সব বাধা পেরিয়ে রুপালিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মে য়ে দে র  ফু ট ব ল
মে য়ে দে র ফু ট ব ল

শিল্পকলা ভবনের ঝলমলে নাট্যমঞ্চ। জনা ছয়েক কিশোরীর হাতে ফুটবল। প্রশিক্ষণপর্ব চলছে। দুই সঙ্গী নিয়ে হঠাৎই সেখানে ঢুকে পড়ল এক বখাটে তরুণ। ওই ছয় কিশোরীর একজন রুপালিকে সে ১২ বছর বয়সে বিয়ে করেছে জোর করে। দুই বছর বাদে সে স্বামীর দাবি নিয়ে রুপালিকে বাড়ি নিয়ে যেতে চায়। রুপালি তো বিয়েটাই মানে না, তথাকথিত বরের বাড়ি যাবে কি!রুপালির বান্ধবীরাও রুখে দাঁড়াল ওঁর সঙ্গে। বখাটেকে হার মানতে হলো শেষ পর্যন্ত। রুপালিদের নিয়ে এই নাটিকা পরতে পরতে একটা বার্তাই দিল, মেয়েরা এখন আর ঘরবন্দী নয়। ফুটবলে যেমন একজন একজন করে খেলোয়াড়কে কাটিয়ে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে হয়, রুপালিরা সেভাবে জয় করছেন বাল্যবিবাহ, ইভ টিজিংসহ নানা সামাজিক বাধার দেয়াল।

জাতীয় অনূর্ধ্ব-১৫ মেয়ে ফুটবলারদের জার্সি উন্মোচন। কাল শিল্পকলা একাডেমীর সংগীত ও নাট্যকলা মিলনায়তনে ষ প্রথম আলো
জাতীয় অনূর্ধ্ব-১৫ মেয়ে ফুটবলারদের জার্সি উন্মোচন। কাল শিল্পকলা একাডেমীর সংগীত ও নাট্যকলা মিলনায়তনে ষ প্রথম আলো

রুপালিদের রৌদ্রোজ্জ্বল দিন নামের এই নাটিকার মঞ্চায়ন দিয়ে প্ল্যান বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল ২০১৩-এর কার্যক্রম শুরু হলো কাল। দেশের প্রতিটি জেলায় ১৮ জনের দল গড়া হবে মেয়েদের নিয়ে। তারপর বিভাগীয় পর্ব শেষে জাতীয় প্রতিযোগিতায় আনা হবে বাছাইকৃত দলগুলোকে। ৭টি আঞ্চলিক পর্বে খেলা মাঠে গড়াবে আগামী ১ অক্টোবর। আগের যেকোনো মহিলা ফুটবল টুর্নামেন্টের চেয়ে এটিই বাফুফের মহিলা কমিটির অধীনে সবচেয়ে বড় আয়োজন। দুই বছরের এই কার্যক্রমে ১ কোটি ৩৮ লাখ টাকার আর্থিক সহযোগিতা দিচ্ছে শিশুদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান বাংলাদেশ। প্রতিষ্ঠানটি বাংলাদেশের মহিলা ফুটবলের সঙ্গে সম্পৃক্ত হয়েছে বছর তিনেক আগে। শুরুটা মেয়েদের স্কুল ফুটবল দিয়ে। তত দিনে অবশ্য আঁতুড়ঘর থেকে বেরিয়ে হামাগুড়ি দিতে শুরু করেছে বাংলাদেশের মেয়েদের ফুটবল।সেই ২০০৩ সালে মাঠে নামা মেয়েদের ফুটবল অনেক বাধা পেরিয়ে এখন অনেকটাই বিকশিত। ১০ বছরে কতটা এগোনো গেল, সেই বিতর্কে বক্তারা যাননি। শিল্পকলা একাডেমির মঞ্চে দাঁড়িয়ে প্ল্যান বাংলাদেশের মাঠ কার্যক্রমের পরিচালক দেবাশিস সাহা বরং আশার কথাই শোনালেন। বাফুফে মহিলা কমিটির চেয়ারম্যান সিরাজুল ইসলাম এবং ডেপুটি চেয়ারম্যান মাহফুজা আক্তারের কণ্ঠেও সেটিরই প্রতিধ্বনি।

এই উদ্যোগে যাঁর আগ্রহ সবচেয়ে বড় হয়ে উঠেছে, সেই কাজী সালাউদ্দিন সামনে তাকাচ্ছেন আরও। ‘রুপালিদের নাটিকা’জুড়ে মেয়েদের ফুটবলের এগিয়ে চলার প্রতীকী ছবিটাও আঁকলেন বাফুফে সভাপতি।