সব ছাপিয়ে সাম্প্রতিক বিতর্ক
ক্রিকেট দলের অনুশীলন শুরু হয়েছে দুই দিন। রীতি মেনে প্রতিদিন একজন করে ক্রিকেটার সংবাদ সম্মেলনেও আসছেন। কাল বিকেলে রাজধানীর এক হোটেলে জাতীয় দলের কোচ-অধিনায়ক-ম্যানেজারের সংবাদ সম্মেলনটিকে তাই বলা যায় এশিয়া কাপ-পূর্ব আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। অথচ সেখানে এশিয়া কাপের চেয়ে বেশি থাকল সাম্প্রতিক নানা বিতর্ক। দুই দিন পরই উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ বাংলাদেশ। কিন্তু মাঠের ক্রিকেটকে ছাপিয়ে গেল মাঠের বাইরের নানা ঘটনাপ্রবাহ।দল নির্বাচনে আরও একবার বোর্ড সভাপতির হস্তক্ষেপ এবং প্রধান নির্বাচকের পদত্যাগ নিয়ে তিন দিন ধরেই উত্তাল দেশের ক্রিকেট। সেই ছোঁয়া তো ক্রিকেট দলে লাগবেই। সেটা অস্বীকার করলেন না মুশফিকুর রহিমও। তবে অধিনায়ককে যেমন বলতে হয়, তেমনই বললেন, মনযোগ দিতে চান মাঠের ক্রিকেটেই, ‘মাঠের বাইরে যা-ই হোক, দিন শেষে পেশাদার হিসেবে আমাদের মাঠের ক্রিকেটেই মন দিতে হবে। আমরা সবাই প্রথম দিন অনুশীলনের আগে কথা বলেছি। এসব নিয়ে আলোচনা হয়েছে। আমরা আমাদের টার্গেট নিয়ে, প্রতিকূলতা কী কী থাকতে পারে, তা নিয়ে কথা বলেছি। আজ (গতকাল) সন্ধ্যায়ও এসব নিয়ে কথা হবে। আমাদের তিন প্রতিপক্ষই ভীষণ শক্তিশালী, বর্তমান-সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন। আমাদের সেরা ক্রিকেটটা খেলতে হবে, এ জন্য কঠোর পরিশ্রমের বিকল্প নেই। আমরা ওসব নিয়েই ভাবছি।’বোর্ড সভাপতির হস্তক্ষেপ ছাড়াও বেশ কিছু প্রশ্ন আছে এশিয়া কাপের দল নিয়ে। কেন এই কন্ডিশনে দলে চার পেসার, আশরাফুল-শাহরিয়াররা কেন নেই, টানা ভালো করে যাওয়ার পরও কেন নেই এনামুল জুনিয়র, কেনই বা দলে নাজিমউদ্দিন...। চার পেসার নিয়ে মুশফিকের যুক্তি, ‘এখন দুপাশ থেকে দুটো নতুন বলে খেলা। সেটা মাথায় রেখে এখানে চারটা পেসার নেওয়া হয়েছে।’ সব মিলিয়ে ‘১৪’ জনের দল নিয়ে সন্তুষ্টির কথাই জানালেন বাংলাদেশ অধিনায়ক।সম্পূরক প্রশ্নও উঠে গেল, তবে কী তামিম ইকবাল ছাড়াই এই দল পরিপূর্ণ? সম্পূরক আরও তিনটি প্রশ্ন হলো টানা তামিমকে নিয়েও। দেশের ক্রিকেটের যা অবস্থা, সামান্য বেফাঁস কিছু বললেও না জানি কপালে কী থাকে! মুশফিক নিরাপদ পথেই হাঁটলেন, ‘আমি যত দূর জানি, তামিম শতভাগ ফিট আছে। অধিনায়ক হিসেবে আমার মনে হয়, যে দলটা দেওয়া হয়েছে সেটা এখনো পর্যন্ত ভালো। তবে তামিমের মতো একটা ক্রিকেটারকে তো সবাই দলে চায়। এত দিন ধরে খেলছে, সবাই জানে ওর সামর্থ্য। তো এখন যেহেতু ও শতভাগ ফিট আছে, ১৫ জনের স্কোয়াডে যদি চলে আসে, তাহলে আমাদের জন্য প্লাস পয়েন্ট।’ তবে দল ঘোষণার সময় অধিনায়কের নাম ঘোষিত না হওয়ায় যে বিস্মিত হয়েছিলেন, সেটি লুকাননি মুশফিক। গুঞ্জন আছে, বিপিএল আয়োজনের মান নিয়ে প্রশ্ন তোলায় মুশফিককে অধিনায়ক থেকে সরিয়ে দেওয়ার ইচ্ছে ছিল বোর্ড-প্রধানের। আকরাম খানের পদত্যাগে আলোড়ন দেখে ও পথে তিনি আর পা বাড়াননি। অধিনায়কবিহীন দল দেখে ধাক্কা খেয়েছিলেন মুশফিকও, ‘টুর্নামেন্টের আগে দল ঘোষণা করা হলো অধিনায়ক ও সহ-অধিনায়কের নাম না জানিয়ে...অবশ্যই খুব শকড হয়েছিলাম। এক দিন পর জানা গেল আমি অধিনায়ক, রিয়াদ ভাই সহ-অধিনায়ক। তখন মনে হলো, যা হোক তাঁরা যে সিদ্ধান্ত নিয়েছে সেটাই চূড়ান্ত।’মাঠের ক্রিকেটও এল। অধিনায়কের কাছে এশিয়া কাপ চ্যালেঞ্জ তো বটেই, সুযোগও, ‘প্রতিপক্ষ তিন দলই আমাদের কন্ডিশন খুব ভালোভাবে জানে। সবাই বর্তমান ও সাবেক বিশ্বচ্যাম্পিয়ন। তবে এত ভালো ভালো দলের বিপক্ষে খেলা আমাদের জন্যও একটা সুযোগ। কিংবদন্তি অনেক ক্রিকেটার আছেন, যাঁদের বিপক্ষে খেলা ও অনেক কিছু শেখার সুযোগ আছে।’ অধিনায়কের সঙ্গে কণ্ঠ মিলিয়ে কোচ স্টুয়ার্ট ল-ও বললেন, মন দিতে চান মাঠের ক্রিকেটেই। শক্ত তিন প্রতিপক্ষ তো বটেই, সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন এটাও, মাঠের বাইরের ব্যাপারগুলো বাইরেই রাখতে পারা!