সব বাধা পেরিয়ে ছুটছে বার্সা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যু ক্যাম্পে নিজেদের ভাগ্যটা এবারও বদলাতে পারল না অ্যাটলেটিকো মাদ্রিদ। ফ্যালকাও-জাদুতে যতই অন্য দল হয়ে উঠুক, বার্সার দুর্গে ঢুকে সেই অ্যাটলেটিকোই! লিগে সর্বশেষ পাঁচবারই ন্যু ক্যাম্প থেকে হেরে ফিরেছে অ্যাটলেটিকো। এবারও একই পরিণতি। লিওনেল মেসির জোড়া গোলে বার্সেলোনা জিতেছে ৪-১ গোলে। হারের হতাশা নিয়ে ঘরে ফেরার পাশাপাশি লিগ শিরোপাটাও হয়তো বার্সেলোনাকে দিয়ে গেল অ্যাটলেটিকো।পয়েন্ট তালিকা দিচ্ছে সেই ইঙ্গিতই। সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী যারা, সেই রিয়াল মাদ্রিদ ১১ পয়েন্টে পিছিয়ে ছিল আগেই। পরশু আবারও পয়েন্ট খুইয়েছে হোসে মরিনহোর দল। নিজেদের মাঠে ২-২ গোলে ড্র করেছে তলানির দিকের দল এসপানিওলের সঙ্গে। ফলে ১৬ ম্যাচ শেষেই বার্সেলোনার চেয়ে ১৩ পয়েন্টে পিছিয়ে পড়ল রিয়াল। দুই দলের শিরোপা দ্বৈরথের যে ইতিহাস, তাতে ১৩ পয়েন্টের ব্যবধান ঘুচিয়ে রিয়ালের পক্ষে লড়াইয়ে ফেরাটা প্রায় অসম্ভব। রিয়ালেরও এই বাস্তবতা অস্বীকারের জো নেই।রিয়ালকে বাদ দিলে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী বলতে আর কেবল অ্যাটলেটিকো। রিয়াল পিছিয়ে পড়লেও বার্সার কাঁধে তপ্ত নিঃশ্বাস ফেলেই এগোচ্ছিল মাদ্রিদের দলটি। হয়তো ১৯৯৫ সালের পর প্রথম লিগ শিরোপা জয়ের স্বপ্নও দেখতে শুরু করেছিল রিয়ালের প্রতিবেশীরা। কিন্তু পরশুর হারে সেই অ্যাটলেটিকোও এখন বার্সেলোনার চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে। ১৬ ম্যাচে ৪৬ পয়েন্ট বার্সার, অ্যাটলেটিকোর ৩৭, রিয়ালের ৩৩। পয়েন্ট তালিকার দিকে তাকিয়ে বার্সেলোনার খেলোয়াড়েরাও শিরোপাটা ন্যু ক্যাম্পেই দেখতে পাচ্ছেন। জেরার্ড পিকে যেমন বলছেন, ‘লিগের যে অবস্থা, তাতে শিরোপাটা আমরাই কেবল হারাতে পারি।’ যদিও পা এখনো মাটিতেই রাখছেন বার্সা ডিফেন্ডার, ‘আমরা খুবই ভালো অবস্থানে আছি। তবে আমাদের একটা ম্যাচও হারা যাবে না। যদি আমরা গা এলিয়ে দিই, বিপজ্জনক দিকটা হলো আমরা হয়তো দু-তিনটা ম্যাচ হেরে যাব। তখন আর আমাদের অগ্রগামিতা থাকবে না।’ কোচ টিটো ভিলানোভা আরও বেশি সাবধানী, ‘আরও অনেক পয়েন্টই জিততে হবে আমাদের। কিন্তু তা মোটেই সহজ নয়।’বার্সেলোনা-অ্যাটলেটিকোর দ্বৈরথটি ছিল মেসি-ফ্যালকাওয়ের দ্বৈরথও। তাতে বার্সেলোনা যেমন জিতেছে, জিতেছেন মেসিও। ম্যাচের শুরুতে অবশ্য এগিয়ে ছিলেন ফ্যালকাও এবং তাঁর দলই। প্রথম ৩০ মিনিট অ্যাটলেটিকো ছিল দুর্দান্ত। ৩১ মিনিটে প্রায় একক প্রচেষ্টার এক গোলে ফ্যালকাও এগিয়েও দেন অ্যাটলেটিকোকে। কিন্তু পাঁচ মিনিট পরই জাদুকরি এক গোলে বার্সাকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান ফুলব্যাক আদ্রিয়ানো। ৪৫ মিনিটে সার্জিও বুসকেটসের গোলে এগিয়ে যায় বার্সা। পরের গল্পটা শুধুই মেসির। ৫৭ ও ৮৮ মিনিটে ২ গোল করে অ্যাটলেটিকোকে শেষ করে দেন। এতে এ বছরে তাঁর গোল হয়ে গেল ৯০টি। এর আগে বার্নাব্যুতে সার্জিও গার্সিয়ার গোলে প্রথমে পিছিয়ে পড়ে রিয়াল। প্রথমার্ধের যোগ করা সময়েই অবশ্য সমতা ফেরান ক্রিস্টিয়ানো রোনালদো। ৪৮ মিনিটে ফ্যাবিও কোয়েন্ত্রাওয়ের গোলে এগিয়েও যায় রিয়াল। কিন্তু ম্যাচ শেষের দুই মিনিট আগে রিয়ালের জয়ের আশায় জল ঢেলে দেন আলবিন। এএফপি।