সব ম্যাচ জিততে এসেছে উইন্ডিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিস গেইল নেই ওয়েস্ট ইন্ডিজ দলে। থাকলে এবার টুইটারে কী লিখতেন? ‘ফিরে এলাম সেই ঢাকায়’ জাতীয় কিছুই নিশ্চয়ই?বিশ্বকাপ খেলতে ওয়েস্ট ইন্ডিজের ঢাকা সফরটা সুখকর ছিল না বাংলাদেশ দলের জন্য। মাঠে ৫৮ রানে অলআউটের লজ্জা, মাঠের বাইরে গেইলের সেই আলোড়ন ফেলে দেওয়া টুইট। ব্যাট হাতে দারুণ সাহসী হলেও টিম বাসে ঢিল খেয়ে ভীষণই ভয় পেয়ে গিয়েছিলেন ক্যারিবীয় এই ক্রিকেটার।ড্যারেন স্যামির নেতৃত্বে কাল রাতে অবশ্য ওয়েস্ট ইন্ডিজ দল ঠিকঠাকভাবেই ঢাকা পৌঁছেছে। কয়েকজন খেলোয়াড় আসেননি এই বহরের সঙ্গে। সহকারী কোচের সঙ্গে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর হয়ে চ্যাম্পিয়নস লিগ খেলা পাঁচ ক্রিকেটারের ঢাকায় আসার কথা আজ বিকেলে।হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতেই ৫৮-এর প্রসঙ্গ সামনে চলে এল ওয়েস্ট ইন্ডিজ দলের ম্যানেজার রিচি রিচার্ডসনের। সুখস্মৃতিটা ভুলে যাওয়ার কারণ নেই তাঁর। তবে সেটাকে ধরে নিচ্ছেন অতীত হিসেবেই, ‘কোনো ভালো দলকে ৫৮ রানে অলআউট করে দেওয়াটা সব সময়ই ভালো। এই সুখস্মৃতি থাকবে। তবে এটা একদমই নতুন একটা সিরিজ।’ নতুন সিরিজে প্রতিপক্ষকেও নতুনভাবেই নিচ্ছেন রিচার্ডসন, ‘বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না। তবে এখানে আমরা প্রতিটি ম্যাচই জিততে চাই। আমাদের প্রস্তুতিও যথেষ্ট ভালো।’আজ সকালেই অনুশীলনে নেমে পড়বে ওয়েস্ট ইন্ডিজ দল। সিরিজ শুরুর আগে নতুন করে বাংলাদেশের কন্ডিশন বুঝতে দলটা সময় পাচ্ছে এক সপ্তাহেরও কম। এর মধ্যেই বিসিবি একাদশের বিপক্ষে ফতুল্লা স্টেডিয়ামে দুটি এক দিনের প্রস্তুতি ম্যাচ ৭ ও ৯ অক্টোবর। ১১ অক্টোবর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দিবারাত্রির টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ।আগের দিন সন্ধ্যায় প্রস্তুতি ম্যাচ ছিল। ওয়েস্ট ইন্ডিজ ঢাকায় আসার দিনটা তাই বিশ্রামেই কাটিয়েছে বাংলাদেশ দল। আজ অনুশীলন করে কাল শেষ টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলবে ফতুল্লা স্টেডিয়ামে। পর্যাপ্ত প্রস্তুতির অভাবকে জিম্বাবুয়ে সিরিজের ব্যর্থতার একটা কারণ মনে করা হয়। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে সে কারণেই প্রস্তুতি ম্যাচের ওপর বেশি জোর দেওয়া হয়েছে। প্রস্তুতিমূলক টুর্নামেন্ট বিসিবি কাপের পর একটা চার দিনের ম্যাচ ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ—কোনো সিরিজের আগে প্রস্তুতির জন্য এত বেশি ম্যাচ কমই খেলেছে বাংলাদেশ দল।প্রধান নির্বাচক আকরাম খান বেশি বেশি ম্যাচ প্র্যাকটিসের একটা ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন, ‘জিম্বাবুয়ে থেকে আসার পর দল যে অবস্থায় ছিল এখন তার চেয়ে অনেক ভালো অবস্থায়। প্রস্তুতি ম্যাচগুলোয় অনেকের ব্যক্তিগত পারফরম্যান্স খুব ভালো। বেশ কয়েকটা ম্যাচ খেলায় এবং ভালো পারফর্ম করায় তারা আত্মবিশ্বাসী থাকবে।’প্রধান নির্বাচকের আভাস সত্যি হলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নিজেদের চেনা উইকেটই পাচ্ছে বাংলাদেশ দল। আগে ব্যাট করলে এই উইকেটে ২৪০-২৫০ রানকে নিরাপদ মনে হচ্ছে আকরামের কাছে, ‘এই উইকেটে ২৪০-৫০ রান করে আমরা বড় বড় দলের সঙ্গে ফাইট দিয়েছি। ম্যাচ জিতেছি। আমার মনে হয়, এবারও আড়াই শ রান লড়ার মতো স্কোর হবে। ৫০ ওভার ব্যাট করতে পারলে এটা না হওয়ার কোনো কারণ নেই।’ক্যারিবীয় লেগ স্পিনার দেবেন্দ্র বিশুকে মনে করা হচ্ছে বাংলাদেশ ব্যাটসম্যানদের জন্য বড় হুমকি। যদিও প্রধান নির্বাচকের মত ভিন্ন, ‘বিশু বিশ্বমানের স্পিনার সন্দেহ নেই। তবে আমার ধারণা, ওদের পেস বোলাররাই বেশি ভোগাবে আমাদের। কেমার রোচ-রামপল-এডওয়ার্ডসদের বলে সুইং-গতি দুটোই আছে। এখনকার দিনে এটা খুব কম দেখা যায়। জেতার মতো রান করতে হলে পেসারদের সতর্ক হয়ে খেলতে হবে।’ ড্যারেন স্যামির দলের বিপক্ষে ভালো কিছু পেতে দায়িত্বটা ব্যাটসম্যানদের ওপরই বেশি দিচ্ছেন আকরাম। সঙ্গে জোর দিচ্ছেন ফিল্ডিংয়েও, ‘ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা কোনো দিক দিয়েই দুর্বল নয়। ওদের অল্প রানে আটকাতে ভালো বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংটাও খুব ভালো চাই।’সিরিজের প্রথম ম্যাচটাই টি-টোয়েন্টি। বাংলাদেশের জন্য তাতে ভালোই হলো মনে করেন আকরাম। টি-টোয়েন্টি ম্যাচে ছোট দল-বড় দলের পার্থক্য কমে যায়। তার ওপর মুশফিকুর রহিমের দল ম্যাচটা খেলবে নিজেদের মাঠে, গ্যালারিভর্তি নিজেদের দর্শকদের সামনে। জয় দিয়ে সিরিজ শুরুর সম্ভাব্য সমীকরণ তো আঁকাই যায়! ‘বাংলাদেশ জিতুক সব সময়ই চাই। আমাদের ছেলেরা স্বাভাবিক খেলাটা খেলতে পারলে কোনো ম্যাচেই জয় অস্বাভাবিক নয়’—আশা প্রধান নির্বাচকের।আকরামের আশা পূরণ হলে অধিনায়কত্বের পথে মুশফিকের যাত্রাটাও হয় জয়ধ্বনি দিয়ে। নতুন অধিনায়ককে এই উপহারটা দিতে পারবে বাংলাদেশ?