বিশ্বকাপ বাছাইয়ে গত শুক্রবার ছিল বড়দের দিন। পর্তুগাল বাদে ‘বড়’ জয় পেয়েছিল বাকি সব পরাশক্তিই। তিন দিন আগের সেই পারফরম্যান্সের পুনরাবৃত্তির আশা নিয়ে আজ আবার বাছাইযুদ্ধে নামছে ইউরোপের দলগুলো। একটি-দুটি নয়, এক ইউরোপেই ২৫টি ম্যাচ। আর তাতে স্পেন-ফ্রান্সের ম্যাচটাই উত্তাপ ছড়াচ্ছে বেশি। তবে জার্মানি-সুইডেন, ইতালি-ডেনমার্ক, ইংল্যান্ড-পোল্যান্ড, হল্যান্ড-রোমানিয়া—আগুনের স্ফুলিঙ্গ ছড়ানোর আভাস দিচ্ছে অনেক ম্যাচই। ফুটবলপ্রেমীদের কৌতূহলী দৃষ্টি থাকবে পোর্তোর এস্তাদিও দু দ্রাগাও স্টেডিয়ামের দিকেও। সেখানে যে ‘সেঞ্চুরি’ করতে নামবেন বর্তমান বিশ্বের সেরা দুই ফুটবলারের একজন ক্রিস্টিয়ানো রোনালদো। নিজেদের মাঠে আজ পর্তুগালের প্রতিপক্ষ উত্তর আয়ারল্যান্ড। এই ম্যাচ দিয়েই লুইস ফিগোর (১২৭) ও ফার্নান্দো কুটোর (১১০) পর পর্তুগালের তৃতীয় খেলোয়াড় হিসেবে রোনালদো ছুঁয়ে ফেলবেন ১০০তম ম্যাচের মাইলফলক। গত শুক্রবার রাশিয়ার কাছে ১-০ গোলে হেরে যাওয়া পর্তুগিজরা আজ খুব করেই চাইবেন রোনালদো দিনটা স্মরণীয় করে রাখুন।এমনিতেই বড় ম্যাচ, তার ওপর আবার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার প্রশ্ন জড়িয়ে। স্পেন-ফ্রান্স ম্যাচটাই তাই আজ এত সব ম্যাচের মধ্যমণি। আজকের ম্যাচের ওপর অনেকটাই নির্ভর করবে ‘আই’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সরাসরি ব্রাজিলের টিকিট পেয়ে যাবে কোন দল। দুই দলই প্রথম দুই ম্যাচে জিতেছে, স্পেন এগিয়ে গোল-ব্যবধানে। আজ এগিয়ে যেতে চাইবে পয়েন্টের ব্যবধানেও। একে তো নিজেদের মাঠে ম্যাচ, তার ওপর ভিসেন্তে দেল বস্কের দলের সঙ্গী হচ্ছে বেলারুশের বিপক্ষে ৪-০ গোলের জয়ের টগবগে আত্মবিশ্বাস। অন্যদিকে ফ্রান্সের সঙ্গী জাপানের কাছে হারের হতাশা। তার পরও দিদিয়ের দেশমের দলের বিপক্ষে সতর্ক হয়েই মাঠে নামছে স্প্যানিয়ার্ডরা। ‘কাকে রেখে কাকে নামাবেন’ মধুর সমস্যায় পড়া কোচ ভিসেন্তে দেল বস্কই যেমন বলছেন, ‘আক্রমণভাগে ওদের কয়েকজন খেলোয়াড় শারীরিকভাবে খুবই শক্তিশালী। এটা গুরুত্বপূর্ণ ম্যাচই হতে যাচ্ছে।’ ফ্রান্সের কোচ দেশমের চাওয়াটা স্ট্রাইকারদের কাছেই, ‘যখন আপনি গোল করতে পারবেন না, সব সময়ই প্রতিপক্ষের জন্য ভালো সুযোগ থাকবে।’ম্যাচটি ইউরোর কোয়ার্টার ফাইনালের পুনর্মঞ্চায়নও। চ্যাম্পিয়ন হওয়ার পথে ইউরোর কোয়ার্টার ফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়েছিল স্পেন। দুটি গোলই করেছিলেন জাবি আলোনসো। ফার্নান্দো তোরেসকে অনুপ্রেরণা জোগাচ্ছে ম্যাচের ভেন্যু অ্যাটলেটিকো মাদ্রিদের ভিসেন্তে কালদেরন স্টেডিয়াম। এখানেই তাঁর পেশাদার ক্যারিয়ার শুরু। তোরেস তাই রোমাঞ্চিত, ‘এটা আমার জন্য বিশেষ এক জায়গা। যদি খেলি, তা হলে এখান থেকে যাওয়ার পর এটাই হবে প্রথম এই মাঠে নামা, যেটি আমাকে আরও উদ্দীপ্ত করছে।’বার্লিনের ম্যাচটিকেও মনে করা হচ্ছে ‘সি’ গ্রুপের সবচেয়ে বড় ম্যাচ। তিন ম্যাচেই জিতে জার্মানি শীর্ষে। প্রতিপক্ষ সুইডেন দুই ম্যাচেই জিতে আছে দুই নম্বরে। শুক্রবার জার্মানি আয়ারল্যান্ডকে ৬-১ গোলে উড়িয়ে দেওয়ার দিনে সুইডেন জ্লাতান ইব্রাহিমোভিচের কল্যাণে কোনো রকমে জয় পেয়েছে ফারো দ্বীপপুঞ্জের বিপক্ষে। এই ইব্রাহিমোভিচকেই ভয় জার্মান অধিনায়ক ফিলিপ লামের।ওয়ারশতে আবার বড় হয়ে উঠবে ইতিহাস। এ পর্যন্ত ইংল্যান্ডকে একবারই হারাতে পেরেছে পোল্যান্ড। ১৯৭৩ সালে বিশ্বকাপ বাছাইপর্বেই প্রথম সাক্ষাতে ২-০ গোলের জয়ের পর ওয়েম্বলিতে ড্র করে ইংলিশদের ১৯৭৪ বিশ্বকাপ খেলার স্বপ্ন গুঁড়িয়ে দিয়েছিল। এরপর শুধুই ইংলিশদের জয়গান। ফুটবলপ্রেমী পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক অবশ্য গত শনিবার শিশুদের এক টুর্নামেন্টে অতিথি হয়ে গিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন, এবার পোল্যান্ডই জিতবে ১-০ গোলে।ডেনমার্ক-পরীক্ষায় নামার আগে ইতালি কোচ সিজারে প্রানদেল্লি আছেন বুফন-দুশ্চিন্তায়। শুক্রবার আর্মেনিয়ার বিপক্ষে দারুণ কিছু সেভ করে ইতালির জয় নিশ্চিত করা গোলরক্ষক বাঁ ঊরুতে চোট পেয়েছেন। বুফনকে নিয়ে তাই অনিশ্চয়তা আছে। তবে এই ম্যাচে বালোতেল্লিকে ফিরে পাচ্ছেন প্রানদেল্লি। এএফপি, রয়টার্স।