সব ফাঁস করে দেবেন হায়দার, পরিবারকে হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান ক্রিকেটে সমস্যা আরও ঘনীভূত হচ্ছে। নিরাপত্তার ভয়ে যুক্তরাজ্যে পালিয়ে অবসরের ঘোষণা দেওয়া উইকেটরক্ষক জুলকারনাইন হায়দার রোববার পাকিস্তান ক্রিকেটের দুর্নীতির সব তথ্য ফাঁস করার ঘোষণা দেওয়ায় এবার তাঁর পরিবারকে হুমকি দেওয়া হয়েছে। জুলকারনাইনের ভাই আকিল হায়দার আজ সোমবার রয়টার্সকে বলেন, ‘আজ জুলকারনাইনের স্ত্রী তিনটি ফোনকল পেয়েছেন। এর মধ্যে একটি গ্রিস ও দুইটি অজ্ঞাত স্থান থেকে আসা। উর্দু ভাষায় হুমকিতে বলা হয়, জুলকারনাইন কোনো তথ্য ফাঁস করে দিলে কঠিন পরিণতি ভোগ করতে হবে।’আকিল জানান, পাকিস্তানের ক্রিকেটে দুর্নীতি করে যারা টাকা নেয়, জুলকারনাইন তাদের নাম প্রকাশ করার ঘোষণা দেওয়ার পরই ফোন কলগুলো আসে। ফেসবুকে জুলকারনাইন বলেন, ‘যাঁরা আমার সম্পর্কে নেতিবাচক কথা বলছেন, আর পাঁচ দিন অপেক্ষা করলেই তাঁরা টের পাবেন। কারা পাকিস্তান ক্রিকেটে অবৈধভাবে টাকা অর্জন করেন, কারা করেন না, সবার নামই প্রকাশ করব আমি।’আকিল বলেন, ‘আমার বাবা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। কারণ ফোন কলগুলো আমরা বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছি। আমরা আমাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। এ পরিস্থিতিতে পুলিশের সহায়তা চেয়েছি আমরা।’