সব ধরনের ক্রিকেট থেকে হেইডেনের অবসর
২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন ম্যাথু হেইডেন। তবে এরপর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ও ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটের আসর বিগ ব্যাশে খেলেছেন অস্ট্রেলিয়ার সাবেক এই উদ্বোধনী ব্যাটসম্যান। এবার সব ধরনের ক্রিকেট থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ৪০ বছর বয়সী হেইডেন। তার মানে, এ বছরের বিগ ব্যাশে এই মারমুখী অসি ব্যাটসম্যানকে ছাড়াই মাঠে নামতে হবে তাঁর দল ব্রিসবেন হিটকে।২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ২০১০ সালে চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে আইপিএল খেলেছেন ম্যাথু হেইডেন। পরের বছর ২০১১-১২ মৌসুমে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি আসর বিগ ব্যাশে মাঠে নামেন ব্রিসবেন হিটের পক্ষে। এবারের মৌসুমটাও খেলার কথা ছিল হেইডেনের; কিন্তু ব্যাট-বলের লড়াইয়ে আর নামবেন না বলেই সিদ্ধান্ত নিয়েছেন এই মারমুখী ব্যাটসম্যান। তবে মাঠে না নামলেও ব্রিসবেন হিটের সঙ্গে যুক্ত থাকার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। আজ এক বিবৃতিতে হেইডেন বলেছেন, ‘আমি এখন মাঠ থেকে ব্রিসবেন হিটের বোর্ডরুমে চলে যেতে চাই। আশা করছি, সেখান থেকেও আমি দলের পক্ষে ও বিগ ব্যাশ লিগে একটা অর্থপূর্ণ অবদান রাখতে পারব।’১৯৯৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর ১৬১টি ওয়ানডে খেলে ৬ হাজার ১৩৩ রান করেন হেইডেন। টেস্ট ক্যারিয়ারে খেলেছেন ১০৩টি ম্যাচ। এখানে তাঁর ব্যাট থেকে এসেছে ৮ হাজার ৬২৫ রান। ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও অস্ট্রেলীয় তরুণ ক্রিকেটারদের উন্নয়নে অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন হেইডেন। ক্রিকইনফো।