সব দায় নিয়ে দুঙ্গার বিদায়
চার বছর আগে এমনই জুলাই মাসে দায়িত্ব নিয়েছিলেন দলের। আরও একটি জুলাই জাতীয় দলের কোচ হিসেবে ইতি টেনে দিল কার্লোস দুঙ্গার। কাল হল্যান্ডের কাছে হেরে যাওয়ার পর সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ জানিয়ে দিয়েছেন, ‘বিদায়’!‘এই পরিস্থিতির জন্য আমরা সবাই কমবেশি দায়ী। তবে সবচেয়ে বড় দায়টা আমি নিজেই নিচ্ছি’—এগিয়ে থাকার পরও শেষ পর্যন্ত ২-১ গোলে হেরে যাওয়ার পর বলেছেন দুঙ্গা।চার বছর আগে দায়িত্ব নিয়েছিলেন এই বিশ্বকাপের কথা ভেবেই। পুরো দলটাকে ভেঙে-চুরে নিজের মতো করে গড়েছেন। রোনালদো-রোনালদিনহোদের এক সময় ছাঁটাই করে ফেলেছেন তাঁর দল থেকে। নিন্দুকদের শত গঞ্জনা সয়েও অবিচল ছিলেন নিজের লক্ষ্যে। কোপা আমেরিকা আর ফিফা কনফেডারেশনস কাপও জিতিয়েছেন। কিন্তু আসল যে লক্ষ্য, সেটাই পূরণ হলো না।১৯৯৪ বিশ্বকাপজয়ী অধিনায়ক শোকার্ত গলাতেই জানালেন, ‘আমরা সবাই দুঃখ ভারাক্রান্ত। এমন ফল আমরা মোটেও আশা করিনি। ম্যাচটা কঠিন হবে আমরা জানতাম। প্রথমার্ধে আমরা অনেক ভালো খেলেছি, সেই তুলনায় দ্বিতীয়ার্ধে খেলতে পারিনি। সবচেয়ে বড় কথা, আমরা ছন্দ ধরে রাখতে পারছিলাম না। মনোযোগেও ঘাটতি ছিল।’প্রথম ১০ মিনিটের মধ্যেই গোল করেছে এমন ম্যাচে ব্রাজিল এর আগে কখনোই হারেনি। জিতেছিল নয় ম্যাচের আটটিই। কিন্তু এবার আর সে রকম হলো না। আত্মঘাতী গোল খেয়ে বসল ব্রাজিল!এই গোলের জন্য ফিলিপে মেলো বা গোলরক্ষক হুলিও সিজারকে দুষছেন না দুঙ্গা, ‘মেলো বহিষ্কৃত হলো। কিন্তু এমন তো নয়, বিশ্বকাপে এই প্রথম কেউ লাল কার্ড দেখল। যা হয়েছে সবকিছুর জন্য আমরাই দায়ী।’ গত চারটি বছর যাদের সঙ্গে প্রায় সময়ই খুটখাট লেগেই ছিল তাঁর, সেই সাংবাদিকদের কাছ থেকে চেয়ে নিলেন বিদায়, ‘আমি চার বছরের জন্যই চুক্তিবদ্ধ ছিলাম। যখন দায়িত্ব নিই, তখনো জানতাম, চার বছরের মধ্যেই যা করার করতে হবে। এই চার বছরে ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব পালন করে আমি খুবই গর্বিত।’গর্বিত তিনি খেলোয়াড়দের কথা ভেবেও। এই পরাজয়ে শোকে মুহ্যমান কাকা-রবিনহোদের নিয়ে যেন কাটাছেঁড়া না হয়, সেই আবেদনও জানিয়ে রাখলেন দুঙ্গা, ‘কেউ হেরে যাওয়ার জন্য খেলে না। জেতার লক্ষ্যই থাকে সবার। খেলোয়াড়দের আত্মনিবেদন নিয়ে তাই কোনো প্রশ্ন তোলা উচিত নয়।’তবে তাঁর কথায় ব্রাজিলীয় মিডিয়া নিবৃত্ত হবে বলে মনে হয় না। স্বাভাবিকভাবেই ডাচ শিবিরে উল্টো ছবি। কোচ বার্ট ফন মারউইক একহাত নিয়েছেন সাংবাদিকদের, ‘আমি যখন দায়িত্ব নিলাম, ডাচ ফুটবল ফেডারেশনকে জানিয়েছিলাম, বিশ্বকাপকে লক্ষ্য করেই আমাদের এগিয়ে যেতে হবে। তখন অনেকেই ব্যঙ্গাত্মক হাসি হেসেছিল। কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি, মনেপ্রাণে আপনি যদি কোনো কিছু অর্জন করতে চান, আপনাকে আগে সেটি বিশ্বাস করতে হবে।’ এএফপি।