সব বাধা পেরিয়ে এখন শেষ লড়াই
‘ভাইয়া...একটা স্বর্ণ ভাইয়া...। আর একটি স্বর্ণ দেন ভাইয়া...।’প্রেসবক্সের পাশ দিয়ে যখন আমিনুল-এমিলিরা ভিআইপির তৃতীয় তলায় যাচ্ছেন, নিঃশ্বাস ফেলা দূরত্ব থেকে দর্শকের কথাগুলো কানে আসছিল। একটু আগে আমিনুলরা মাঠে যে জয়টা তুলে নিয়েছেন, সেটির এমন মাহাত্ম্য যে, আবার স্বপ্ন ভাসছে চারদিকে। আবার আশায় বাঁধা বুক।সবচেয়ে বড় আশায় বুক বাঁধছেন সম্ভবত জোরান জর্জেভিচ। বাংলাদেশের সার্বিয়ান কোচ মাঠে একবার নিজের বুক চাপড়াচ্ছেন, আরেকবার চিত্কার করে বলছেন...টাইগার...টাইগার। গণমাধ্যমকে দীর্ঘক্ষণ অপেক্ষায় রেখে দল নিয়ে ম্যাচের পরই চলে গেলেন ‘কুল ডাউনে’। এর পর ভদ্রলোক দেখালেন আরেক কাণ্ড—এই প্রতিবেদকের পিঠে একটা কিল বসিয়েই দাত-মুখ খিঁচিয়ে শুরু করলেন চিত্কার, ‘হেই ম্যান...লুক উই আর ইন ফাইনাল!’ফাইনাল মানে দক্ষিণ এশীয় গেমস ফুটবলের ফাইনাল। যাতে ষষ্ঠবারের মতো পা রাখল বাংলাদেশ। আগের পাঁচবার ছিল—১৯৮৪, ১৯৮৫, ১৯৮৯, ১৯৯৫, ১৯৯৯। এই পরিসংখ্যানের ভিড়ে সর্বশেষ ফাইনালটি আলাদা। বাংলাদেশ দক্ষিণ এশীয় গেমস ফুটবলে একমাত্র সোনা জিতেছিল তো ওই বছরই।১১ বছর পর আরেকটি গেমস ফুটবলের সোনা জয়ের হাতছানি। বাংলাদেশ দল সেটিকে চূড়ান্ত রূপ দিতে মরিয়া হয়ে ফাইনালে লড়ারই প্রতিশ্রুতি দিয়ে গেল। জয়ের আনন্দে অধিনায়ক আমিনুল সাংবাদিক-অরণ্যে বলে গেলেন, ‘খেলায় পুরো খুশি হতে না পারলেও ফাইনালে সেরাটা দেব।’১৯৯৯ ও ২০১০ ফাইনালের মধ্যে মিল থাকবে কি না, ৮ ফেব্রুয়ারি তা জানা যাবে। তবে এই দুবারের সেমিফাইনালই বাংলাদেশকে মিলিয়ে দিল আশ্চর্যজনকভাবে। কাঠমান্ডুতে ভারতকে হারিয়ে ফাইনালে গিয়েছিল বাংলাদেশ, এবারও তাই।সেবার গোল করেছিলেন ‘সুপার সাব’ শাহাজউদ্দিন টিপু, এবারও একজন বদলি খেলোয়াড়ের গোলেই পার হলো বাংলাদেশ—তৌহিদুল আলম ওরফে সবুজ।তৌহিদুল নামেন ৬১ মিনিটে। ০-০ স্কোরলাইনটা ৮৪ মিনিটে ১-০ করে দিলেন কক্সবাজারের মহেশখালীর ছেলে। ডান প্রান্ত থেকে দ্রুতগতিতে বক্সে ঢুকে নেওয়া আরেক বদলি স্ট্রাইকার মিঠুন চৌধুরীর শট ভারতীয় গোলরক্ষক গুরপ্রীত ধরতে পারেননি, বল সামনে পড়তেই ফাঁকায় দাঁড়ানো তৌহিদুল বাঁ পায়ের তীব্র শটে জড়িয়ে দেন জালে। আন্তর্জাতিক স্তরে প্রথম ম্যাচ খেলতে নেমেই গোল পেলেন তিনি।মাসখানেক আগে এই ভারতের কাছে সাফ ফুটবল সেমিফাইনালের ওই জঘন্য হারটা যে দর্শককে ক্ষুব্ধ করে তুলেছিল ভীষণ, সেই দর্শকই কাল আনন্দে আত্মহারা। এই সন্ধ্যাটা তাদের মনে থাকবে।ভারতীয় দলও ভুলতে পারবে না এই সন্ধ্যাটিকে। ম্যাচের পর ভারতের ম্যানেজার তনুময় বোসের কথাতেই তা বোঝা গেল। মুখে যদিও বললেন, ‘হয়ে গেছে...ছেলেরা চাপ নিতে পারেনি। আরও ভালো ফুটবল খেলা উচিত ছিল।’ ‘শ্রেয়তর দলের কাছে হার’ বলতেও দ্বিধায় ভুগলেন তনুময় বোস, ‘না, না, বাংলাদেশ খেলেছে নিজেদের মাঠে। অনেক সুবিধা ছিল। আমরা নিজেদের খেলাটা খেলতে পারিনি।’নিজেদের খেলাটা বাংলাদেশ দলও কি খেলতে পেরেছে? ম্যাচে যদিও একক প্রাধান্য নিয়ে খেলে গেছে, আক্রমণে চড়াও হয়েছে বেশির ভাগ সময়, তার পরও ভারতের এই অনূর্ধ্ব-১৯ দলকে হারাতে এতটা ঘাম ঝরা তো বাংলাদেশের জয়টাকে কষ্টার্জিত জয় আর কিছু বলতে দিচ্ছে না।ইউসুফের হেড ক্রসবারে লেগেছে, মামুনুলের দু-তিনটি শট বাইরে গেছে, এ ছাড়া আর গোলের নিশ্চিত সুযোগ বাংলাদেশ তেমন পায়নি। ভারতীয় রক্ষণ জায়গা ছাড়েনি, গোল খাওয়ার আগ পর্যন্ত গোলরক্ষক গুরপ্রীত ছিলেন নির্ভরতার প্রতীক।‘নির্ভরতার প্রতীক’ বাংলাদেশ গোলরক্ষক আমিনুল অবশ্য একবার গোল খেয়েই গিয়েছিলেন প্রায়। সামনে ড্রপ খাওয়া বল ধরতে পারেননি, সামনে ঘুর ঘুর করা ভারতের বিপজ্জনক স্ট্রাইকার জেজে লাল পেখুলা পা ছোঁয়ানোর আগেই ডিফেন্ডার মিন্টু শেখ গোললাইন থেকে কোনো রকমে বাঁচিয়েছেন।২০০৬ সাল থেকে এ পর্যন্ত একসঙ্গে থেকে ৩২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে ভারতীয় তরুণ দলটি। তারা এখানে হেরে গেলেও ব্রিটিশ কোচের অধীনে যে ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছে, সেই স্বাক্ষর তারা রেখে গেল। তা যাক, তবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে সেরা সাফল্যেরই স্বাক্ষর রাখতে চায় এবার বাংলাদেশ।বাংলাদেশ: আমিনুল, নাসির, ওয়ালি, মিন্টু শেখ, রেজাউল, আতিকুর, শাকিল (তৌহিদুল), মামুনুল, ইউসুফ, এনামুল (মিঠুন), এমিলি (কমল)।