সব দায় নিলেন কোরিয়ান কোচ
হারলেও ব্রাজিলের বিপক্ষে দাঁত কামড়ে লড়াইয়ের সুবাদে পুরো বিশ্বের শ্রদ্ধা আদায় করে নিয়েছিল উত্তর কোরিয়া। বিমুগ্ধ নয়নে ৪৪ বছর আগের সেই উত্তর কোরিয়াকেই যেন খুঁজে ফিরছিল সবাই। কিন্তু হায়! ব্রাজিলকে কাঁপিয়ে দেওয়া দলটাই পর্তুগালের বিপক্ষে ভেসে গেল গোলের বানে। একটা-দুটো নয়, একে একে হজম করল ৭ গোল!কিন্তু সমীহ জাগানো উত্তর কোরিয়া দলকে লজ্জায় ফেলার দায় কার? জং তায়ে-সেরা নির্ভারই থাকতে পারছেন। কারণ, অবমাননাকর এই হারের পুরো দায়ই কাঁধে তুলে নিয়েছেন কোচ কিম জং-হান।কোচের সরল স্বীকারোক্তি, তাঁর স্ট্র্যাটেজি ভুল ছিল, ‘আমাদের খেলোয়াড়েরা পূর্ণ সামর্থ্য অনুযায়ীই খেলেছে। কিন্তু কৌশলগত দিকটা যদি দেখি, আমরা তাদের আক্রমণ ঠেকাতে পারিনি। আর সে কারণেই তারা এতগুলো গোল পেল। কোচ হিসেবে সঠিক কৌশলে খেলাতে না পারার দোষটা আমারই।’হারের পর দেশবাসীর কাছ থেকে কেমন প্রতিক্রিয়া প্রত্যাশা করছেন, প্রশ্নের জবাবে কোচ বলেছেন, ‘আমার বিশ্বাস, দেশবাসী এখন পরবর্তী ম্যাচের দিকেই তাকিয়ে আছে। ভালো খেলার জন্য তারা আমাদের পূর্ণ সমর্থনই দেবে।’ পর্তুগিজরা এক একটি করে গোল করেছেন আর একটু একটু করে মুছে গেছে উত্তর কোরিয়ার দ্বিতীয় রাউন্ডের স্বপ্ন। ২৫ জুন রাতে আইভরিকোস্টের শেষ ষোলোর স্বপ্ন বাস্তবায়নের ম্যাচ তাদের জন্য শুধুই আনুষ্ঠানিকতার। দেশবাসীর সমর্থন নিয়ে গুরুত্বহীন এই ম্যাচেই কোচ হান ফিরতে চান স্বরূপে, পেতে চান সান্ত্বনা, ‘আমরা হয়তো লক্ষ্যে পৌঁছাতে পারব না। তবে আরও একটি ম্যাচ বাকি। আইভরিকোস্টের বিপক্ষে আমরা পূর্ণ মানসিক প্রস্তুতি নিয়েই মাঠে নামব।’ এএফপি।