
৩০ মে,২০০২। উদ্বোধনী ম্যাচের আগের সন্ধ্যায় সংবাদ সম্মেলনে ব্রুনো মেটসুর মুখ থেকে ‘হুমকি গোছের’ কিছু কথা শোনার প্রতীক্ষায় ছিলেন ফ্রান্সের তাবৎ সাংবাদিক। কিন্তু সেনেগালের ফরাসি কোচ কোনোভাবেই ওদিকটায় ঘেঁষলেন না। তিনি বারবার ফ্রান্সের গুনগান গেয়ে গেলেন। ওরা বড় দল, জিদান নেই তো কী হয়েছে? ওদের দ্বিতীয় দলের সঙ্গেও পেরে ওঠা কঠিন। বোঝা গেল, নিজের দলের ওপর অহেতুক চাপ তিনি ডেকে আনতে চাইছেন না।
কিন্তু কান পাতলেই ফ্রান্স শিবিরে কেমন একটা অমঙ্গল বাতাস টের পাওয়া যাচ্ছিল। সেনেগাল দলটির নাম মুখে আসতেই কেমন স্নায়ুকাতর হয়ে যেতে দেখলাম ফরাসি সাংবাদিকদেরই।
পরদিন সিউলের বিশ্বকাপ স্টেডিয়ামে ঘটল সেই অঘটন। বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স হেরে গেল সেনেগালের কাছে। দুর্দান্ত এক পাল্টা-আক্রমণে ৩০ মিনিটে গোল করলেন পাপা বৌবা দিয়ুপ। দ্বিতীয়ার্ধে খালিলু ফাদিগার একটা শট ক্রসবারে লেগে না ফিরলে ব্যবধান হতো ২-০। কিন্তু তাতে কী আর এসে গেল! ১-০ গোলে জিতেই তো ইতিহাস গড়ল ব্রুনো মেটসুর সেনেগাল, যাদের আফ্রিকান নাম টেরাঙ্গার সিংহ দল। জয়ের পর মেটসুর তাৎক্ষণিক প্রতিক্রিয়াটা দেখতে পাইনি ডাগ-আউটটা প্রেসবক্সের সামনে হওয়ায়। খানিক পর মেটসুকে দেখলাম বৌবা দিয়ুপ, হাজি দিয়ুপ, ফাদিগাদের কাঁধে।
বিশ্ব চ্যাম্পিয়নরা শিরোপা ধরে রাখার অভিযানে এসে আগেও উদ্বোধনী ম্যাচে হেরেছে। সেনেগালের এই কীর্তি নতুন নয়। কিন্তু মেটসু এরপর যা করলেন তা নতুন। বিশ্বকাপে প্রথম তুলে এনেই আফ্রিকার প্রথম দল হিসেবে সেনেগালকে নিয়ে গেলেন কোয়ার্টার ফাইনালে। গ্রুপ পর্বে বাকি দুটি ম্যাচেই ড্র করল সেনেগাল। ডেনমার্কের সঙ্গে ১-১, উরুগুয়ের সঙ্গে ৩-৩। দ্বিতীয় রাউন্ডে সুইডেনকে হারাল অতিরিক্ত সময়ে (২-১)। সেমিফাইনালটাও ছিল হাত মেলানো দূরত্বে। অতিরিক্ত সময়ে তুরস্ক একমাত্র গোলটি করে ভেঙে দেয় স্বপ্ন। সেমিফাইনালে না যেতে পারলেও ২০০২ বিশ্বকাপে সেনেগাল যা করেছে, আজও তা ফুটবলের এক অমর রূপকথা। এটি চিরদিন থাকবে। কিন্তু এই রূপকথার রচয়িতা চলে গেলেন পৃথিবী ছেড়ে, ১৫ অক্টোবর, মঙ্গলবার। ক্যানসারের সঙ্গে খেলায় নতুন কীর্তি গড়তে পারলেন না! কোনো রণকৌশল হাতে নেওয়ার সময়ই পাননি। বয়সটা লড়াইয়ে নামার জন্য খুব বেশি তো ছিল না, ৫৯ বছর।
দুবাইয়ের ক্লাব আল ওয়াসলে ডিয়েগো ম্যারাডোনার উত্তরসূরি হয়ে আসেন গত বছর জুলাইয়ে। এসেই কেমন যেন শারীরিক দুর্বলতা বোধ করতেন। অক্টোবরে গেলেন চিকিৎসকের কাছে। ধরা পড়ল ক্যানসার, বৃহদান্ত্রে। কালব্যাধিটা তখন একেবারেই জয়ের দোরগোড়ায়। চিকিৎসক সময় দিয়েছিলেন, ‘তিন মাস।’ তবে লড়াকু মেটসু, জীবনকে নতুন চোখে দেখতে শেখা ফরাসি ফুটবল কোচ পৃথিবীতে বেশি কাটিয়ে গেলেন আরও কয়েকটি মাস।
আজ ফুটবলের গোটা পৃথিবীরই মেটসুর জন্য মন খারাপ। কিন্তু কেমন কোচ ছিলেন তিনি? কাঁধ পর্যন্ত ঢেউ খেলানো সোনালি চুল। নীল চোখ, গৌর বর্ণ, একেবারে ‘গৌরাঙ্গ-দর্শন’। পরনে হাল ফ্যাশনের স্যুট। এ রকম একজনকে কোচ হিসেবে দেখতে অভ্যস্ত নয় বিশ্ব ফুটবল। প্রথাবিরোধীই ছিলেন। ট্যাকটিকসের জটিলতায় বিশ্বাস করতেন না। বলতেন, ফুটবল শুধু ট্যাকটিকসের খেলা নয়। এটা খেলতে হয় হূদয় দিয়ে।
প্রথম জীবনে ডানকার্কের ডকইয়ার্ডে বার্তাবাহকের কাজ করতেন বলে মানুষের কাছে সঠিক বার্তাটি কীভাবে পৌঁছে দিতে হয় সেটি বোধ হয় জানতেন। তাই সেনেগালের সিংহদের উজ্জীবিত করতে পেরেছিলেন যথার্থ। তাঁর কাছে আসল ছিল খেলোয়াড়দের উজ্জীবিত রাখা। দক্ষিণ কোরিয়ায় তাঁর ফ্রান্স-বধ পর্বে দলকে খেলিয়েছিলেন ৩-৫-২ ছকে। মাঝমাঠে খেলোয়াড় বাড়িয়ে রজার লেমেরের ফ্রান্সকে রেখেছিলেন অকেজো করে। ম্যাচ শেষে ফ্রান্স কোচ স্বীকার করেছিলেন, মেটসুর দল তাঁর দলকে খেলার কোনো সুযোগ দেয়নি। সব সময় খেলোয়াড়দের পাশে থাকতেন। বিশ্বকাপ শুরুর সপ্তাহ খানেক আগে উইঙ্গার খালিলু ফাদিগা সিউলের এক জুয়েলারি শপ থেকে সোনার হার চুরি করতে গিয়ে ধরা পড়েন। অন্য কোনো কোচ হলে পত্রপাঠ ওই খেলোয়াড়কে পাঠিয়ে দেওয়া হতো দেশে। কিন্তু মেটসু তা করেননি। সেনেগালের সঙ্গে আত্মিক সম্পর্ক গড়ে তুলতে বিয়ে করেছিলেন স্থানীয় এক তরুণীকে, নাম রোখাইয়া দাবা এনদিয়াই। ধর্মান্তরিত হয়ে নাম নিয়েছিলেন আবদুল করিম। সেনেগালের ফুটবলসমাজ যদিও তাঁকে ডাকত ‘সাদা ওঝা’ নামে।
সেই সাদা ওঝা নিজের জীবনেই কোনো তুকতাক কাজে লাগাতে পারলেন না!