সব বাধা পেরিয়ে শুরুর ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাত্মা গান্ধীর জম্মদিনে কাল অনেকটাই সুনসান ছিল দিল্লি শহর। বিপণিবিতান থেকে শুরু করে ছোট-বড় বেশির ভাগ দোকানই ছিল বন্ধ। এরই মধ্যে শহরের প্রাণকেন্দ্র নেহরু স্টেডিয়ামটি মহা ব্যস্ত। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হতে যাওয়া ১৯তম কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের আগের দিনের ছবিটা এমনই হওয়ার কথা।এ জন্য স্থানীয় আয়োজকেরা আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন। গেমস-পল্লি প্রস্তুত হয়নি, ওখানে সাপ-খোপের বাস—এমন অভিযোগ উঠেছিল এই সেদিনও। পাশেই ফুটওভারব্রিজ ভেঙে যাওয়ার খবরে পশ্চিমা দুনিয়ার একটা অংশ তো গেমসে আসতে বেঁকেই বসল। আয়োজনের অব্যবস্থাপনার এন্তার অভিযোগ মাথায় নিয়ে শেষ পর্যন্ত ভালোয় ভালোয় যে গেমসটা শুরু করতে পারছে দিল্লি, সেটাই এখানে সবচেয়ে বড় আলোচ্য। মাঠের লড়াই এখন পর্যন্ত পেছনের পাতায়।৭১টি দেশের ৬৭০০ অ্যাথলেট নিয়ে গেমসটার যাত্রা করার কথা। তবে গতকাল পর্যন্ত ৫৮০০ জন অ্যাথলেট এসেছেন বলে খবর। সবাই এলে এটি যে কমনওয়েলথ গেমসের ইতিহাসে সর্ববৃহৎ গেমস হবে, তাতে আর কারও সংশয় নেই। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, জ্যামাইকা, গায়ানা, দক্ষিণ আফ্রিকা...বড় বড় এই নামের সঙ্গে বাংলাদেশের নামও আছে। এই গেমসে আছে লাল-সবুজও।অলিম্পিকের সঙ্গে তুলনীয় হওয়ার প্রশ্নই আসে না, তবে অ্যাথলেট সংখ্যার বিচারে অলিম্পিকের পর সবচেয়ে বড় গেমস এটিই। কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করতে যে গেমসের জন্ম ১৯৩০ সালে, সেটিই এখন এই গোত্রভুক্ত দেশগুলোর সর্ববৃহৎ মিলনমেলা। এবার গেমসে থাকছে ১৭টি খেলা—অ্যাথলেটিকস, আর্চারি, সাঁতার, ব্যাডমিন্টন, বক্সিং, সাইক্লিং, জিমন্যাস্টিকস, হকি, লন বোল, নেটবল, রাগবি সেভেন, শ্যুটিং, স্কোয়াশ, টেবিল টেনিস, টেনিস, ভারোত্তোলন ও কুস্তি। সব খেলাই হবে দিল্লিতে।আগের থেকে ভালো কিছু নিয়ে দেশে ফেরার আকাঙ্ক্ষায় বাংলাদেশ দল। কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পক্ষে অবশ্য পদক জিতেছে শ্যুটিং। ১৯৯০ সালে অকল্যান্ড কমনওয়েলথ গেমসে আতিকুর রহমান ও আবদুস সাত্তার (নিনি) দলীয় ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতেছিলেন। ২০০২ ম্যানচেস্টার কমনওয়েলথে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জেতেন সেই সময় ১৬ বছর বয়সী কিশোর আসিফ হোসেন খান। গতবার সোনা না এলেও দলীয় রুপা এসেছে। শ্যুটিং দলকে ঘিরে এবারও আবর্তিত হচ্ছে বাংলাদেশের সব আশা।স্থানীয় কাগজগুলোয় সমালোচনার ঝড় থেমে গেছে। ছাপা হচ্ছে অ্যাথলেটদের নিয়ে নানা প্রতিবেদন, তবে তা ভারত-অস্ট্রেলিয়া টেস্টকে টেক্কা দেওয়ার মতো নয়। স্থানীয় এক ইংরেজি দৈনিকের প্রথম পাতায় ওই টেস্টেরই বড় একটা ছবি। ভেতরের পাতায় অবশ্য অ্যাথলেটদের ভুভুজেলা বাজানো, কানাডিয়ান তারকা ক্যাটারিনা রোক্সনকে নিয়ে বড় একটা প্রতিবেদন চোখ কাড়ার মতো। ‘২০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে বিশ্বরেকর্ডধারী ক্যাটারিনা যেন নিজের বাড়িতে এলেন’, প্রতিবেদনের মূল প্রতিপাদ্য বেশ হূদয়গ্রাহী। তাঁর পূর্বপুরুষ কেরালার বাসিন্দা, ভারত তো ‘দ্বিতীয় বাড়ি’ই হয়।এভাবে ১৪ অক্টোবর পর্যন্ত অনেকের কাছে দিল্লি হয়ে উঠবে ‘দ্বিতীয় বাড়ির মতো’। ২৭২টি সোনার লড়াইয়ে অবতীর্ণ হবেন অ্যাথলেটরা, তাঁদের সুন্দর কিছু মুহূর্ত উপহার দিতে দিল্লির আয়োজকেরা শেষ মুহূর্তে কাজের গতি বাড়িয়ে দিয়েছেন অনেক। রাস্তায় রাস্তায় ঝোলানো হয়েছে গেমসের ব্যানার।আগামী কয়েকটা দিন এই ব্যানারগুলো নিরুচ্চারণে আওড়াতে থাকবে একটা স্লোগান, ‘কাম আউট অ্যান্ড প্লে’।