবেন, কোনো গুরুত্বপূর্ণ ম্যাচে হারাতে হচ্ছে না কাকাকে। পরশুর জয়েই নিশ্চিত হয়ে গেছে দ্বিতীয় রাউন্ড, পর্তুগালের বিপক্ষে ম্যাচটি তাই অন্তত বাঁচা-মরার লড়াই নয়। এএফপি।