একটা ব্যাগ ঝোলানো পিঠে, আরেকটা সামনে। হেঁটে আসছিলেন পাথুরে মুখে, কোনো দিকে ভ্রূক্ষেপ নেই। তাঁর ঠিক সামনের লোকটির মুখে হাসি। এদিক-সেদিক তাকাচ্ছেন, হাত নাড়ছেন, চোখ নাচাচ্ছেন। ঢাকায় পা রেখে পরিচিত চেহারাতেই ধরা পড়লেন ক্রিস গেইল ও ড্যারেন স্যামি।কাচের দরজা ঠেলে দুজন একসঙ্গেই ঢুকলেন লাগেজ নিতে। পেছনেই শিবনারায়ণ চন্দরপল, আস্তে আস্তে দেখা মিলল দলের বাকি খেলোয়াড়দেরও। লাগেজ-টাগেজ বিশাল এক কার্গোতে চাপিয়ে বাসেও উঠে গেলেন গেইল-স্যামিরা। কিন্তু ড্যারেন ব্রাভো, সুনীল নারাইনসহ কয়েকজনের দেখা নেই। নেই তো নেই-ই! হজ ফ্লাইটের ভিড় আর লাগেজ জটিলতার গ্যাঁড়াকলে পড়ে ব্রাভো-নারাইনরা বাসে উঠলেন আরও ঘণ্টা খানেক পর। পুরো সময়টাই বাসে বসে থাকতে হলো বাকি দলকে। বারবাডোজ থেকে শনিবার যাত্রা শুরু করে সোমবার সকালে এসে পৌঁছেছেন ঢাকায়। এরপর বাসে ওই অপেক্ষা। টেস্ট সিরিজের আগেই যেন ধৈর্যের একটা পরীক্ষা হয়ে গেল গেইলদের!এই ধৈর্য পরীক্ষায় শুধু বিরক্তিই থাকার কথা। তবে টেস্ট ক্রিকেটের পরীক্ষায় ধৈর্যের সঙ্গে দেখাতে হবে শৌর্যও। গত মাসে ওয়ার্ল্ড টি-টোয়েন্টি জয়ী ওয়েস্ট ইন্ডিজ দল কতটা প্রস্তুত টেস্টের জন্য? দলের প্রতিনিধি হয়ে এসে সেটার উত্তর দিলেন রিচি রিচার্ডসন। সাবেক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ও বর্তমান ম্যানেজারের বিশ্বাস, টি-টোয়েন্টির সাফল্যই টেস্টে উদ্বুদ্ধ করবে দলকে, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের অনেকেই আছে টেস্ট দলে। টি-টোয়েন্টির শিরোপা জয় নিশ্চিতভাবেই আমাদের জন্য ও বিশ্বজুড়ে আমাদের সমর্থকদের জন্য দারুণ অনুপ্রেরণাদায়ী। দলের সবাই আত্মবিশ্বাসে টইটম্বুর। ওই চেতনা নিয়েই সবাই মাঠে নামবে ও ওয়েস্ট ইন্ডিজের হয়ে নিজেদের উজাড় করে দেবে।’টেস্ট ক্রিকেট তো অবশ্যই যেকোনো দল বা ক্রিকেটারের জন্য চূড়ান্ত পরীক্ষা। তবে এই পরীক্ষাটা অনেকটাই সহজ হয়ে যায় প্রতিপক্ষের নাম বাংলাদেশ হলে। আইসিসি টেস্ট র্যা ঙ্কিং বলছে, ওয়েস্ট ইন্ডিজ আর বাংলাদেশের মাঝে আছে শুধু নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ সাতে, বাংলাদেশ নয়ে। কিন্তু বাস্তবতা বলছে, ব্যবধানটা আসলে বাংলাদেশ থেকে ওয়েস্ট ইন্ডিজের দূরত্বের মতোই। র্যা ঙ্কিংয়ের আরেকটা জায়গায় কিন্তু সেই প্রমাণ কিছুটা আছে। ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ও রেটিং পয়েন্ট যেখানে ২৫০৯ ও ৯০, বাংলাদেশের সেখানে দুটিই শূন্য!তবে ক্রিকেটীয় সৌজন্যবোধে হোক আর সত্যিকারের বিশ্বাস থেকে, রিচার্ডসন বাংলাদেশকে যথেষ্টই সম্মান দেখালেন, ‘বাংলাদেশ আস্তে আস্তে আত্মবিশ্বাসী হয়ে উঠছে এবং ওদের অবশ্যই খুব ভালো কিছু ক্রিকেটার আছে। সতর্ক না থাকলে ওরা আমাদের হারিয়ে দিতে পারে, হালকাভাবে নেওয়ার তাই প্রশ্নই ওঠে না। আমরা “হার্ড অ্যান্ড টাফ” ক্রিকেট খেলে সিরিজ জিততে চাই সব কটি সংস্করণেই।’একটা জায়গাতেই শুধু বাংলাদেশ খানিকটা এগিয়ে থাকতে পারত—নিজেদের কন্ডিশন। তবে গত ৫০ ওভারের বিশ্বকাপ ও গত বছর অক্টোবর-নভেম্বরের সফর মিলিয়ে গত দেড় বছরে তৃতীয় বার বাংলাদেশে এল ক্যারিবিয়ানরা। বাংলাদেশের কন্ডিশন আর দল, দুটিই অনেকটা চেনা স্যামিদের। সেটি মেনে নিয়েও বাংলাদেশকে সমীহ রিচার্ডসনের, ‘এই কন্ডিশনে আমরা অনেকটাই অভ্যস্ত, তার পরও কাজটা সহজ হবে না। কারণ, বাংলাদেশ দ্রুত উন্নতি করছে, লড়াকু একটা দল ওরা। বাংলাদেশ বলে শিথিলতার কোনো অবকাশ নেই। গত কিছুদিনে বেশ কবারই আমরা এখানে এসেছি, জানি এখানে কী প্রত্যাশা করা যায়।’প্রত্যাশাটা কী, আগেই বলেছেন রিচার্ডসন—সব সংস্করণে সিরিজ জয়। গত সফরে একমাত্র টি-টোয়েন্টিতে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ, মাত্র ৬১ রানে গুটিয়ে গিয়ে হেরেছিল সিরিজের শেষ ওয়ানডেটিও। ওই দলের সঙ্গে এই দলের পার্থক্যটা প্রায় সবারই জানা। সাবেক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক তবু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, ‘ক্রিস গেইল ফিরেছে, যেটা বড় একটা পার্থক্য। যেকোনো সংস্করণেই বিশ্বের সবচেয়ে ধ্বংসাত্মক ব্যাটসম্যান গেইল, ওকে ফিরে পেয়ে আমরা দারুণ খুশি। সুনীল নারাইনের মতো উইকেটশিকারি আছে, আছে ভিরাসামি পেরমলের মতো সম্ভাবনাময় ক্রিকেটার।’ওয়ার্ল্ড টি-টোয়েন্টি শিরোপা জয় আর গেইল-স্যামুয়েলসদের সঙ্গে দারুণ কিছু সম্ভাবনাময় ক্রিকেটারের উঠে আসা মিলিয়ে ক্যারিবিয়ান ক্রিকেটে এখন যেন জোয়ারের সময়। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের স্বর্ণসময় ফিরে আসছে কি না, সেই আলোচনা ক্রিকেট-বিশ্বজুড়ে। স্বর্ণযুগের শেষ অধিনায়ক রিচার্ডসন কিন্তু এখনই অতটা উচ্চাভিলাষী হতে নারাজ, ‘এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে আমাদের। গত এক বছরে আমাদের খেলার সব দিকেই কিছু উন্নতি দেখা যাচ্ছে। আমরা সবাই জানি, গোটা বিশ্বও জানে, ওয়েস্ট ইন্ডিজের সামর্থ্য আছে আবার বিশ্বসেরা হওয়ার। সেটার জন্য যা প্রয়োজন, সব করতে প্রস্তুত আমরা।’চূড়ায় ওঠার পথে সেই দীর্ঘ সিঁড়ি ভাঙায় এই সিরিজের খুব বড় ভূমিকা থাকার কথা নয়। সিরিজ জিতলেও জুটবে বড়জোর ২/৩ পয়েন্ট। রিচার্ডসনও সেটা জানেন, ‘এ জন্যই নিশ্চিত করতে হবে, কোনো ম্যাচ যাতে না হারি।’ অর্থাৎ, এই সিরিজে পাওয়ার চেয়ে ওয়েস্ট ইন্ডিজের হারানোর ভয়ই বেশি। বাংলাদেশের চাওয়াও থাকবে সেটাই, ওয়েস্ট ইন্ডিজের ‘কিছু’ কেড়ে নেওয়া!