সব দোষ তারকা খেলোয়াড়দের: মারউইক
ইউরো চ্যাম্পিয়নশিপের এবারের আসরটা রীতিমতো বিভীষিকায় পরিণত হয়েছে হল্যান্ডের জন্য। গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচেই হেরে ‘দখিন দুয়ার’ দেখে ফেলেছে তারা। ১৯৮০ সালের পর এবারই প্রথম ইউরোর গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে একেবারে রিক্ত হস্তে। ভুলে যাওয়ার মতো এই পারফরম্যান্সের জন্য হতাশ ডাচ কোচ বার্ট ফন মারউইক দায়ী করছেন দলের তারকা খেলোয়াড়দেরই। বলেছেন, তারকাদের ব্যক্তিগত ভুলের কারণেই বিদায় নিতে হলো হল্যান্ডকে। ‘আমরা চমত্কারভাবে এক গোলে এগিয়ে গিয়েছিলাম। কিন্তু তারপর ব্যক্তিগত কিছু ভুলের কারণে পর্তুগাল খেলায় ফিরে আসে। এটা দলে একটা অনিশ্চয়তা তৈরি করে। যে খেলোয়াড়গুলো সব সময় মাঠে পার্থক্যটা গড়ে দেয়, তারাই সেই পর্যায়ের খেলাটা খেলতে পারেনি।’ বলেছেনে মারউইক।ইউরো শুরুর আগে হল্যান্ডকে বিবেচনা করা হয়েছিল অন্যতম ফেবারিট হিসেবে। কিন্তু তিনটি ম্যাচে হারের মুখ দেখে তাদেরই বিদায় নিতে হলো গ্রুপ পর্ব থেকে। অনেকেরই হয়তো বিশ্বাস করতে কষ্ট হবে, প্রায় এই একই দল দুই বছর আগে বিশ্বকাপে গিয়েছিল ফাইনাল পর্যন্ত। ইএসপিএন