সব মিলিয়ে ভালোই শুরু সিদ্দিকুরদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তখনো কোর্সে নামেননি সিদ্দিকুর। অপেক্ষা করছিলেন প্রথম ‘টি’র জন্য। গলফের লড়াইয়ে নামার আগে বাংলাদেশের সেরা গলফার কিছু দরকারি কথা সেরে নিলেন স্ত্রীর সঙ্গে। কাল দুপুরে কুর্মিটোলা গলফ ক্লাবে l শামসুল হক
তখনো কোর্সে নামেননি সিদ্দিকুর। অপেক্ষা করছিলেন প্রথম ‘টি’র জন্য। গলফের লড়াইয়ে নামার আগে বাংলাদেশের সেরা গলফার কিছু দরকারি কথা সেরে নিলেন স্ত্রীর সঙ্গে। কাল দুপুরে কুর্মিটোলা গলফ ক্লাবে l শামসুল হক

ঘড়ির কাঁটা পেরিয়ে গেছে দুপুর ১২টা। সূর্যটা ঠিক মাথার ওপর। এই সময়েই কুর্মিটোলা গলফ ক্লাবের প্রায় মাঝামাঝি জায়গায় ভিড় জমল। ভিড়টা এক নম্বর হোলের টি-গ্রাউন্ডকে ঘিরে। একটু পরেই যে এখান থেকে যাত্রা শুরু করবেন সিদ্দিকুর রহমান!
সময়সূচির সঙ্গে মিলিয়ে ঠিক ১২টা ২৫ মিনিটেই শুরু হলো দ্বিতীয় বসুন্ধরা বাংলাদেশ ওপেনে সিদ্দিকুরের অভিযান। শুরুটা অবশ্য ভালো হলো না। প্রথম হোলে বগি করে ফেললেন বাংলাদেশের সেরা গলফার। গতবার শেষটা ভালো না হলেও বার্ডি দিয়েই শুরু হয়েছিল সিদ্দিকুরের। এবার হলো উল্টোটা। দিন শেষেও গতবারের উল্টো ফল। গতবার ঝড়-বৃষ্টিকে সঙ্গী করে প্রথম দিনে পারের চেয়ে ১ শট বেশি খেলেছিলেন, এবার প্রথম দিনটা সিদ্দিকুর শেষ করলেন পারের চেয়ে ৩ শট কম খেলে। প্রথম রাউন্ড শেষে আরও ৮ জনের সঙ্গে যৌথভাবে ১৪ নম্বরে তিনি। অন্য ৮ জনের মধ্যে বাংলাদেশেরই তিনজন—জীবন আলী, আবদুল মতিন ও জামাল হোসেন। ঘরের মাঠের চেনা কোর্সে বাংলাদেশের শুরুটা খারাপ হয়নি। কাল পারের চেয়ে কম শট খেলেছেন বাংলাদেশের আরও তিন গলফার—মোহাম্মদ সাইয়ুম (-২), বাদল হোসেন (-১) ও শাখাওয়াত সোহেল (-১)।
প্রথম রাউন্ড শেষে পারের চেয়ে ৭ শট কম খেলে যৌথভাবে সবার ওপরে জাপানের শুনিয়া তাকেয়াসু ও দক্ষিণ কোরিয়ার সুমিন লি। কাল দুজনই কাটালেন বগিহীন একটি রাউন্ড।
রিও অলিম্পিককে পাখির চোখ করা বাংলাদেশের গলফার সিদ্দিকুর অবশ্য বগি করেছেন ৩টি, বার্ডি ৬টি। ১৮ নম্বর হোলসহ আরও গোটা তিনেক বার্ডি অল্পের জন্য ফসকে গেছে। তবে দিন শেষে এ নিয়ে আফসোস করেননি সিদ্দিকুর, গতবারের স্মৃতি মনে করে পারের চেয়ে ৩ শট কম নিয়েই খুশি এই গলফার, ‘সত্যি বলছি, দিনটা দারুণ উপভোগ করেছি। গতবার তো প্রচণ্ড পিঠের ব্যথা নিয়ে খেলতে হয়েছিল। এবার ওই সমস্যা থেকে প্রায় মুক্ত। সব মিলিয়ে আমি খুব খুশি।’
পিঠের ব্যথাটা কমলেও এখনো একটানা ১০-১৫ মিনিটের বেশি অনুশীলন করতে পারেন না। সিদ্দিকুর আশাবাদী, আগামী দু-এক মাসের মধ্যে পুরোদমে অনুশীলন শুরু করতে পারবেন। বাংলাদেশই চায় পুরোপুরি ফিট সিদ্দিকুরকে।