সব প্রশ্নের উত্তর মিলবে কাল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের  ক্রিকেটের অন্ধকার জগৎ
বাংলাদেশের ক্রিকেটের অন্ধকার জগৎ

অপেক্ষা কখনো কখনো মধুরও হয়। কিন্তু এই অপেক্ষা যন্ত্রণার। বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএলে ফিক্সিংয়ের তদন্তে উন্মোচিত বাংলাদেশের ক্রিকেটের অন্ধকার জগৎ বিমূঢ় করে দিয়েছিল এ দেশের মানুষকে। এর পর থেকেই অপেক্ষা। অপেক্ষা আইসিসির দুর্নীতি দমন বিভাগের (আকসু) তদন্ত প্রতিবেদনের। মোহাম্মদ আশরাফুল তো স্বীকারোক্তি করে নিষিদ্ধই হয়েছেন। আর কারা জড়িত এই অপকর্মে? বিপিএলের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেটেও ফিক্সিংয়ে জড়িত থাকার যে স্বীকারোক্তি দিয়েছেন আশরাফুল, কতটা গভীরে সেই শিকড়?আগামীকালই সম্ভবত পাওয়া যাবে এসব প্রশ্নের উত্তর। বিপিএলে ফিক্সিং নিয়ে আকসুর চূড়ান্ত তদন্ত প্রতিবেদন নিয়ে আজ সন্ধ্যায় ঢাকায় আসছেন আইসিসির শীর্ষ কর্মকর্তারা। আইসিসির প্রতিনিধিদলে থাকবেন প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন, আকসুর প্রধান ওয়াই পি সিং, আইনি বিভাগের প্রধান ইয়ান হিগিন্স ও প্রধান যোগাযোগ কর্মকর্তা সামিউল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও প্রধান নির্বাহীর সঙ্গে আলোচনার পর আগামীকাল সংবাদ সম্মেলন করে আলো ফেলবেন তাঁরা বাংলাদেশের ক্রিকেটের অন্ধকার জগতে। বিপিএলে ফিক্সিং নিয়ে আকসুর তদন্তের সারাৎসার এই সংবাদ সম্মেলনেই প্রকাশ করার কথা। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের কেলেঙ্কারিও এতে উন্মোচিত হবে কি না, এ ব্যাপারে অবশ্য নিশ্চিত হওয়া যায়নি। কাল দুবাইয়ে আইসিসি সদর দপ্তরে যোগাযোগ করেও লাভ হয়নি। আন্তর্জাতিক অংশটুকুর অগ্রগতি নিয়ে অন্ধকারে আছে বিসিবিও। তবে একটি সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে শুধু বিপিএল-অধ্যায় নয়, আন্তর্জাতিক ক্রিকেট নিয়েও কথা হবে। নইলে আইসিসির প্রতিনিধিদলে শীর্ষস্থানীয় সব কর্মকর্তা থাকতেন না।

গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে বিপিএলের দ্বিতীয় আসরে ঢাকা গ্ল্যাডিয়েটরসের তিনটি ম্যাচ ছিল আকসুর দুই কর্মকর্তার আতশি কাচের নিচে। তা নিয়ে তদন্ত করতে গিয়েই কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসে। ওই তিন ম্যাচে ঢাকা গ্ল্যাডিয়েটরসের অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের স্বীকারোক্তিতে খুলে যায় ‘প্যান্ডোরার বাক্স’। জিজ্ঞাসাবাদের প্রথম দিনেই আশরাফুল গ্ল্যাডিয়েটরসের ফিক্সিংয়ে জড়িত থাকার কথা স্বীকার করেন। ফ্র্যাঞ্চাইজি মালিক সেলিম চৌধুরী ও তাঁর ছেলে শিহাব চৌধুরীর নির্দেশে ম্যাচ পাতানোর কথা স্বীকার করে স্পট ফিক্সিংয়ের সুনির্দিষ্ট কয়েকটি উদাহরণও দেন আশরাফুল। এতে জড়িয়ে যান বাংলাদেশের দুই আন্তর্জাতিক বোলার মাহবুবুল আলম (রবিন) ও মোশাররফ হোসেনও (রুবেল)। উঠে আসে আরও বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড়ের নামও।

বিবেকতাড়িত হয়েই হোক বা শাস্তি কম হবে ভেবে, পরদিন আশরাফুল স্বতঃপ্রণোদিত হয়ে আন্তর্জাতিক ক্রিকেটেও ফিক্সিংয়ে জড়িত থাকার কথা স্বীকার করেন। সঙ্গে এ-ও জানান, এই অন্ধকার জগতের সঙ্গে তাঁকে পরিচয় করিয়ে দিয়েছিলেন বাংলাদেশের সাবেক তিন ক্রিকেটার খালেদ মাহমুদ, খালেদ মাসুদ ও মোহাম্মদ রফিক। সুনির্দিষ্টভাবে বাংলাদেশের তিনটি ম্যাচের কথাও বলেন তিনি। ২০০৪ সালে ঢাকায় ভারতের বিপক্ষে বাংলাদেশের শততম ওয়ানডে, ২০১০ সালে ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট এবং শ্রীলঙ্কায় ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে স্পট ফিক্সিংয়ে জড়িত ছিলেন বলে তাঁর স্বীকারোক্তি ঝড় তোলে বাংলাদেশের ক্রিকেটে। এ তিনটি ঘটনার সঙ্গে প্রাসঙ্গিকভাবে নাম আসে বাংলাদেশের ওই তিন সাবেক ক্রিকেটারের। তিনজনই অবশ্য সেই অভিযোগ অস্বীকার করে আসছেন।

আন্তর্জাতিক অংশটুকু নিয়ে আইসিসি আলাদাভাবে তদন্ত করছে বলে জানানো হয়েছিল তখন। বিপিএলে ফিক্সিং নিয়ে তদন্তে আকসুর কর্মকর্তারা বেশ কয়েকবার বাংলাদেশে এসে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন। বাংলাদেশের বাইরেও কথা বলেছেন বিপিএলে খেলে যাওয়া অনেক বিদেশি খেলোয়াড়ের সঙ্গে। সেসবের ফলাফল জানতে এখন অধীর অপেক্ষায় বাংলাদেশের ক্রিকেট।