সব পেছনে রেখে নতুন আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেবিলের ওপর বেশ কয়েকটি ফুলের তোড়া। অনেকেই উপহার দিয়ে যাচ্ছেন। অভিনন্দন-বৃষ্টি তো আছেই। এটা তাঁর প্রাপ্যই। পরপর দুবার বাফুফের সভাপতি নির্বাচিত হয়েছেন। গত সোমবার দ্বিতীয় মেয়াদের নির্বাচনে অবশ্য ভোটাভুটিতে যেতে হয়নি। এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাজী সালাউদ্দিনের মাথায় উঠল এই মুকুট।নির্বাচনের পরদিন বিকেলে নির্বাচিত সবাইকে ডেকেছিলেন সালাউদ্দিন। মূলত পরিচিতি পর্ব। পুরোনো মুখ হারুনুর রশিদ, সিরাজুল ইসলামদের পাশাপাশি বসলেন সাবেক ফুটবলার আরিফ খান, ইকবাল হোসেন, বিজন বড়ুয়ারা। যেখানে সর্বকনিষ্ঠ তাবিথ আউয়াল। এই নির্বাচনে ৩৩ বছরের তরুণ দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছেন। এ যেন নবীন-প্রবীণের মেলবন্ধন।যথারীতি মধ্যমণি সালাউদ্দিন। পরিচিতি পর্বের আগে টিভি ক্যামেরা ঘিরে ধরল তাঁকে। ‘কী আর বলব’, ‘নতুন তো কিছু নেই’, ‘কয়েকটা দিন যাক তারপর বলব’, এটা বলার পরও নিস্তার মিলল না। ক্যামেরার সামনে কথা বলতেই হলো। সালাউদ্দিন কিছু প্রশ্নে ড্রিবলিং করে বেরিয়ে গেলেন। কিছু প্রশ্নে কথাই বলতে চাইলেন না। তবে একটা কথা বেশ জোর দিয়েই বললেন, ‘প্রতিশ্রুতি যা দিয়েছি, সবই পালন করব। ঢাকার বাইরের ফুটবল জাগাব। একাডেমির কাজ শুরু করব জুলাইয়ে। ১০-১৫ দিন পর পরিকল্পনা দেব।’ দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলে ঢাকায় ম্যানচেস্টার ইউনাইটেড এবং ম্যারোডোনার ক্লাব আল ওয়াসলকে আনবেন বলে ঘোষণা দিয়েছিলেন। সেটি স্মরণ করিয়ে দিয়ে এবার বললেন, ‘এখনো আনব না বলছি না।’আনুষ্ঠানিকভাবে কাজ শুরুর অপেক্ষায় নতুন কমিটি। অবশ্য নামে নতুন। ২১ সদস্যের নতুন কমিটির নির্বাচিত ১৮ জনের ১১ জনই পুরোনো। সদস্য পদে চারজনের ভোট সমান। উপনির্বাচনের মাধ্যমে বাকি তিনজন সদস্য আসবেন। সেখানে তিনজন আছেন নতুন মুখ। সহসভাপতি পদে জিতেও নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছেন বাদল রায়, ‘আমাকে হারাতে একটি মহল ভোটের আগের রাতে অনেক টাকা বিলিয়েছে। আমি ষড়যন্ত্রের শিকার। ক্রীড়াঙ্গনে থাকব কি না, ভেবে দেখতে হবে।’তবে বাফুফের গতবারের নির্বাচন যেমন প্রশ্নাতীত ছিল, এবার তা হয়নি। টাকার ছড়াছড়ি হওয়ায় এই নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ। এই নির্বাচনে অনেক অভিজ্ঞ সংগঠক হেরেছেন। মনজুর হোসেন, শওকত আলী খানরা দীর্ঘদিন ধরে সংগঠক হিসেবে আছেন। বাফুফের গত কমিটির এ কর্মকর্তারা এবারও সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। হারলে বিরুদ্ধে বলতে হবে, এ সংস্কৃতি আছে বাংলাদেশে। সেটা মনে রেখেই শওকত আলী খান কাল বললেন, ‘সত্যিকারের সংগঠকদের জন্য ক্রীড়াঙ্গনে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। নির্বাচনের মানদণ্ডই বদলে গেছে। যেভাবে নির্বাচনটা হলো তাতে নিজেকে অসহায় লেগেছে। তবে হারলেও নৈতিকভাবে আমার জয় হয়েছে। কারণ, আমি অনৈতিক কিছু করিনি।’কমিটি এখনো কাজ শুরু করেনি। তাই এখনই বেশি কিছু বলতে রাজি নন জ্যেষ্ঠ সহসভাপতি পদে হেরে যাওয়া শেখ রাসেলের সভাপতি নূরুল আলম চৌধুরী। তবে নির্বাচন নিয়ে ক্ষুব্ধ তিনিও, ‘ক্রীড়াঙ্গনের জন্য এ ধরনের নির্বাচন অশনিসংকেত। নির্বাচনী নৈতিকতা বলতে বোঝায়, সবই উঠে গেছে।’ সদস্য পদে হেরেছেন শফিকুল ইসলাম। মুক্তিযোদ্ধার কোচ বলেছেন, ‘শুনেছি, নির্বাচনে টাকার ছড়াছড়ি হয়েছে। ভোটারদের নীতি বিসর্জন দেওয়া ভালো লক্ষণ নয়।’বাইরে থেকে নতুন কমিটি ভালোই হয়েছে বলে মনে করেন ফুটবল বিশ্লেষক গোলাম সারোয়ার (টিপু)। তবে বৃক্ষ তোর নাম কী, ফলেই পরিচয়। ফুটবলে গত কমিটির চেয়ে ভালো কমিটি ইতিহাসেই আসেনি। সেই কমিটিও প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি পুরোপুরি। টিপু বলছেন, ‘মূলত জেলার ফুটবল নিয়েই সবার অঙ্গীকার ছিল। সেসব এখন পূরণের পালা।’নির্বাচিত কর্মকর্তাদের কণ্ঠে আশার গান। জ্যেষ্ঠ সহসভাপতি সালাম মুর্শেদীর কথা, ‘পুরোনো-নতুন মিলিয়ে মিশ্র একটা টিম হয়েছে। সামগ্রিকভাবে ভালো কমিটিই এল। ঢাকার বাইরের প্রতিনিধিত্ব বেড়েছে। এখন কাজ করতে হবে।’শেষটাই হচ্ছে শেষ কথা—এখন কাজ করতে হবে।